জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে গত ক বছরে কখনো এত ঘটা করে নবীনবরণ অনুষ্ঠিত হতে দেখেননি শিক্ষার্থীরা। তাই নবীনবরণের আগে থেকেই শিক্ষার্থীদের মনে আলাদা রকম একটা উৎসাহ ছিল। বলছিলেন সমাজবিজ্ঞান বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী আইরিন।১৯ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে সমাজবিজ্ঞান বিভাগ অষ্টম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। সেই সঙ্গে বিভাগের নিজ উদ্যোগে দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করা হয় মঙ্গলপ্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে। এরপর বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোস্তফা হাসান। ধন্যবাদ জ্ঞাপন করেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ফরিদা আখতার খানম।একটি সমবেত গান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে নাচ, কবিতা আবৃত্তি, পুঁথিপাঠ, গান প্রভৃতির মাধ্যমে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন শিক্ষার্থীরা। প্রথম বর্ষের নবীন শিক্ষার্থী সানজিদা বলেন, ‘খুব ভালো লাগছে বড় ভাইয়া, আপু ও স্যার-ম্যাডামরা আমাদের বরণ করে নেওয়ার জন্য এত প্রস্তুতি নিয়ে একটি দারুণ অনুষ্ঠান সাজিয়েছেন।’সপ্তম ব্যাচের শিক্ষার্থী সোহেল রানা বলেন, ‘আমরা খুব আগ্রহ নিয়ে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম।’শেষ বর্ষের শিক্ষার্থী ধনঞ্জয়ের ‘এক যে ছিল সোনার কন্যা’, প্রথম বর্ষের শিক্ষার্থী বৃষ্টি ‘আমার মাঝে নেই এখন আমি’ এবং শেষের দিকে মার্কোসের ‘বন্ধু তুমি মোরে ভুইলা যাইয়ো না’ গানের তালে তালে শিক্ষার্থীরা আনন্দের জোয়ারে ভাসতে থাকেন। মান কুমারী পরিবেশন করেন আদিবাসী গান। এ ছাড়া সববেশ গান ও অন্যান্য পর্বে অংশ নেয় অনন্যা, বৃষ্টি, সুজন ও রহমান। আবৃত্তি করেন তানভীর ও আরিফুর। নাচে অংশ নেন শাম্মী, নাসীরন ও খেয়া। অনুষ্ঠানের শেষের দিকে অতিথি শিল্পী কিশোর গ্লডিয়াসের গানে মাতোয়ারা হয়ে যান শিক্ষার্থীরা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্বে ছিলেন সাদমান রহমান ও আইরিন রহমান।নবীনবরণ অনুষ্ঠানের প্রধান দায়িত্বে থাকা সহযোগী অধ্যাপক শিপ্রা সরকার পুরো অনুষ্ঠানকে এত সুন্দরভাবে সাজাতে তাঁকে সহযোগিতা করার জন্য বিভাগের সব শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ শুধু একটি বিভাগ নয়, একটি পরিবার। এই পরিবারে যাঁরা নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন, তাঁদের সবাইকে স্বাগত জানাই।