আজ আর ক্লাস নেই ফাহমিদা ও তার সহপাঠীদের। আজ শুধুই আনন্দে হারিয়ে যাওয়ার দিন। ওরা কলেজে ভর্তি হয়েছে তিন মাস আগে। ক্লাসও চলছে নিয়মিত। এরই মধ্যে বন্ধুও জুটে গেছে বেশ কজন। শায়লা, অহনা আর বিপাশা তাদের মধ্যে অন্যতম। সবাই মিলে তাই বসেছে একসঙ্গে। ক্লাস শুরু হলেও কলেজে এখনো নবীন তারা। আর তাই এই নবীনদের বরণ করে নিতে আনুষ্ঠানিকতাটা বাকি ছিল। সেই আনুষ্ঠানিকতা সারতেই আয়োজন করা হয় নবীনবরণ।বলছিলাম ঢাকা সিটি কলেজের কথা। মাধ্যমিকের পাট চুকিয়ে উচ্চমাধ্যমিকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করা হয় ১৩ অক্টোবর সিটি কলেজ ক্যাম্পাসে। অনুষ্ঠানের শুরুতেই কয়েক শ নবীন শিক্ষার্থীকে পুষ্পবৃষ্টিতে বরণ করে নেন কলেজের অগ্রজরা। এরপর মঞ্চে নতুন শিক্ষার্থীদের সামনে চলার পথ বাতলে দেন অতিথিরা। কলেজের অধ্যক্ষ শাহজাহান খান নতুনদের উদ্দেশ করে বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা পারে না, এমন কোনো কাজ নেই। যা কিছু ভালো তার সঙ্গে এখানকার শিক্ষার্থীদের সখ্য বেশি। আমি মনে করি, তোমরাও আগামী দিনে দেশের অর্জনে ভূমিকা রাখবে।’নবীন শিক্ষার্থী ওলি আহমেদ বলে, ‘আমরা কলেজে নতুন মুখ। তাই আনুষ্ঠানিকভাবে আমাদের কলেজে বরণ করে নেওয়াতে ভালো লাগছে।’ তার এই কথা ধরেই আরেক শিক্ষার্থী হাসান মাহমুদ বলে, ‘এখানে আমরা কলেজের পুরোনো অনেক ইতিহাস যেমন জানলাম, তেমনি জানলাম এ কলেজের শিক্ষার্থীদের গৌরবের কথা, যা আমাদের অনুপ্রাণিত করবে।’ আরেক শিক্ষার্থী তিথি তামান্না বলে, এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে। নাচ, গান ও আবৃত্তি নিয়ে এ রকম অনুষ্ঠান মাঝেমধ্যে হওয়া উচিত।’অনুষ্ঠানের শেষ দিকে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পর্ব। গান ছাড়াও ছিল নাচ। ‘ধিম তানা’ গানের সঙ্গে নেচে মঞ্চ মাতিয়ে তোলেন কলেজের বিবিএর শিক্ষার্থী স্বর্ণা। নাচে অংশ নেয় উচ্চমাধ্যমিকের দুই শিক্ষার্থী সুস্মিতা ও তুলনা।কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক বেতার উদ্দিন আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের এ রকম অনুষ্ঠান অনেক অনুপ্রেরণা জোগায়। পড়ালেখার পাশাপাশি তারা অন্যান্য কাজেও নিজেদের মেধা কাজে লাগাতে পারে। তাই আমরা প্রতিবছর এই আয়োজন করে থাকি।’