নতুনের কেতন ওড়াও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখ হেবৈশাখের প্রতি একটা পক্ষপাতিত্ব ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, বৈশাখে জন্মেছিলেন বলে। আমার পক্ষপাতিত্ব মাঘের প্রতি, এটি আমার জন্মের মাস সে জন্য। কিন্তু আমার পক্ষপাতিত্বের বিষয়টা শুধু বন্ধুবান্ধবকে জানাতে পারি। রবীন্দ্রনাথের মতো বিশ্বময় প্রচার করতে পারি না, যেহেতু আমি রবীন্দ্রনাথ নই। তার পরও মাঘে জন্ম নিলে কি তিনি বলতে পারতেন, ‘ওহে মাঘ, চির নতুনের মাস’, অথবা লিখতে পারতেন ‘ওই নতুনের কেতন ওড়াও শীত জর্জর মাঘ’ বা এ রকম কিছু? মাঘটা শীতের, স্থবিরতার, বার্ধক্যের। বৈশাখ চনমনে যৌবনের, টগবগে তারুণ্যের।অথবা সে রকমই আমরা জানি।কবিরা রহস্যময় মানুষ। তাঁরা তুফানের মধ্যে ধ্বংস দেখেন, আবার সৃষ্টিও দেখেন। একজন কবি, তা তিনি রবীন্দ্র-নজরুল-শেলী যিনিই হোন, কালবোশেখিতে লন্ডভন্ড একটি গ্রামে গিয়ে মানুষকে বলতে পারেন, ‘এই ধ্বংসের মাঝে খুঁজে নাও নবপ্রাণের উজ্জীবন।’ মানুষও তাঁদের কথা শুনে হয়তো কোমরে গামছা বেঁধে সেই উজ্জীবন খুঁজতে নেমে পড়বে। আমি-আপনি ওই কথা বললে পিটিয়ে গ্রামছাড়া করে দেবে। কবিদের এ রকম বলার এবং বলে নমস্য হওয়ার একটা অধিকার আছে, যাকে ইংরেজিতে বলা হয় পোয়েটিক লাইসেন্স। সরকারি দলের ক্যাডাররা যে রকম লাইসেন্স-পারমিট পেয়ে তিন বছরে শতপতি থেকে কোটিপতি হয়, সে রকম লাইসেন্স। বড় কবিদের লাইসেন্সের মেয়াদ ও কার্যকারিতা অনেক বেশি হয়। ফলে তাঁরা যা বলেন, তা আমাদের জানা-বোঝার বিপরীত হলেও আমরা তার প্রতীকী বা রূপক তাৎপর্য খুঁজে একটা দারুণ ব্যাখ্যা হাজির করে ফেলি। এ ব্যাপারে আমার মতো সাহিত্যের অধ্যাপকদের ভূমিকাটা খুব মূল্যবান। কবিরা সাহিত্যের অধ্যাপকদের পছন্দ করেন না। কিন্তু তাঁরা ছাড়া কবিদের ঠিক ব্যাখ্যা কে-ই বা দেবেন?বৈশাখ নিয়ে রবীন্দ্রনাথের দু-এক অনুধাবনক. হূদয় আমার, ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসেবেড়া-ভাঙার মাতন নামে উদ্দাম উল্লাসে(হায় হূদয়, বেড়া ভাঙলে নতুন বেড়া কেনার পয়সা কোথায়?)খ. এসো, এসো, এসো হে বৈশাখ।তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে(হায়, মুমূর্ষু যদি মাতা কিংবা পিতা হন?)গ. ওই বুঝি কালবৈশাখীসন্ধ্যা-আকাশ দেয় ঢাকিভয় কী রে তোর ভয় কারে, দ্বার খুলে দিস চার ধারে(হায়, দ্বার খুলে দিলে বৈশাখের সঙ্গে যদি নিশিকুটুম্ব ঘরে ঢোকে!) ইত্যাদি।তার পরও কবিরা সত্যদ্রষ্টা। বৈশাখ প্রকৃতই বেড়া ভাঙা আর মুমূর্ষু উড়িয়ে দেওয়ার মাস, আর কে না জানে, এই দেশটাতে এত নিষেধের, প্রতিষ্ঠানের, নিগড়ের-নিয়ন্ত্রণের বেড়া উঠেছে চারদিকে, এত দুষ্টক্ষতে পচনধরা মুমূর্ষু প্রথা আর প্রচলন আঁকড়ে ধরে আছে আমাদের পা, শুধু পেছনে টেনে নিতে চাইছে, আর এত আবর্জনা জমেছে সারা দেশে যে একটা বড় কালবোশেখি ছাড়া কে এসব উড়িয়ে নেবে? এই আবর্জনার তালিকায় আছে বৈশাখের দ্বিতীয় দিনের ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বত্র স্তূপীকৃত, টন টন আবর্জনা।পয়লা বৈশাখপ্রবল তাপে আর ভাপে পোড়া দিনটি আসলে কী যে রঙিন! একদিকে গনগনে আগুনমাখা আকাশ, অন্যদিকে সবুজ সব গাছ, কৃষ্ণচূড়া হিজল রুদ্র পলাশ। আর লাল-সাদা কাপড়ে প্রাণবন্ত মানুষ। সারা দেশে নববর্ষে রঙিন মানুষজন পথে নেমেছিল। আমার সামনে দিয়ে একটি করে জটলা গেছে হাসিখুশি রঙিন মানুষের, আর আমার নতুন করে বিশ্বাস জেগেছে—নতুনের জয় অনিবার্য।এই নতুন কদর্যতার, কুটিলতার, কুশ্রীতার বিরুদ্ধে; এই নতুন অসহিষ্ণু, কিছু একটা করতে অস্থির!এই কিছু একটা কী, নতুন ঠিক তা বোঝে না অনেক সময়।পয়লা বৈশাখ দু-এক পথে ঘুরে মনে হয়েছে যারা বোঝে, তারা নিজ নিজ অবস্থানে তৈরি হচ্ছে, অনেক অসাধ্য সাধন করছে অথবা করার জন্য প্রস্তুত হচ্ছে। তাদের জন্য দুই হাত তোলা অভিবাদন।যারা বোঝে না, তাদের একটা অংশ নিষ্ক্রিয়। তাদের বৈশাখের ঝড়ে পথে নেমে আসার আহ্বান জানাই। তারা পথ খুঁজে পাবে। যারা বোঝে না, তাদের আরেকটি অংশ ক্ষুদ্র অংশ, তার পরও যারা মেয়েদের বস্ত্র হরণ করেছে বৈশাখী আনন্দ মেলায়, তাদের জিভ এক পাশবিক লালসায় লিকলিকিয়ে উঠেছে।তাদের জন্য ধিক্কার। বৈশাখী ঝড়ে ওরা উড়ে গেলে খুশি হব যে ঝড় তাদের দলিত-মথিত করে আবার জীবনে ফিরিয়ে আনবে হয়তো বা।যারা বোঝে না, তাদের আরেকটি অংশ ক্ষুদ্র। তার পরও বৈশাখী বাণিজ্য করেছে বিভিন্ন ক্যাম্পাসে অর্বাচীনের মতো। ক্ষমতার দাপট দেখিয়েছে সারা দিন দুর্বলের ওপর।তাদের জন্যও ধিক্কার।আর প্রাণখোলা অভিবাদন সেই নতুনদের জন্য, বৈশাখী ঝড়ের ঝাপটার মতো যারা সারা দেশে ছড়িয়ে দিচ্ছে সৃষ্টিশীলতার উতল হাওয়া। প্রণোদনার প্রাণিত প্রবাহ।এই লেখাটি যখন বেরিয়েছে; যখন হাজার হাজার তরুণ ডুবছে রাজনীতি, অস্ত্রনীতি, পেশিনীতি আর নানা বিকৃতির অন্ধ গর্তে; তখন দুই যুবক, মুহিত আর মুসা যাদের নাম, আছে এভারেস্ট শৃঙ্গের পথে। তাদের দৃষ্টি ওই চূড়ান্ত শিখরে। ওখানে তাদের পৌঁছানোটা বড় কথা নয়, কিন্তু তাদের ওই চূড়ার দৃষ্টি যেন হয় আমাদের সবার দৃষ্টি।জয় হোক তারুণ্যভরা, পুলকিত, নিজেতে নিজেই পূর্ণ মাথা উঁচু করা, হার না-মানা, শিখরস্পর্শী নতুনের।