ক্যাম্পাসজুড়ে বর্ণিল সাজ। খরতাপের তীব্রতাকে হার মানিয়ে সবাই হাজির শিক্ষার্থীরা। চারদিকে নতুনের জয়ধ্বনি। নতুনকে বরণ করে নিতে বসেছে আনন্দ আয়োজন—নাচ-গান, আড্ডা। উৎসবের যেন রং ছড়িয়ে গেল পুরো ক্যাম্পাসে।সাদার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ২৩, ২৪ ও ২৫তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান ঘিরে ১০ জুন বসে এ আনন্দ আয়োজন। তিন পর্বের আয়োজনে প্রথমে ছিল আলোচনা সভা। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মো. জাকির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরোয়ার জাহান ও উপ-উপাচার্য মোহাম্মদ শরীফুজ্জামান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন মহিউদ্দিন খালিদ। এ সময় নবীনদের উদ্দেশে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পক্ষ হতে শুভেচ্ছা বক্তব্য দেন ইসরাত জাহান ও মাহমুদুল আমীন। এবার মূল আকর্ষণ। কাজী নজরুল ইসলামের ‘আলগা করো গো খোঁপার বাঁধন’ গানের সঙ্গে চম্পা দত্তের নৃত্য দিয়ে শুরু দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক পরিবেশনা। এরপর নৃত্যের রিনিঝিনি ছন্দ আর সুরের ভেলায় চড়ে যেন হারিয়ে যাওয়া। ‘মেঘের ওপারে’, ‘নীল আকাশ’, ‘রূপবান’, ‘রূম ঝুম ঝুম’ ও ‘স্বপ্নচলা’ গান এবং ‘ধিমতানা’, ‘চঞ্চলা মন’, ‘তোমার গরুর গাড়িতে’ ও ‘সোহাগ চাঁদ’ গানের সঙ্গে শিক্ষার্থীদের পরিবেশিত নৃত্যের ছন্দ জমিয়ে তোলে আয়োজন। অতঃপর কৌতুক নাটিকার মধ্য দিয়ে সমাজে আইনের অপব্যবহারকে উপস্থাপন করেন এনামুল রহিম ও ইশতিয়াক। ছিল পাঁচ মিশালি হিন্দি গানের সঙ্গে ফ্যাশন শো। মধ্যাহ্নভোজের বিরতির পর অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিল ব্যান্ডসংগীত। এতে গান পরিবেশন করেন চট্টগ্রামের তিনটি ব্যান্ড। শুরু হয় ‘সাসটেইন’ ব্যান্ড দলের ‘চাইতে পারো জোছনা’ গানটির মধ্য দিয়ে। তাঁরা একে একে ‘আলপনা’, ‘ইচ্ছেঘুড়ি’, ‘জীবনের কাব্য’সহ সাতটি গান করেন। এরপর মঞ্চ মাতাতে আসে ব্যান্ড ‘ত্রিসত্তা’। তারা গেয়ে শোনায়, ‘চুমকি চলেছে একা পথে’, ‘ডানপিটে’, ‘হতাশা’, ‘গোধূলি বেলা’সহ ১০টি গান। ত্রিসত্তার পর হিন্দি ও বাংলা গান গেয়ে সর্বশেষে মঞ্চ মাতিয়ে যায় ‘মেঘছায়া’। মেঘছায়ার গানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, ‘বড় আইনজীবী হওয়ার ইচ্ছা নিয়েই আমি এখানে ভর্তি হয়েছি। আজকের এই প্রাণবন্ত আয়োজন সেই ইচ্ছাশক্তিকে আরও গভীর করল।’ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নিশাত খান, পিয়াল হাসনাত ও তামান্না দিল আফরোজ।