নতুনের পথচলার শুরুতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠান। তাই দর্শকের কৌতূহলের ঘাটতি ছিল না। অনুষ্ঠান শুরুর আগেই থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনের (টিআইসি) সব আসন দখল হয়ে যায়। তবে শেষ পর্যন্ত শাস্ত্রীয় সংগীতের জমজমাট একটা আসর উপভোগ করার প্রত্যাশা পূরণ হয়নি দর্শকের। ১৯ জন শিল্পীর পরিবেশনায় অতিদীর্ঘ হয়ে পড়া সংগীত আসরটি সন্ধ্যা সাতটায় শুরু হয়ে শেষ হয় রাত সাড়ে ১০টায়। তার ওপর বিদ্যুৎবিভ্রাট ও সাউন্ড সিস্টেমে ত্রুটি বারবারই অনুষ্ঠানের রসভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছিল।৩১ আগস্ট শুক্রবার ‘বাংলাদেশ আর্টিস্ট ফাউন্ডেশন’ নামের নতুন এই সংগঠন যাত্রা করে। স্লোগান ছিল ‘শিল্পীর জন্য শিল্পী’। এমন স্লোগানের তাৎপর্য জানা গেল উদ্যোক্তাদের একজনের কথায়। তিনি জানালেন, সংগীতশিল্পীদের এমন একটা সংগঠনের প্রয়োজন ছিল। এই সংগঠন শিল্পীদের ঐক্যবদ্ধ ও দায়বদ্ধ করবে। পাশাপাশি দুস্থ শিল্পীদের পাশেও দাঁড়াবে।উচ্চাঙ্গসংগীত, রবীন্দ্র-নজরুলসংগীত, আধুনিক গান, লোকগীতি, লালন ও ভান্ডারি গান, নাচ ইত্যাদি বিচিত্র ধরনের পরিবেশনা ছিল এই অনুষ্ঠানে। এক মঞ্চে এমন পাঁচমিশালি আয়োজন বহুদিন দেখেনি দর্শক। মানের দিক দিয়ে উতরে গেলে একে সাহসী আয়োজন বলতেই হতো। কিন্তু গুটি কয়েক শিল্পী ছাড়া কেউ দর্শকের মনোযোগ টানতে পারেননি।অনুষ্ঠানের প্রথম পরিবেশনার কথাই বলা যাক। তরুণ শিল্পী ঐশী সাহা রায় বেহালা নিয়ে এলেন মঞ্চে। বাজানোও শুরু করলেন তিনি। তবে সেদিকে দৃষ্টি দিলেন না তাঁর সহশিল্পী তবলাবাদক। তিনি তখনো তবলা টিউন করায় ব্যস্ত! এটা বাদ দিলে ভালোই বলতে হবে ঐশীর পরিবেশনা। বেহালার ছড়িতে ইমন রাগ দর্শকের হূদয় ছুঁয়েছে। ভালো লেগেছে মিহির কানুনগো, সত্যজিৎ চক্রবর্তী, রোজী সেনগুপ্তার পরিবেশনা। মোহিনী রাগে সেতার বাজিয়ে চিত্রশিল্পী সঞ্জীব দত্ত মুগ্ধ করেছেন দর্শকদের। ক্যানভাসের পাশাপাশি সংগীতেও যে তাঁর অবাধ বিচরণ সেটা অনুধাবন করলেন দর্শক।এর আগে কবি ও সাংবাদিক অরুণ দাশ গুপ্ত এবং মিহির নন্দী প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন।