নদী আর কুয়ার পানিই ভরসা দীঘিনালার আট গ্রামের মানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নলকূপ যেন ওদের কাছে স্বপ্ন। প্রায় পাঁচ দশক ধরে শুনে আসছেন এলাকায় নলকূপ আসছে। কিন্তু সেই নলকূপ যেন স্বপ্নই থেকে গেছে। নলকূপের বিশুদ্ধ পানির দেখা আর মেলে না। মাইনী নদী আর পাহাড়ি কুয়ার পানিই একমাত্র ভরসা খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম জারুলছড়ি এলাকার আট গ্রামের প্রায় এক হাজার আদিবাসী পরিবারের। সরেজমিনে গ্রামগুলো ঘুরে আদিবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, জারুলছড়ি এলাকায় নতুনচন্দ্র কার্বারিপাড়া, বেলতলী, নিরোদারঞ্জন কার্বারিপাড়া, গদাচান কার্বারিপাড়া, রাঙাচান কার্বারিপাড়া, নিরঞ্জন কার্বারিপাড়া, মকরচান কার্বারিপাড়া ও ধনমনি কার্বারিপাড়া নামে আটটি গ্রাম রয়েছে। গ্রামগুলোতে প্রায় এক হাজার আদিবাসী পরিবারের পাঁচ-ছয় হাজার মানুষের বসবাস। আটটি গ্রামের কোথাও কোনো নলকূপ বা বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। এসব গ্রামের আদিবাসীরা জন্মলগ্ন থেকে পান করে আসছেন পাশের মাইনী নদী ও পাহাড়ি কুয়ার পানি। ১৯৯৮ সালে মাইনী নদীর পানি পান করে ডায়রিয়ায় ৫০ জন কাঠুরিয়ার মৃত্যুর ঘটনাও ঘটেছিল। বেলতলী গ্রামের বৃদ্ধ নিরঞ্জন চাকমা (৭০) বলেন, ‘নলকূপের নাম শুনেছি। কিন্তু এলাকায় নলকূপ দেখিনি। জন্মলগ্ন থেকেই নদী আর কুয়ার পানি পান করে আসছি।’ নতুনচন্দ্র কার্বারিপাড়ার নিরবালা চাকমা (৬৫) বলেন, ‘অনেক সময় নদীর পানিতে দুর্গন্ধ ছড়ায়। কিন্তু উপায় নেই। সেই দুর্গন্ধযুক্ত পানিই আমাদের পান করতে হয়।’ একই এলাকার রত্নমালা চাকমা বলেন, ‘নদীর পানি পান করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তবে দূষিত পানির কারণে শিশুদের রোগবালাই হচ্ছে বেশি।’ প্রীতি শোভা চাকমা বলেন, ‘আমাদের গ্রামের মানুষের একমাত্র পানির ভরসা মাইনী নদী। নলকূপ যেহেতু নেই, পান করা থেকে সব কাজ নদীর পানি দিয়েই সারতে হয়।’ বেলতলী গ্রামের শান্তিরঞ্জন চাকমা বলেন, ‘নলকূপের ব্যাপারে কাউকে অভিযুক্ত করলে ভুল হবে। মূল সমস্যা হচ্ছে জারুলছড়ি এলাকায় অগভীর নলকূপ স্থাপন করা যায় না। তার কারণ মাটির নিচে পাথর। এলাকায় পানির চাহিদা মেটাতে হলে খরচ বেশি হলেও গভীর নলকূপ স্থাপন করতে হবে। তা না হলে আগামী জীবনও নদীর পানি পান করে কাটাতে হবে।’ বেলতলী গ্রামের গ্রামপ্রধান (কার্বারি) শোভাধন চাকমা সম্প্রতি গ্রাম পরিদর্শনে আসা দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. শাহীন আবরার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান মিঞার কাছে পানির তীব্র সমস্যার কথা তুলে ধরে বলেন, ‘প্রশাসন উদ্যোগ নিয়ে আট গ্রামে আটটি গভীর নলকূপ স্থাপন করে দিলে পানির সমস্যা আর থাকবে না। অন্তত ভবিষ্যৎ প্রজন্ম হলেও বিশুদ্ধ পানি পান করতে পারবে।’ এ প্রসঙ্গে সেনা জোন অধিনায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আমরা এলাকার মানুষের পানির কষ্টের কথা সরেজমিনে এসে জেনেছি। গ্রামগুলোতে বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।’