নদী আর পাহাড়ের মিতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশে এখন নীলের ছোঁয়া। দুধসাদা কাশফুলে ছেয়ে গেছে নদীর দুই ধার। পাহাড়ে সবুজের বিস্তৃত গালিচায় লুটোপুটি খাচ্ছে মেঘমালা। বর্ষার স্নান সেরে প্রকৃতি যে তার রূপের পসরা খুলে বসেছে, তা বুঝতে আর বাকি নেই। এমন সময় ঘর থেকে দুই পা না ফেললে অদেখা থেকে যাবে অনেক কিছুই। তাই পাহাড় আর নদীর আতিথেয়তা নিতে নগর থেকে কম দূরত্বে কোথাও ঘুরে আসার পরিকল্পনাটা করে রেখেছি আগেই। ফলে অবশেষে ঘর থেকে দুই পা ফেললাম—গন্তব্য কাপ্তাই জুম রেস্তোরাঁ। চেনা এ জায়গাটা প্রতিবারই যেন ধরা দেয় নতুন রূপে।সকালে রওনা হওয়ার সময় সূর্যের চোখরাঙানি দেখে মনে হয়েছে, আজ বোধহয় তপ্ত রোদে পুড়তে হবে। বেড়ানোটাই যেন কাল হতে পারে। কিন্তু না, সূর্যের চোখরাঙানি থাকলেও বাতাসের কাছে তা হার মেনেছে। তাই গরমটা খুব একটা অনুভূত হয়নি। তবে চট্টগ্রাম শহরের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে চন্দ্রঘোনা পর্যন্ত যেতে পোহাতে হয়েছে নানা ঝক্কিঝামেলা। কিন্তু লিচুবাগান বাস স্টেশন থেকে যখন কাপ্তাইয়ের পথে ঢুকলাম, তখন ভোগান্তি মাথা থেকে উবে গিয়ে সবুজ বনানী মন কেড়ে নিচ্ছে। চারদিকে সবুজ আর সবুজ। যেন সবুজ ফুঁড়ে পাহাড়ের বুকে ঢুকে গেছে একটি পিচঢালা পথ। সেই আঁকাবাঁকা পথে ছুটে চলছি। অবশ্য পথিমধ্যে অটোরিকশা দাঁড় করিয়ে ক্যামেরা ক্লিক করে নিতে একদম ভুল হয়নি। জুমে যখন পৌঁছলাম, তখন ঘড়ির কাঁটা ১১টা ছুঁই ছুঁই করছে। যাক তার পরও যে টার্গেট টাইমে পৌঁছেছি, এ-ও ভাগ্য।রোস্তোরাঁয় দুপুরের খাবারের ফরমায়েশটা দিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে উঠে গেলাম পাহাড়ের চূড়ার ‘নীল আকাশের দেশে’। এখান থেকে কাপ্তাইয়ের অনেকখানি অংশ দেখা যায়। মুগ্ধ না হয়ে যেন আর পারা যায় না। কর্ণফুলীর যৌবনা রূপ দেখতে এখানে আসতেই হবে। চট্টগ্রামের বাসিন্দা হওয়ায় কর্ণফুলীকে নানাভাবে দেখার সুযোগ হয়েছে। কিন্তু এ স্থানটায় কর্ণফুলী যেন তার সব রূপ ঢেলে দিয়েছে। অন্য সব স্থান থেকে এখানে আলাদা একটা কিছু চোখে পড়বে। এ যেন শান্ত-শীতল নীল জলরাশির সঙ্গে সবুজ পাহাড়ের মিতালি। খেয়াল করলাম, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত এ জুম রেস্তোরাঁ এখন আর আগের মতো নেই। চেহারায় পরিবর্তন এনেছে। নিজেকে তুলে ধরতে সাজগোজেরও কমতি নেই। এখানে এখন ট্রেন চলে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি সত্যি কিন্তু ট্রেন চলে।তবে তা আকারে খুব ছোট। চড়তে পারে শুধু বাচ্চারা। অবশ্য ট্রেনটি চলে পাশের একটি মাঠে। এ ছাড়া পাহাড়ের খাঁজে খাঁজে বসার চৌকিগুলোয় যেন রঙের ছোঁয়া। একেবারে নতুন সাজ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এখানে এলে আপনি পাবেন বনবিবির টংঘর। গাছের ওপর মাচাঙের মতো বানানো বসার এ স্থানটি অন্য রকম। তবে এখানে বসার জন্য গুনতে হবে ঘণ্টায় ১০০ টাকা করে। জুমে এলে টংঘরে না বসলে আমার মনটা কেমন যেন খচখচ করে। তাই দুপুরের কড়া রোদ থেকে বাঁচতে এটি সবচেয়ে ভালো জায়গা। হিমেল বাতাস আনমনা করে দেয়। মনে হয়, পাহাড়ের কোনো টংঘরেই বসে আছি।এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পেটেও টান পড়েছে। খিদেয় পেট চোঁ চোঁ করছে। দুপুরের খাবার সারতে আমরা ব্যস্ত হয়ে পড়ি। আর ততক্ষণে পশ্চিমে হেলে পড়ছে সূর্য। কর্ণফুলীর জলে হলুদ রোদের মাখামাখি আরও কাছে টানে। পড়ন্ত বিকেলে তাই বেরিয়ে পড়লাম নৌ ভ্রমণে। অবশ্য এটাকে নৌ ভ্রমণ না বলে বোট ভ্রমণ বলাই ভালো। ওপারের ওয়াগ্গাছড়া চা-বাগানে নামার ইচ্ছাটা ছিল, কিন্তু ভ্রমণসঙ্গীদের বাধায় আর পারলাম না। তাদের যুক্তি: নামলে সময় নষ্ট হবে। কারণ, বোটটা ঘণ্টা হিসাবে ভাড়া করা। প্রতি ঘণ্টা ৫০০ টাকা। তাই পুরো টাকা উশুল করতে যত দূর পারা যায়, কর্ণফুলীর উজানের দিকেই যেতে হবে। পরে চিন্তা করলাম, না নেমে ভালোই হলো। না হলে অনেক কিছু দেখতে পেতাম না।পাহাড়ের খাঁজে খাঁজে আদিবাসীদের ঘর। ছোট্ট ডিঙি নৌকা নিয়ে জাল ফেলছে জেলে। আবার কোথাও বিশাল উঁচু পাহাড়ে গড়াগড়ি দিচ্ছে মেঘ। কোথাও কাশফুলের সাদা প্রলেপ। গাছগাছালিতে ভরা পাহাড়ে পাখির কলতান। অবশ্য আমাদের বোটটার ঘট ঘট শব্দ তাদের কিছুটা আতঙ্কিতও করেছে। এদিকে সময় ফুরিয়ে আসছে। তাই আবার ভাটির পথে যাত্রা। কূলে এসে বোট থেকে নেমে কিছুক্ষণ বসে রইলাম পাড়ে। এর মধ্যে দিগন্ত রেখার কাছাকাছি চলে গেছে সূর্য। ছড়াচ্ছে লাল আভা। জানান দিল আমাদেরও ফিরতে হবে শহরে।