নদী ও সড়কঘেঁষা বিদ্যালয়ে নেই সীমানাপ্রাচীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের দক্ষিণ লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক পাশে চেঙ্গী নদী, আরেক পাশে পানছড়ি-খাগড়াছড়ি সড়ক। বিদ্যালয়ের চারদিকেই নেই কোনো সীমানাপ্রাচীর। শিক্ষকদের চোখ ফাঁকি দিয়ে ছোট শিশুরা প্রায়ই নদীর ধারে কিংবা সড়কে চলে যায়। ফলে সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকেরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে দক্ষিণ লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। একসময় বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী থাকলেও বিভিন্ন সমস্যার কারণে প্রতিবছর শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। বিদ্যালয়টিতে বর্তমানে ৪৫ জন শিক্ষার্থী রয়েছে। অথচ গত বছরও শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬৫ জন।
১১ মার্চ সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টি থেকে মাত্র ১০ ফুট দূরে সড়ক আর ৬০ ফুট দূরে চেঙ্গী নদী। বিদ্যালয়ের চারপাশে অস্থায়ীভাবে বাঁশের বেড়া দেওয়ার পরও শিশুরা বেড়া ডিঙিয়ে নদীর ধার ও সড়কে চলে যাচ্ছে।
এ নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তার শেষ নেই। অভিভাবক সামম্বলী চাকমা ও প্রসূতি চাকমা বলেন, বিদ্যালয়টি রাস্তা ও নদী ঘেঁষে অবস্থিত। রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার বিভিন্ন যানবাহন চলাচল করে। এ ছাড়া বর্ষাকালে নদীতে যখন পানি পরিপূর্ণ থাকে তখন শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে ভয় পায়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাধনা চাকমা বলেন, শিক্ষার্থীরা অনেক সময় খেলতে খেলতে রাস্তায় কিংবা নদীর ধারে চলে যায়। বর্ষাকালে শিক্ষার্থীদের নিয়ে বেশি আশঙ্কায় থাকতে হয়। এ বছর বর্ষার আগেই সীমানাপ্রাচীর করে দিলে ভালো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানন বিকাশ চাকমা বলেন, ‘বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সীমানাপ্রাচীর করে দেওয়ার জন্য বিভিন্ন সভায় মৌখিকভাবে জানানো হয়েছে। কিছুদিন আগে সরকারিভাবে কিছু অর্থ বরাদ্দ হওয়ায় এই অস্থায়ী বাঁশের বেড়া দিতে পেরেছি। সীমানাপ্রাচীর না থাকার কারণে বিদ্যালয়ের নলকূপ বসানোর এক মাস পরে চুরি হয়ে গেছে। এরপর থেকে শিক্ষার্থী ও শিক্ষকদের খাওয়ার পানির সমস্যা হচ্ছে।’
বিদ্যালয়ের সভাপতি মায়াধন চাকমা বলেন, ‘শিশুদের নিরাপত্তার স্বার্থে দক্ষিণ লতিবান বিদ্যালয়ে সীমানাপ্রাচীর দেওয়া প্রয়োজন। তা ছাড়া দু-এক বছরের মধ্যে মেরামত করা না হলে বিদ্যালয়ে আর কোনো ছাত্রছাত্রী আসবে না।’
পানছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুধীর মিত্র চাকমা বলেন, পানছড়ি উপজেলায় যেসব বিদ্যালয়ে সীমানাপ্রাচীর নেই, সেসব বিদ্যালয়ের তালিকা করে প্রকৌশল অধিদপ্তরে পাঠানো হয়েছে। তবে উপজেলার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে দক্ষিণ লতিবানের এই বিদ্যালয়টি। ছোট ছোট শিক্ষার্থীদের কথা চিন্তা করে অগ্রাধিকার ভিত্তিতে এই বিদ্যালয়ে সীমানাপ্রাচীর করে দেওয়া হবে।
পানছড়ি উপজেলা প্রকৌশলী অরুণ কুমার দাস বলেন, ‘আমরা পানছড়ি উপজেলার বিদ্যালয়গুলোর একটি তালিকা করেছি। আগামী অর্থবছরে বিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণ ও ভবন মেরামত হবে বলে আশা করছি।’