নদী-হ্রদ-জলাভূমি রক্ষায় ২৩ দফা প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ নদী পরিব্রাজক দলের আয়োজনে কক্সবাজারে অনুষ্ঠিত দুদিনের জাতীয় নদী সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের সঙ্গে অতিথিরা l প্রথম আলো
বাংলাদেশ নদী পরিব্রাজক দলের আয়োজনে কক্সবাজারে অনুষ্ঠিত দুদিনের জাতীয় নদী সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের সঙ্গে অতিথিরা l প্রথম আলো

২০২১ সালের মধ্যে বাংলাদেশের সব নদ-নদী ও জলাশয়ের সঠিক তথ্য সংগ্রহ করে প্রকাশ করা হবে। এরপর নদ-নদী রক্ষায় দখল-দূষণ প্রতিরোধে গড়ে তোলা হবে সামাজিক আন্দোলন।
কক্সবাজারে অনুষ্ঠিত দুদিনের জাতীয় নদী সম্মেলনের শেষ দিনে কক্সবাজার ঘোষণায় এ কথা বলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম। বাংলাদেশ নদী পরিব্রাজক দলের আয়োজনে ১৮ ও ১৯ নভেম্বর কক্সবাজারের একটি হোটেল মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শেষ দিনে কক্সবাজার ঘোষণায় ২৩ দফা প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য নদী, জলাভূমিবিষয়ক আইন, নীতি ও পরিকল্পনা পুনর্মূল্যায়ন ও হালনাগাদ করা, দেশের সব নদ-নদী, খাল-বিল, হাওর, হ্রদ, মোহনার জলজ সম্পদ পরিসংখ্যানসহ প্রকাশ করা, নদীভিত্তিক পর্যটন ও জাতীয় পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ, নদী পর্যটন বিষয়ে শিক্ষা ও নদী সংরক্ষণ সচেতনতা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন, নদী সংরক্ষণ শিক্ষাকেন্দ্র স্থাপন এবং এ বিষয়ে পাঠ্যক্রম (প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত) নদী পর্যটন অন্তর্ভুক্ত করা, নদী ও জলাভূমি দূষণ ও দখল রোধে আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং চট্টগ্রামের শঙ্খ ও হালদা নদীকে চট্টগ্রামের জাতীয় নদী হিসেবে ঘোষণা ও সংরক্ষণ প্রভৃতি।
সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা ও গবেষকেরা একাধিক গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মনজুরুল কিবরিয়া, বাংলাদেশ টু্যরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান খান কবির, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রটেক্টেড এরিয়া প্ল্যানার আনিসুজ্জামান খান, জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য মো. আলাউদ্দিন, মালয়েশিয়ার টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. ওমর ফারুক প্রমুখ।
মো. আতাহারুল ইসলাম বলেন, নদীকে বাঁচাতে পারলে টু্যরিজম এমনিতেই এগিয়ে যাবে। তাই নদীকে তার জীবন ফিরিয়ে দিতে হবে।
অপরূপ চৌধুরী বলেন, ‘শুধু পানি নয়, নদী আমাদের পুষ্টির আধার। বাংলাদেশের নদী জীববৈচিত্র্যে ভরপুর। নদীর প্রবাহ হিসেবে বাংলাদেশকে পৃথিবীতে তৃতীয় স্থানে বলা যায়।’
সম্মেলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মনজুরুল কিবরিয়া হালদা নদী নিয়ে তাঁর গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করেন। এতে দেশের বিভিন্ন জেলার ১২০ জন নদীপ্রেমী অংশ নেন। শেষে ৫১ সদস্যের বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।