নদীগর্ভে বিলীন হতে চলেছে ঠেগামুখ মারমাপাড়া
রাঙামাটির বরকল উপজেলার ভারতীয় সীমান্তবর্তী শতবর্ষী ঠেগামুখ মারমাপাড়া কর্ণফুলীর ভাঙনের মুখে বিলীন হতে চলেছে। পাড়ার ৩৫টি মারমা পরিবার ও পাঁচটি চাকমা পরিবার নদীভাঙনের কারণে ঘরবাড়ি ও ফসলি জমি হারানোর আশঙ্কা করছে। ২০টি পরিবার ইতিমধ্যে নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছে। ঠেগামুখ এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, এটি এলাকার সবচেয়ে পুরোনো পাড়া। এই পাড়ায় বসবাসকারী মারমা সম্প্রদায়ের লোকজন কাপ্তাই বাঁধ হওয়ার বহু আগে এখানে বসতি গড়ে তুলেছে। এলাকার প্রবীণ লোকজনের ধারণা, শতাধিক বছর আগে জুম চাষ করার সময় স্থানান্তরিত হয়ে মারমা সম্প্রদায়ের লোকজন সেখানে বসবাস শুরু করেছিল। পাড়ার ৯০ বছর বয়সী সবচেয়ে প্রবীণ ব্যক্তি অংচা প্রু মারমা জানান, তাঁর জন্ম এই পাড়ায়। তাঁদের পূর্বপুরুষেরা কীভাবে কর্ণফুলী তীরবর্তী এই জায়গায় এসেছিলেন, তা তিনি কারও মুখে শোনেননি। অংচা প্রু মারমা জানান, গত ২০-৩০ বছরে কর্ণফুলী নদী ওই এলাকার কমপক্ষে ১০০ ফুট ভূমি গ্রাস করেছে। পূর্ব দিকে ভারতের মিজোরাম রাজ্য থেকে নেমে আসা কর্ণফুলী এবং দক্ষিণ দিক থেকে নেমে আসা ঠেগা নদীর মিলিত স্রোত এসে আঘাত করছে মারমাপাড়ায়।সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাড়ার একটি বড় অংশ তলিয়ে গেছে নদীগর্ভে। পাড়ার প্রধান (কার্বারি) আথোয়াই চি মারমা জানান, কর্ণফুলীর ভাঙনে এ পর্যন্ত কমপক্ষে ২০টি পরিবার উচ্ছেদ হয়ে গেছে। এলাকার লোকজন জানান, বাংলাদেশের অংশে ভাঙন দেখা দিলেও নদীর অপর পাড়ে ভারতের অংশে চর পড়ছে। স্থানীয় পাড়াবাসী জানে না নদীভাঙনে সৃষ্ট দুর্দশা তারা কার কাছে তুলে ধরবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সরকারি নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এখানকার বাসিন্দারা। পাড়ায় নেই কোনো বিশুদ্ধ পানির ব্যবস্থা। সম্প্রতি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের স্বাস্থ্যকর্মী মাইশি মারমা জানান, মারমাপাড়াসহ ওই এলাকার বিভিন্ন পাড়ায় প্রায় সময় ডায়রিয়া, চর্মরোগ, ম্যালেরিয়া ও শিশুদের নিউমোনিয়া লেগে থাকে।মারমাপাড়া থেকে এ বছর একমাত্র এইচএসসি পাস সাগর মারমা জানান, তাঁদের পাড়া থেকে বেশ দূরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেখানে যেতে ছোট ছেলেমেয়েদের নদী পার হতে হয়। অবশ্য প্রায় এক বছর আগে এই পাড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের অধীনে প্রাক-প্রাথমিক শিক্ষা কর্মসূচি চালু হয়েছে বলে তিনি জানান।ভূষণছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য তপন বিকাশ চাকমা বলেন, মারমাপাড়ার বিভিন্ন সমস্যা সম্পর্কে তাঁর জানা আছে। অগ্রাধিকার ভিত্তিতে মারমাপাড়ার সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।