তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে গত বৃহস্পতিবার কক্সবাজার সৈকতের হোটেল ওশেন প্যারাডাইসের সম্মেলনকক্ষে চট্টগ্রাম বিভাগের সব জেলা থেকে আসা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার যৌথ আয়োজনে প্রথমবারের মতো এই কর্মশালার আয়োজন করা হয়।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও উপসচিব শরীফুল আলমের সঞ্চালনায় কর্মশলার প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আলেফ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক শংকর রঞ্জন সাহা, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) আলাউদ্দীন মজুমদার ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী আমিনুল আহসান।
কর্মশালা শেষে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও সাংবাদিকদের তামাকবিরোধী সংগঠন আত্মার যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মশালায় গৃহীত সুপারিশ ও সিদ্ধান্ত তুলে ধরা হয়। এতে রয়েছে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সভা নিয়মিত আয়োজন এবং নদীর তীর ও খাসজমিতে তামাক চাষ বন্ধের ব্যবস্থা গ্রহণ।
আত্মার আহ্বায়ক রুহুল আমীনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আলেফ উদ্দীন।
আলেফ উদ্দীন বলেন, নদীর তীর, খাসজমি অথবা বন বিভাগের জমিতে তামাক চাষ করতে দেওয়া হবে না। তামাকের বদলে এসব জমিতে সবজি চাষে উৎসাহিত করা হবে। কৃষকের ভর্তুকির সার যেন তামাক চাষে ব্যবহার করা না হয় এবং বনাঞ্চলের গাছ পুড়িয়ে যেন চুল্লিতে তামাক পোড়ানো না হয়, সেদিকেও লক্ষ রাখা হবে।