নদীতীরে খাওয়ার মজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর বুক চিরে ছুটছে জলযান। ‘ছোড ছোড’ ঢেউ তুলে বয়ে চলেছে কর্ণফুলী। মাথার ওপর দিয়ে সাঁই করে উড়ে যায় উড়োজাহাজ। এর মধ্যে হলাকা সুরের আবেশ, সঙ্গে রকমারি খাবারের আয়োজন। তাও নানা স্বাদের—দেশি, ভারতীয়, থাই ও চাইনিজ। এমন মনকাড়া পরিবেশে খাওয়ার মজা! নগরের পতেঙ্গায় চট্টগ্রাম বোট ক্লাবের রিভারভিউ রেস্টুরেন্টে গেলে পাওয়া যাবে ভিন্ন আমেজে খাওয়ার আনন্দ। এ বছরের জানুয়ারিতে উদ্বোধন হয় রেস্টুরেন্টটি। বেসরকারি প্রতিষ্ঠান ‘বোনানজা’ পরিচালনা করছে এটি।আলো-আঁধারির রেস্টুরেন্টের গতানুগতিক ধারার বাইরে যাঁরা ভিন্নতা চান, তাঁদের জন্য একেবারে জুতসই স্থান। কর্ণফুলীর গা ঘেঁষে গড়ে ওঠা বোট ক্লাব ভবনের দোতালায় রেস্টুরেন্টে নদীর দিকটা মনে হবে ফাঁকা। নদীর ছোট ছোট ঢেউ যেন আছড়ে পড়ছে। হাত বাড়ালেই ছোঁয়া যাবে। কিন্তু কাছে গেলেই ভ্রম ভাঙবে। কারণ রেস্টুরেন্টের ওদিকটায় স্বচ্ছ কাঁচের দেয়াল।‘বাংলাদেশের বড় নদীর তীরে খোলামেলা পরিবেশে এমন অভিজাত রেস্টুরেন্ট নেই’—এই দাবি রেস্টুরেন্টের ব্যবস্থাপক মুকুল বড়ুয়ার।তিনি বলেন, বেলা ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত বোট ক্লাবের সদস্য ছাড়াও এই রেস্টুরেন্ট উন্মুক্ত সবার জন্য। যাত্রীরা বিমানবন্দরে যাওয়া আসার পথে যে কেউ নিতে পারে এই রেস্টুরেন্টের সুস্বাদু খাবারের স্বাদ। রয়েছে দেশি-বিদেশি খাবারের নানা পদ। স্ন্যাকসের প্যাকেজ জনপ্রতি ২০০ টাকার মধ্যে। কুইক লাঞ্চ (দুপুরের খাবার) ৩২০ থেকে ৩৫০ টাকার মধ্যে। এ ছাড়া রাতের খাবার, বিকেলে নানা পদের কাবাবও রয়েছে।রেস্টুরেন্টে একসঙ্গে ৩৫০ লোকের বসার সুযোগের পাশাপাশি রয়েছে স্পেশাল বল রুম ও একটি মিনি হল। যেখানে যেকোনো অনুষ্ঠান কিংবা ডিজে পার্টির আয়োজন করা যায়। রেস্টুরেন্টের বাইরে নদীর কোল ঘেঁষে রয়েছে নরম সবুজ ঘাসে ঢাকা একখণ্ড বারান্দা। যেখান থেকে দেখা যায় নদীর পারের পাখিদের ওড়াউড়ি আর দূরের মোহনা। তাতেও যদি মন না ভরে তবে সোজা উঠে যান ছাদে। সেখানে পাবেন বারবিকিউ ও গ্রিলের নানা পদ। এ ছাড়া ‘ওয়েস্টার্ন ক্রুজ’ নামের প্রমোদতরীতে করে ঘুরে বেড়াতে পারবেন কর্ণফুলী সেতু থেকে মোহনা পর্যন্ত। ২০০ লোকের ধারণক্ষমতাসম্পন্ন এ প্রমোদতরীতে নদী ভ্রমণের খরচ পরবে ৫০ হাজার টাকা। দুচোখ ভরে দেখা যাবে নদীর দুই পারের নয়নাভিরাম সৌন্দর্য। রেস্টুরেন্টের ম্যানেজিং পার্টনার মো. আরিফ ইফতেখার জানান, এই ক্লাবকে ঘিরে নির্মিত হচ্ছে বিশাল আকারের কনভেনশন হল যেখানে একসঙ্গে চার হাজার লোক বসতে পারবে। যা এ বছরেই খোলা হবে। আগামী তিন মাসের মধ্যে নদীর পারে চালু হচ্ছে লাইভ ফিস বার-বি-কিউ নামে একটি জোন। যেখানে অ্যাকুরিয়ামে থাকা বিভিন্ন মাছের মধ্য থেকে অতিথির পছন্দমতো মাছ ধরে সঙ্গে সঙ্গে খাবার তৈরি করে দেওয়ার ব্যবস্থা। রাত্রিযাপনের জন্য তৈরি হচ্ছে ২১ কক্ষের গেস্ট হাউজ।