নদীভাঙনের ঝুঁকিতে ৮৮ বছরের পুরোনো বিদ্যালয়

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ১৯২৭ সালে প্রতিষ্ঠিত বড়াদম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাইনী নদীর ভাঙনের ঝুঁকিতে রয়েছে। বিদ্যালয়ের তিনটি ভবনের মধ্যে দুটি ভবন ভাঙনের কবলে পড়েছে। ভবন দুটির মাত্র কয়েক হাত দূরত্বেই প্রবাহিত হচ্ছে নদী। তবে এরপরও ভাঙন ঠেকাতে কোনো ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড।
বড়াদম বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবকেরা জানান, ৮৮ বছরের পুরোনো বিদ্যালয়টির সংস্কার হয়েছিল ১৯৯৮ সালে। উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার দূরে এই বিদ্যালয়ের অবস্থান। পাশেই বড়াদম বাজার ও দীঘিনালা-বাবুছড়া সড়ক। বিদ্যালয়ের পাশাপাশি নদীভাঙনে ঝুঁকির মুখে আছে বড়াদম বাজার এবং দীঘিনালা-বাবুছড়া সড়কের বড়াদম অংশটি।
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের দুটি ভবনের পাশ ঘেঁষে প্রবাহিত হচ্ছে মাইনী নদী। বিদ্যালয়ের পেছনের অংশে গেলে চোখে পড়ে ভাঙনের দৃশ্য। শিক্ষক-শিক্ষিকারা একটি বাঁশঝাড় দেখিয়ে বলেন ভাঙন ঠেকাতে দুই বছর আগে বালুর বস্তা ফেলা হয়। তখন এই বাঁশঝাড়টি লাগানো হয়। বাঁশঝাড়ের কারণে বিদ্যালয়ের দুটি ভবন এখনো কোনো রকমে টিকে আছে। তবে নদীতে স্রোত বাড়লে যেকোনো সময় ভবন ধসে পড়বে, এমন আশঙ্কা করছেন শিক্ষক-শিক্ষিকারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া চাকমা বলেন, ‘এটি অনেক পুরোনো বিদ্যালয়। কয়েক বছর আগে বিদ্যালয়টি নদীভাঙনের কবলে পড়লে আমরা এলাকাবাসীর সহযোগিতায় সেখানে বাঁশ পুঁতে বালুর বস্তা ফেলেছি। বর্তমানে পুঁতে রাখা ওই বাঁশটি বাঁশঝাড়ে পরিণত হয়েছে। সেই বাঁশটিই এখন বিদ্যালয়টিকে নদীভাঙন থেকে রক্ষা করছে।’
তিনি আরও বলেন, ‘আমরা বিদ্যালয়ের ভাঙন রোধ করার জন্য পানি উন্নয়ন বোর্ড বরাবর কয়েকবার আবেদন দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।’
চার নম্বর দীঘিনালা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা বলেন, বিদ্যালয়টি এখন মাইনী নদীর গর্ভে বিলীন হওয়ার পথে।
বিদ্যালয়টি স্থানান্তর করার মতো কোনো জায়গাও নেই। নদীভাঙন রোধে ব্যবস্থা না নিলে বড়াদম বাজার ও দীঘিনালা-বাবুছড়া সড়কটিও বিলীন হয়ে যাবে। মাইনী নদীর ভাঙন থেকে বিদ্যালয়টি রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে কয়েকবার আবেদন করেছি। কিন্তু পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।’
দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা বলেন, ‘আমার বাড়িও বড়াদম এলাকায়। আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগেও কয়েকবার পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করেছি। শুধু বিদ্যালয় ভবন নয়, মাইনী নদীর ভাঙন রোধ করতে না পারলে দীঘিনালা-বাবুছড়া সড়কের বড়াদম অংশও নদীগর্ভে বিলীন হয়ে যাবে। মাইনী নদীর ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডের কাছে আবার চিঠি দেওয়া হবে।’