ইছামতী নদীর তীর ঘেঁষে যত দূর দৃষ্টি যায়, সবুজ আর সবুজ। বাদামগাছগুলো ধূসর বালুচর যেন ঢেকে দিয়েছে সবুজ চাদরে। ফলনও হয়েছে ভালো। আশায় বুক বাঁধছে নদীভাঙা নিঃস্ব পরিবারগুলো। রাঙ্গুনিয়ার উত্তর রাজানগর, দক্ষিণ রাজানগর, হোছনাবাদ, পারুয়া ও স্বনির্ভর ইউনিয়নের ইছামতীর চরে কৃষকেরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন খেত পরিচর্যায়। স্থানীয় লোকজন জানায়, উপজেলার পাঁচ ইউনিয়নের সহস্রাধিক কৃষক নদীভাঙনে সর্বস্ব হারিয়ে কয়েক দশক ধরে মানবেতর জীবনযাপন করে আসছিলেন। কর্মসংস্থানের নিশ্চয়তা না থাকায় সীমাহীন দুঃখ-দুর্দশায় কেটেছে তাঁদের জীবন। শেষ পর্যন্ত ইছামতী নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চর তাঁদের সুদিন ফিরিয়ে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে। কয়েক বছর ধরে এই চরে বাদাম চাষের কারণে নদীভাঙা এসব মানুষের মুখে এখন সুখের হাসি। বদলে গেছে জীবন।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ইছামতী নদীর চরে প্রায় ৮০০ একর জমিতে বাদাম চাষ হয়। নদীপারের পাঁচ ইউনিয়নের সহস্রাধিক কৃষক বাদাম চাষ করছেন। প্রায় পাঁচ শতাধিক শ্রমিক বাদাম চাষে শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করেন। সব মিলিয়ে প্রায় দুই হাজার নদীভাঙা মানুষের জীবন পাল্টে দিয়েছে। গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, নদীতীরবর্তী উপজেলার পাঁচ ইউনিয়নের প্রায় ২৫টি গ্রামজুড়ে ইছামতীর চরে সবজি ও তরিতরকারির পাশাপাশি বাদামের চাষ হচ্ছে। কৃষকেরা ইতিমধ্যে বাদামবীজ রোপণের কাজ শেষ করেছেন। তাঁরা এখন ব্যস্ত খেত পরিচর্যায়। কৃষকেরা জানান, পানি জমে থাকে না এমন দো-আঁশ মাটিতে বাদাম চাষ ভালো হয়। প্রতিবছর বর্ষা মৌসুমের শেষ সময়ে জমিতে বাদামের বীজ রোপণ করা হয়। মাঘ মাসের শেষের দিকে বাদাম তোলা হবে। প্রতি শতক জমিতে তিন থেকে চার কেজি বাদামবীজ রোপণ করা হয়, যা থেকে দুই থেকে তিন মণ পর্যন্ত বাদাম উ ৎ পাদিত হয়। প্রতি মণ বাদাম এক হাজার থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হয়। প্রতিবছর এই চর থেকে প্রায় ছয় হাজার মণ বাদাম উ ৎ পাদিত হয়, যার আর্থিক মূল্য প্রায় ৬০ থেকে ৬৫ লাখ টাকা। উত্তর রাজানগর ইউনিয়নের বগাবিলি গ্রামের কৃষক হারুনর রশিদ (৩৯) জানান, ষাটের দশকে ইছামতীর গর্ভে হারিয়ে যাওয়া বাপ-দাদার ৪৮ শতক জমি জেগে ওঠার পর সবজি ও তরিতরকারির চাষ করতেন তিনি। কিন্তু বাদাম চাষে কয়েকজন কৃষকের পরিবর্তন দেখে ১৯৯৮ সাল থেকে ওই জমিতে তিনিও বাদাম চাষ শুরু করেন। এতে প্রচুর লাভবান হন তিনি। তিনি বলেন, এক দশক ধরে বাদাম চাষ করে স্বনির্ভর ইউনিয়নের গোয়াছপাড়া গ্রামের আসাদুজ্জামান, হোছনাবাদ ইউনিয়নের খীলমোগল গ্রামের মন্টু মিয়া, পারুয়া ইউনিয়নের হাজারীখীল গ্রামের আজিজুর রহমান ও দক্ষিণ রাজানগর ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের আবদুল হামিদ নিঃস্ব থেকে এখন সচ্ছল কৃষক। বাদাম চাষ এই পাঁচ ইউনিয়নের সহস্রাধিক নদীভাঙা পরিবারে এনে দিয়েছে সচ্ছলতা ও বেঁচে থাকার নতুন স্বপ্ন। এ প্রসঙ্গে রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন বলেন, ইছামতীর চরে অর্থকরী ফসল বাদামের ব্যাপক চাষ হচ্ছে। বাদাম চাষে সার ও কীটনাশক তেমন লাগে না। ফলে উ ৎ পাদন খরচ কম হওয়ায় দিন দিন এ ফসল আবাদের দিকে ঝুঁকছেন কৃষকেরা। চরের বাদামচাষিদের পাশে থেকে কৃষি বিভাগের কর্মকর্তারা নানা পরামর্শ দিচ্ছেন।