নদীর নাম মধুমতী
আমি মধুমতী। বাঙালির এক অতিপ্রিয় নদী। পদ্মা আমার মা, কুষ্টিয়ার ভাটিতে জন্ম আমার। খুব কাছাকাছি জন্মেছিল আমার আরও এক বোন—কালীগঙ্গা। খুব গভীর আর স্রোতস্বিনী। তার পারেই লালন সাঁই আখড়া পেতেছিলেন। ‘মধুমতী’ বলে বেশি সুনাম হলেও আমার আরও দুটো নাম আছে। পদ্মা থেকে যেখানে আমার জন্ম, সেখানে আমি গৌরী। তোমরা এখন আমার এই নামটা প্রায় ভুলেই গেছ, মনে রেখেছ তার অপভ্রংশ—গড়াই। সেটাও কম মিষ্টি নয়, সংস্কৃতের খোলস ছেড়ে একেবারে বাংলা নাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডে শোকে পাথর অন্নদাশঙ্কর রায় যে বিখ্যাত শোকগাথাটি রচনা করেন, সেখানে তিনি আমার গৌরী নামটিই ব্যবহার করেছেন—‘যতদিন রবে পদ্মা, মেঘনা, গৌরী, যমুনা বহমানততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।’সেই গৌরী কামারখালিতে এসে হলাম মধুমতী, আরও ভাটিতে বাগেরহাটে বলেশ্বর। গোটা খুলনা বিভাগের জলপ্রণালির নামই তো পদ্মা-মধুমতী। আমাদের মিলিত জলে-মাটিতে গড়ে উঠেছে এই ভূভাগ। জন্ম থেকে আমি খুবই প্রশস্ত, দুরন্ত, ক্ষিপ্ত ও বলদর্পী। তাই ভাটির মানুষ আমাকে বলেশ্বর বলে ডাকে। বুঝতেই পারছ, নারীর কমনীয়তার সঙ্গে পৌরুষ মিশে আছে আমার সারা শরীরে। এককালে প্রবল স্রোতে আমি দুই কূল প্লাবিত করতাম, পাড় ভেঙে তোমাদের অশেষ দুঃখের কারণ হতাম। তবে বুক উজাড় করে দিতাম রুপালি ইলিশ; পদ্মার ইলিশের মতোই স্বাদ ছিল তার। শুধু ইলিশ নয়, বহু প্রজাতির মাছ আর জলজ প্রাণী জন্মে আমার বুকে। কত পাখির কলকাকলিতে মুখর আমার দুই পারের জনপদ। এখনো যশোর, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জে মাছের বড় উর্যাস তো আমিই। দিতাম গোলা ভরা ফসল। শত শত পালতোলা, যন্ত্রে চলা বাণিজ্যতরী চলত আমার বুকে অহরহ। তাই আমার তীরে তীরে গড়ে ওঠে বড় বড় বন্দর। তোমাদের সবচেয়ে বড় সেচ প্রকল্পে (গঙ্গা-কপোতাক্ষ) জলের একটা বড় অংশের জোগানও আমি দিই। তোমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে আমার নাম লেখা থাকবে চিরকাল। বীরশ্রেষ্ঠ আবদুর রউফ আমার জলে বড় হয়েছেন। একাত্তরে পাকিস্তানি নরপশুরা হানা দিয়েছিল চরভাটপাড়ায়। নারী-লাঞ্ছনায় মেতে উঠেছিল তারা। গ্রামের সাহসী যুবক অনিল কাপালি। দানব-নিধনে জ্বলে ওঠেন তিনি। অমিত বিক্রমে হানাদারের কাছ থেকে ছিনিয়ে নেন রাইফেল। তারপর সেই নরপশুর দুটি চোখই উপড়ে ফেলে হত্যা করেন অনিল। নারীর সম্ভ্রম রক্ষায় অনিল শহীদ হন। এবার আরও এক করুণ ইতিহাস বলি, শোনো। অনিল কাপালির এই বীরত্বের দিন দুই পর ২৩ মে, ১৯৭১, চরভাটপাড়ার ঠিক বিপরীতে, আমার পশ্চিম তীরবর্তী ইতনা গ্রামে হানাদার বাহিনী চালায় এক ঘৃণ্য নরমেধযজ্ঞ। ৩৯ জন নিরীহ মানুষ হানাদার বাহিনীর নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় ওই দিন খুব ভোরে। গানবোটে হানাদারেরা এসেছিল ওপারের ভাটপাড়া ক্যাম্প থেকে। মেশিনগানের গুলিতে ঝাঁজরা করে দেয় ৩৯টি তাজা নিষ্পাপ প্রাণ। এমনই কত কত বীরগাথা, শোকগাথা রচিত হয়েছে আমার বুকে, আমার পাড়ে—ইতিহাস কি তার সব খবর রেখেছে?আমাকে নিয়ে সমৃদ্ধ তোমাদের সাহিত্য। কত গান, কবিতা, কাহিনি তোমরা রচনা করেছ আমাকে নিয়ে! সেসব কাহিনিতে আমি তো অমরত্ব পেয়েছি। এখন আমি অনেকটাই রিক্ত, বিগতযৌবনা। সেই প্রবল স্রোত হারিয়ে গেছে, বুকজুড়ে চর জেগেছে অসংখ্য। আমার মা পদ্মাই যে এখন মৃতপ্রায়! আমার জলের উর্যাস তাই গেছে নষ্ট হয়ে। কত অত্যাচার তোমরা করে চলেছ আমার মতো শত শত নদীর ওপর, তা কি ভেবে দেখেছ? এই তো, গত বছর এক ক্ষমতাদর্পী আমার বুকের ওপর দিয়ে তৈরি করল বাঁশের বাঁধ। আমার বুকের রুপালি ফসল সব মাছ চাই তার। কিন্তু আমি তো সবার। আমার জলে-মাছে সবার সমান অধিকার। তোমাদের রাষ্ট্রীয় আইনেও তার স্বীকৃতি আছে। যা সবার, তা একজনের করে নিতে ক্ষমতার কী নির্লজ্জ প্রকাশ! ছিঃ! তোমরা মুক্তিযুদ্ধ করেছ, বিজয়ী হয়েছ। দুর্বৃত্ত হবে কেন?এখন আমার বুকজুড়ে শুধু ধু-ধু বালুচর। সেই চরেও আমি ফলিয়ে চলেছি রাশি রাশি ফসল। ধান, পাট, সরিষা, কলাই, মটরশুঁটি, চিনাবাদাম, পিঁয়াজ, রসুন—আরও কত কত ফসল। কিন্তু জলই যদি না পাই, তবে কী করে তোমাদের ফসল দেব, বাঁচিয়ে রাখব আমি?তবু আমি আশা ছাড়িনি। তোমরা বাঙালিরা এখন বুঝতে পারছ, নদী না থাকলে তোমাদের সভ্যতা টিকে থাকবে না, বিপন্ন হবে তোমাদের অস্তিত্ব। তাই এখন তোমরা সরব হচ্ছ নদী রক্ষায়। তোমরাই তো বাংলাদেশকে ‘নদীমাতৃক’ দেশ বলে ডাকো। নদী তো মা। মনে রেখো, নদী হলো জীবন, সভ্যতার প্রাণভোমরা। নদীকে রক্ষা করো, তোমরাও রক্ষা পাবে।