নদীর পানি এমন কালো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কখনো কখনো নদীর পানি একেবারে কালো হয়ে যায়। কখনো পানিতে সাদা ফেনার মতো কেমিক্যাল ভাসতে দেখি। কাগজের কলের ময়লা নদীতে পড়ায় এই অবস্থা হইছে। পানিতে দুর্গন্ধ, মাছও নাই। সব মিলাইয়া নদীর অবস্থা কাহিল।’আক্ষেপ করেই কথাগুলো বললেন, ‘কর্ণফুলী নদীর মাঝি চন্দ্রঘোনার বাসিন্দা আরব আলী। ৩০ বছর ধরে কর্ণফুলী নদীতে মাছ ধরছেন তিনি। শুরু থেকেই তিনি নদীর এই অবস্থা দেখছেন।’এলাকার প্রবীণ বাসিন্দারা জানান, ৬০ বছর ধরে চন্দ্রঘোনা এলাকায় কারখানার বর্জ্য পড়ে দূষিত হচ্ছে কর্ণফুলী নদী। এসব কারখানা অনেকগুলো বন্ধ হয়ে গেলেও এখনো চালু আছে কর্ণফুলী কাগজকল। বর্জ্য পানি পরিশোধনের ব্যবস্থা (ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট-ইটিপি) না থাকায় কাগজকল থেকে নির্গত ক্ষতিকর রাসায়নিক পদার্থ পড়ছে নদীতে।কর্ণফুলী কাগজকল সূত্রে জানা গেছে, এই কারখানায় সোডিয়াম সালফাইড, সালফিউরিক এসিড, হাইড্রোক্লোরিক এসিড ও কস্টিকসহ বিভিন্ন রকমের রাসায়নিক ব্যবহার করা হয়। এসব ক্ষতিকর রাসায়নিক কারখানার বর্জ্যবাহী নল (পাইপ) দিয়ে নদীতে পড়ে। এর ফলে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে নদীতে দূষণ ঘটছে। এই এলাকায় নদীর পানিতে কোনো মাছ পাওয়া যায় না বলে জানান স্থানীয় জেলেরা। এ ছাড়া এখানকার নদীর পাড়ের মানুষজন নদীর পানি ব্যবহারও করতে পারছে না। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, চন্দ্রঘোনার থানাঘাট এলাকায় নদীতে বড় আকারের সিমেন্টের পাইপ বসিয়েছে কেপিএম কর্তৃপক্ষ। এই পাইপ দিয়ে কিছুক্ষণ পর পর কালো, সাদা, বাদামি, লাল বর্ণের তরল বর্জ্য নদীতে পড়ছে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন কাপ্তাইয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনর রশীদ বলেন, ‘রাসায়নিক পদার্থের কারণে মাছের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে। মৎস্য সম্পদ রক্ষার্থে কারখানার বর্জ্য পরিশোধন করে নদীতে ফেলা উচিত।’চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরীক্ষণ সহকারী কর্মকর্তা মো. আবদুস সালাম জানান, ‘আন্তর্জাতিক মান অনুযায়ী বর্জ্য মিশ্রিত পানিতে ছয় থেকে আট মাত্রার পিএইচ থাকতে পারে। কিন্তু কেপিএম থেকে যে বর্জ্য নির্গত হচ্ছে তাতে পিএইচের মাত্রা থাকছে ১০ থেকে ১১। শিগগিরই ইটিপি না বসালে নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে।’কেপিএমের ইটিপি প্রতিস্থাপনবিষয়ক কারিগরি কমিটির প্রধান মো. আইনুল হক কারখানার বর্জ্য নদীতে সরাসরি পড়ছে বলে স্বীকার করেন। তবে এরপরও দূষণ সহনীয় মাত্রায় হচ্ছে বলে তিনি দাবি করেন। ইটিপি বসানো হচ্ছে না কেন জানতে চাইলে তিনি বলেন, ইটিপি বসানোর জন্য ২০০৭ সালে জাতীয় অর্থনৈতিক কমিটি—একনেক কেপিএমকে ১০ কোটি টাকা দেয়। ওই টাকায় ইটিপি বসানো সম্ভব না হওয়ায় টাকা ফেরত যায়। বর্তমানে ইটিপি বসাতে হলে কমপক্ষে ৫০ কোটি টাকার প্রয়োজন। তবে টাকা বরাদ্দ পাওয়া না গেলেও ইটিপি বসানোর জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। ভারত ও আমেরিকার একটি সংস্থা ৩৮ কোটি এবং চীন ৫২ কোটি টাকায় ইটিপি বসানোর জন্য দরপত্র জমা দিয়েছে।