নদীর পাড়ে আমোদ-প্রমোদ
বন্দরের টাকা লাগবে না জমি অধিগ্রহণের প্রয়োজন নেই প্রকল্প ব্যয়ের ৫০০ কোটি টাকা দেবে বেসরকারি সংস্থা বন্দর পাবে বছরে দুই কোটি টাকাপূর্ব-পশ্চিমে চার লেনের সুনসান সড়কের একপাশে বিছিয়ে রাখা গালিচার মতো সবুজ ঘাসের কয়েক কিলোমিটারের দীর্ঘ শোভা। এর মধ্যে চা-কফি আর ফাস্টফুডের দু-চারটি দোকান। সড়কের ওপাশে বয়ে চলা সমুদ্রগামী কর্ণফুলী নদী। নদীতে কখনো যান্ত্রিক শব্দ তুলে ছোট আকারের দেশীয় জাহাজ (লাইটার) কিংবা চট্টলার ঐতিহ্যবাহী দাঁড় টানা সাম্পানের ছুটে চলা। ওদিকে মুখ করে দাঁড়ালে বাঁয়ে দেখা যাবে সদ্যনির্মিত আধা ঝুলন্ত সেতুর দৃষ্টিনন্দন সৌন্দর্য। আর ডানে মাথার ওপর দিয়ে প্রায় ৪৫ ফুট প্রশস্ত উড়ালসড়কের হাতছানি। পরিবারের সদস্য ও নিকটজনদের নিয়ে বিকেলটা কাটানোর জন্য এর চেয়ে ভালো জায়গা আর কী হতে পারে!কোনো শিল্পীর আঁকা ছবির বর্ণনা নয় এটি। কর্ণফুলীর তৃতীয় সেতু থেকে শুরু করে ভাটির দিকে সদরঘাট পর্যন্ত এলাকায় নদীর মাটি তোলার যে প্রকল্পটি (ক্যাপিটাল ড্রেজিং অ্যান্ড ব্যাংক প্রোটেকশন) এখন বাস্তবায়িত হচ্ছে, সেখানে আকর্ষণীয় এসব সুবিধাসহ বিনোদন অঞ্চলের অবকাঠামো গড়ে তুলতে প্রস্তাব দিয়েছে ‘প্যাসিফিক মেরিন সার্ভিসেস’ নামের একটি বেসরকারি সংস্থা। এই সংস্থাটি ‘মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং কোম্পানির’ স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করছে। ওই মালয়েশিয়ান কোম্পানি প্রায় ২২৯ কোটি টাকা ব্যয়ে বন্দরের ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ শুরু করেছে তিন মাস আগে। জানা গেছে, ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের আওতায় নদী থেকে প্রায় ১০ কোটি ঘনফুট মাটি তোলা হবে। নদী থেকে তোলা মাটি দিয়ে রাস্তার পাশে একটি পায়ে হাঁটা মাটির সড়ক বানানোর পরিকল্পনা আছে। সঙ্গে নদীর দিকে থাকবে ৪০০ মিটার দীর্ঘ জেটি। পাঁচ কোটি ঘনফুট মাটি বন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যবহার করা হবে। বাকি মাটির মালিকানা থাকবে ওই মালয়েশিয়ান কোম্পানির। বন্দর সূত্রে জানা যায়, প্যাসিফিক মেরিন সার্ভিসেস ওই মাটির রাস্তার ওপর দিয়ে প্রায় ১২০ ফুট প্রশস্ত এবং প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ কনক্রিটের রাস্তা বানানোর একটি প্রকল্প নৌপরিবহন মন্ত্রণালয় এবং বন্দর কর্তৃপক্ষের কাছে গত ২৩ জুলাই জমা দিয়েছে। এই প্রকল্পে বারিক বিল্ডিং মোড় থেকে বন্দরের জেটি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ একটি উড়ালসেতু এবং সড়ক ও উড়ালসেতুকে ঘিরে একটি বিনোদন অঞ্চল গড়ে তোলার পরিকল্পনার কথা বলা হয়েছে। বিনোদন অঞ্চলে বেড়াতে আসা লোকজনের জন্য যাবতীয় সুবিধা সৃষ্টির পাশাপাশি গাড়ি রাখার সুনির্দিষ্ট জায়গা (পার্কিং লট) রাখা হবে বলে জানা গেছে। সূত্রমতে, প্রস্তাবিত প্রকল্পের জন্য নতুন করে কোনো ভূমি অধিগ্রহণের দরকার হবে না। বর্তমানে নদীর পাড়ে বন্দরের মোট ২০ একর জায়গায় প্রকল্প হবে। এ জন্য জায়গার ভাড়া হিসেবে বন্দর পাবে বছরে দুই থেকে আড়াই কোটি টাকা। সূত্রমতে, নৌপরিবহন মন্ত্রণালয় থেকে তিন সপ্তাহ আগে এই প্রকল্প গ্রহণের ব্যাপারে একটি দাপ্তরিক চিঠি পাঠানো হয় বন্দর কর্তৃপক্ষের কাছে। এরপর এটিকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে বিবেচনা করছে বন্দর। গতকাল বুধবার চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, এই রকম একটি প্রকল্পের প্রস্তাব নিয়ে বন্দরের সর্বশেষ উপদেষ্টা কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। প্যাসিফিক মেরিন সার্ভিসেসের মালিক আবু জাফর মোহাম্মদ সালেহ প্রথম আলোকে বলেন, ‘আমাদের নিজেদের টাকায় রাস্তাটি বানাব এবং প্রতিবছর বন্দরকে ভাড়া দেব। ২০ থেকে ২৫ বছর পর ওই সব অবকাঠামোর মালিক হয়ে যাবে বন্দর কর্তৃপক্ষ। প্রকল্পের খরচ ধরা হয়েছে ৫০০ থেকে ৫৫০ কোটি টাকা।’ তিনি বলেন, ‘রাস্তা ও উড়াল সড়কের ওপর দিয়ে চলাচলকারী যানবাহন এবং বিনোদন অঞ্চলে বেড়াতে আসা লোকজনের কাছ থেকে সহনীয় মাত্রায় ফিস (টোল) নিয়ে আমরা প্রকল্পের ব্যয় মেটাব এবং সামান্য লাভ করব।’ প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, প্রস্তাবিত সড়ক ও উড়াল সেতু নির্মিত হলে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার থেকে আসা সব যানবাহন মূল শহরে না ঢুকে কর্ণফুলী তৃতীয় সেতু পার হয়ে সোজা ওই সড়ক ধরে বারিক বিল্ডিং মোড়ে চলে আসবে। এরপর চট্টগ্রামের বাইরে বিভিন্ন জেলাগামী যানবাহন যাবে বারিক বিল্ডিং ও আগ্রাবাদ হয়ে বন্দর সংযোগ সড়কে। আর বন্দরের জেটির ভেতরে যেতে প্রস্তুত ট্রাক-কাভার্ড ভ্যান-লরি বারিক বিল্ডিং মোড় থেকে সরাসরি উড়াল সড়কে উঠে যাবে। উড়াল সড়কটি বন্দর জেটিতে গিয়ে শেষ হবে।