নদীর পেটে ভিটেবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হালদার ভাঙনে ধসে পড়ছে ফটিকছড়ির দক্ষিণ রোসাংগিরী গ্রামের একটি বসতঘর। ছবিটি ২০ সেপ্টেম্বর তোলা l প্রথম আলো
হালদার ভাঙনে ধসে পড়ছে ফটিকছড়ির দক্ষিণ রোসাংগিরী গ্রামের একটি বসতঘর। ছবিটি ২০ সেপ্টেম্বর তোলা l প্রথম আলো

ফটিকছড়ি উপজেলার সুয়াবিল, রোসাংগিরী, সমিতিরহাট ও সুন্দরপুর গ্রামে দিন দিন তীব্র হচ্ছে হালদা নদীর ভাঙন। ইতিমধ্যে বিলীন হয়েছে দুই শতাধিক একর ফসলি জমি। ভিটেমাটি হারিয়ে গৃহহারা হয়েছে শতাধিক মানুষ। ভাঙনের মুখে রয়েছে আরও তিন শতাধিক পরিবার।

সরেজমিনে দেখা যায়, পূর্ব সুয়াবিল, রোসাংগিরী, সমিতিরহাট ও দক্ষিণ সুন্দরপুর এলাকায় প্রতিনিয়ত ভাঙছে হালদার পাড়। সমিতিরহাটে নদী পাড়ের ১০টি ঘর এখন অর্ধেক ভাঙা অবস্থায় পড়ে আছে। এসব ঘরের লোকজন মালামাল সরিয়ে নিচ্ছেন। একইভাবে রোসাংগিরী গ্রামেও আটটি ঘর ভেঙে পড়ছে নদীতে।

সমিতিরহাট গ্রামের বাসিন্দা মো. নুরুল ইসলাম (৫৫) ও কাজী দিদারুল আলম (৫০) বলেন, ‘আতঙ্কে রয়েছে এখানকার শতাধিক পরিবার। ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তারা এলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

পূর্ব সুয়াবিল গ্রামের বাসিন্দা প্রফুল্ল কুমার (৩৭) জানান, দুই বছর আগে ভাঙ্গাদি​িঘর পাড় এলাকায় ভাঙন শুরু হয়। ওই সময় ২২টি পরিবারের ভিটেবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। নদীতে হারিয়ে গেছে পাড়সংলগ্ন শত বছরের পুরোনো মসজিদ। এখন ভাঙনের মুখে রয়েছে আরও শতাধিক পরিবার।

সুন্দরপুর এলাকার বাসিন্দা আনিসুর রহমান (৪৮) জানান, দুই বছরে এলাকার মানুষের প্রায় ১০০ থেকে ১৫০ একর ফসলি জমি বিলীন হয়ে গেছে। বসতভিটা হারিয়েছে ২৬টি পরিবার। এখন ভাঙনের মুখে রয়েছে গ্রামের আরও দুই শতাধিক পরিবার তিনটি মসজিদ। ভাঙনরোধে ব্যবস্থা নিতে এলাকাবাসী বরাবর আবেদন করেও কোনো ফল পাচ্ছেন না।

সুয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বলেন, ‘ব্রাহ্মণহাট বাজারটি এখনই স্থানান্তর না করলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এ ছাড়া কিছু লোকজনকে সরিয়ে না নেওয়ায় তঁারা দুঃসহ জীবন কাটাচ্ছেন। অথচ ভাঙনরোধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’

এখানেই ছিল বেবি আক্তারের (৪৫) ঘর। এখন সেই ঘর হারিয়ে গেছে হালদার গ্রাসে। ছবিটি সমিতিরহাটের পূর্ব ধলই  গ্রাম থেকে তোলা l প্রথম আলো
এখানেই ছিল বেবি আক্তারের (৪৫) ঘর। এখন সেই ঘর হারিয়ে গেছে হালদার গ্রাসে। ছবিটি সমিতিরহাটের পূর্ব ধলই গ্রাম থেকে তোলা l প্রথম আলো

ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এম তৌহিদুল আলম বলেন, ভাঙনরোধে ব্যবস্থা নিতে বিভাগীয় পর্যায়ে প্রতিবেদন দেওয়া হয়েছে অনেক আগে। বরাদ্দ পাওয়া পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী খোরশেদ আলম বলেন, ভাঙনরোধে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ, বেড়িবাঁধ মেরামত, তিনটি স্লুইসগেট নির্মাণ ও খননের জন্য ৪৫৮ কোটি ৮৩ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।