নদীর পেটে ভিটেমাটি
রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ নোয়াগাঁও এলাকার জেলেপাড়া ও ফখিরখীল গিলে খাচ্ছে কর্ণফুলী নদী। তিন বছর ধরে নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে এ এলাকার অর্ধশতাধিক ঘরবাড়ি ও দুই শতাধিক একর ফসলি জমি। ভিটেমাটি হারিয়ে গৃহহারা হয়েছে শতাধিক মানুষ। দক্ষিণ নোয়াগাঁও জেলেপাড়ার বাসিন্দা প্রফুল্ল জলদাস (৪৭) জানান, তিন বছর আগে জেলেপাড়া ও ফখিরখীল এলাকায় কর্ণফুলী নদীর ভাঙন শুরু হয়। এ সময়ে ২৭টি জেলে পরিবারের ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। নদীতে হারিয়ে গেছে জেলেপাড়াসংলগ্ন শত বছরের পুরোনো গোচরা বাজার। এখন ভাঙনের মুখে রয়েছে আরও শতাধিক জেলে পরিবার। ফখিরখীল এলাকার বাসিন্দা হাফেজুর রহমান (৫৩) জানান, তিন বছরে এলাকার মানুষের প্রায় ১৫০ থেকে ২০০ একর ফসলি জমি বিলীন হয়ে গেছে। বসতভিটা হারিয়েছে ২৬ পরিবার। এ ছাড়া কাঙালি শাহ মাজারসংলগ্ন এলাকার কিছু জমিও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন ভাঙনের মুখে রয়েছে গ্রামের আরও দুই শতাধিক পরিবার, কাজির মসজিদ ও ফখিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভাঙন রোধে ব্যবস্থা নিতে এলাকাবাসী রাঙ্গুনিয়া পৌর মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একাধিকবার আবেদন করেও কোনো ফল পায়নি বলে অভিযোগ করেন তিনি। সরেজমিনে গিয়ে দেখা যায়, কর্ণফুলী নদীর ঢেউ জেলেপাড়া ও ফখিরখীল এলাকায় আছড়ে পড়ছে। এতে তলার মাটি সরে গিয়ে পাড় ভেঙে নদীতে পড়ছে। তবে নদীতে জোয়ারের সময় এ ভাঙন তীব্র আকার ধারণ করে বলে জানান নদীপারের বাসিন্দারা। দক্ষিণ নোয়াগাঁও পৌর কাউন্সিলর মো. নাছের বলেন, পৌর কর্তৃপক্ষ গোচরা বাজারটি এখন কাপ্তাই সড়কের বাচাশাহ মাজার ফটকসংলগ্ন এলাকায় স্থানান্তর করে। কিন্তু ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অচিরেই কর্ণফুলী নদীর ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আরও অনেক পারিবার গৃহহারা হবে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে পৌর মেয়র খলিলুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, দক্ষিণ নোয়াগাঁও জেলেপাড়া ও ফখিরখীল এলাকায় কর্ণফুলী নদীর ভাঙনের ব্যাপারে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদকে অবহিত করা হবে, যাতে ভাঙন প্রতিরোধে দ্রুতগতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী এ প্রসঙ্গে বলেন, ফখিরখীল ও জেলেপাড়া এলাকায় ভাঙন রোধে ব্যবস্থা নিতে বিভাগীয় পর্যায়ে প্রতিবেদন দেওয়া হয়েছে অনেক আগে। বরাদ্দ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।