হালদা নদীর বুকে পাঁচটি বড় চর। নাজিরহাট, কুম্ভারপাড়া, ধুরুং, নাইচ্যারঘাট ও ব্রাহ্মণহাট। এসব চরে এখন সবজিতে পরিপূর্ণ। যেন নদীর বুকে সবুজের ঢেউ। হালদাপারের হাজারো কৃষকের চোখেমুখে তাই আনন্দের হাসি।১৯৯১ সালের আগে এসব চরে ছিল জনবসতি। নানা সময় বন্যা আর ভাঙনের কবলে পড়ে সেইসব বসতি বিলীন হয়ে যায়। নদীর ভাঙাগড়ার খেলায় আবারও জেগে ওঠে চর। বসতভিটে হারিয়ে একসময় যারা নিঃস্ব হয়েছিলেন, দীর্ঘদিন পর জেগে ওঠা ওই চরগুলো এখন তাদের আশার সম্বল। গত ১০ বছর ধরে এসব চরে সবজি আবাদ করে স্বাবলম্বী হয়েছেন অন্তত এক হাজার পরিবার।দৌলতপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা তপন কান্তি চৌধুরী জানান, চরের প্রতি হেক্টর জমিতে প্রায় ১৫ টন সবজি উৎপাদিত হয়। যার মূল্য প্রায় অর্ধলক্ষ টাকা। সে হিসাবে ৩০০ হেক্টর জমিতে সাড়ে চার হাজার টন সবজি উৎপাদিত হয়। যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকার বেশি।কৃষি উপসহকারী কর্মকর্তা জামাল উদ্দিন জানান, প্রতিবছর বন্যায় হালদার অনেক জমি ঢলে তলিয়ে যায়। পরবর্তী সময়ে এতে কিছু স্থানে প্রচুর পলি জমে। পলিযুক্ত দো-আঁশ মাটি সবজি চাষের জন্য অত্যন্ত উপযোগী। এতে কৃষক বেশ লাভবান হয়, ফলও ভালো জন্মে।ধুরুং গ্রামের কৃষক মুহাম্মদ নেজাম জানান, চরে সবজি চাষে খরচ খুবই কম। সারের তেমন প্রয়োজন হয় না। লাভ বেশি হওয়ায় কৃষকেরা সবজি চাষে বেশি বিনিয়োগ করেন। সবজি হিসেবে ফুলকপি, বাঁধাকপি, আলু, মুলা, বরবটি, বেগুন, শিম, টমেটো, পেঁয়াজ, মরিচ ও ধনেপাতার চাষ হয়। ব্রাহ্মণহাট এলাকার কৃষক ফয়েজ আহাম্মদ জানান, প্রতি হেক্টরে ৩০ কেজি ইউরিয়া, ২০ কেজি ফসফেট এবং পাঁচ কেজি নাইট্রোজেন সার দিতে হয়। অনেকে জৈবসার মিশিয়ে জমিতে বীজ বপণ করেন।নাজিরহাট বাজারের সবজি ব্যবসায়ী মো. রমজান আলী জানান, প্রতি সপ্তাহে কুম্ভারপাড়া এলাকা থেকে তিনি প্রায় এক-দেড় লাখ টাকার সবজি কিনে বাজারে বিক্রি করেন।এলাকার মো. আলী বলেন, একসময় কাজ ছিল না। এখন কাজের অভাব নেই। বরং এলাকার অনেক বেকারেরা কাজের সুযোগ পাচ্ছেন। পাশের গ্রামের অনেকে সবজিখেতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ বলেন, সরকার কৃষিবান্ধব। তাদের প্রয়োজনে কৃষিঋণের পাশাপাশি পর্যাপ্ত প্রশিক্ষণসহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা করা রয়েছে।