নদীর মতো বহমান

ছোটবেলায় ড্রয়িংয়ের প্রতি তেমন ঝোঁক আমার ছিল না। ভবিষ্যতে আর্টিস্ট হওয়ার কোনো স্বপ্নও দেখিনি। বগুড়ায় যখন করোনেশন ইনস্টিটিউশনে ১৯৪৭ সালে দশম শ্রেণির ছাত্র, তখনই বাম রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ি। পোস্টার লিখতাম। পার্টির জন্য মার্ক্স, এঙ্গেলস, লেনিন, স্তালিনের প্রতিকৃতি এঁকেছি। ভর্তি হয়েছিলাম ঢাকায় গভর্নমেন্ট ইনস্টিটিউট অব আর্টসে, ছাত্রদের মধ্যে বাম রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠা করার লক্ষ্যে।
আমার বাবা ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ চেয়েছিলেন, প্রবেশিকা পরীক্ষায় পাস করার পর যাতে আলীগড়ে পড়ি। তাই আর্ট ইনস্টিটিউটে পড়ব, তা প্রথমে তিনি মেনে নিতে পারেননি। ১৯২৬-২৮ সালে প্যারিসের সরবোর্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি দেখেছেন শিল্পীদের অভাব-অনটন। ছেলের ভবিষ্যৎ চিন্তায় তাই বিচলিত হয়েছিলেন। কিন্তু আমি অনড় থাকায় তিনি চাইলেন, আমি শান্তিনিকেতনে যাই। কিন্তু আর্ট শেখা আমার মূল উদ্দেশ্য ছিল না। রাজনৈতিক কারণে ঢাকায় থাকাটাই ছিল আসল কারণ। আমার বাবা কখনো নিজের ইচ্ছা সন্তানদের ওপর জোর করে চাপিয়ে দিতেন না।
১৯৫৪ সালে প্রথম বিভাগে পাস করে বের হওয়ার পর ভাবনা হলো, আমাকে আমার মতো কিছু সৃষ্টি করতে হবে। সে সময় কলকাতার স্টেটসম্যান পত্রিকায় প্রতি রোববারের সাময়িকীতে প্যারিস প্রত্যাগত ভারতীয় শিল্পীদের ওপর প্রতিবেদন ছাপা হতো। সেখানে লক্ষ্মণ পাই, সুজা, রামকুমার, আকবর পদমসি, পরিতোষ সেন প্রমুখের চিত্রকলার সঙ্গে পরিচিত হই। পরিতোষ সেনের ছবি দেখে আমি নতুন দিক খুঁজে পেলাম। প্যালেট নাইফ দিয়ে সৃষ্টি করা তাঁর ছবিতে রঙের সীমিত ব্যবহার ও ড্রয়িংয়ের সরলীকরণ আমাকে মুগ্ধ করল। আমিও তাঁর মতো করে প্যালেট নাইফ দিয়ে ছবি আঁকা শুরু করেছিলাম। প্যালেট নাইফের ডগা দিয়ে রং নেওয়ায় বস্তুর বহিঃরেখা তেমন সূক্ষ্ম হতো না। তিনি আমাকে শিখিয়েছিলেন কীভাবে লাইন দিতে হয়। তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রথম আধুনিক ধাঁচে সেতার বাদনরত যে চিত্রটি এঁকেছিলাম, তার মডেল হয়েছিল দেবদাস চক্রবর্তী, আমার ঘনিষ্ঠতম বন্ধু। এ সময় আমার ছবির বিষয় ছিল সাধারণ মানুষ—তাদের হাসি-কান্না, অবসর, বিনোদন ইত্যাদি।
১৯৫৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ মিউজিয়ামে টিচার্স ট্রেনিং সার্টিফিকেট কোর্স শেষ করে ঢাকায় ফিরে চাকরিহীন অবস্থায় আছি। দুপুরে ঘরে ফিরে ভাত খেয়ে বেরিয়ে পড়ি চোরের মতো। নবাবপুর রোডের রেলক্রসিংয়ের (তখন ফুলবাড়িয়ায় ছিল রেলস্টেশন, এই পথ দিয়ে নারায়ণগঞ্জে ট্রেন চলাচল করত) দক্ষিণ দিকে ছিল ক্যাপিটাল নামে এক রেস্টুরেন্ট। সেখানে বিকেল থেকে সন্ধ্যারাত পর্যন্ত আড্ডা দিতাম ফজলে লোহানী, সৈয়দ শামসুল হক, হাসান হাফিজুর রহমান, দেবদাস চক্রবর্তী, বিজন চৌধুরী প্রমুখের সঙ্গে।
১৯৫৩ সালে আমিনুল ইতালি সরকারের বৃত্তি নিয়ে ফ্লোরেন্সে চলে যায়। ১৯৫৬ সালে সে আমাকে একাডেমি ও ফাইন আর্টসে একটি সাময়িক ভর্তির সার্টিফিকেট পাঠায়। আমি বাবাকে উচ্চশিক্ষার জন্য ফ্লোরেন্স যাওয়ার কথা বললাম। তিনি দ্বিমত করলেন। তিনি চাইলেন, আমি প্যারিসে যাই। তাঁকে সাময়িক ভর্তির কাগজ দেখানোয় তিনি রাজি হলেন। তবে শর্ত জুড়ে দিলেন, যাতায়াতের টিকিট আমাকে জোগাড় করতে হবে। আমি সমস্যায় পড়ে গেলাম। কেননা, বইয়ের প্রচ্ছদ এঁকে বা অন্য কোনো কমার্শিয়াল কাজ করে আমি অর্থ উপার্জন করিনি।
আমি মুসলিম এডুকেশন ফান্ডের জন্য আবেদন করলাম। তদানীন্তন ডিপিআই ফেরদৌস খানের সঙ্গে বাবার পরিচয় দিয়ে দেখা করলাম। তিনি সানন্দে দরখাস্ত নিয়ে সপ্তাহ খানেক পর দেখা করতে বললেন। দেখা করার পর বিরস কণ্ঠে দুঃখ প্রকাশ করে জানালেন, আর্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ জয়নুল আবেদিনকে দরখাস্ত পাঠিয়ে জানতে চেয়েছিলেন, উচ্চশিক্ষার পর ইনস্টিটিউটে আমার প্রয়োজন হবে কি না। দরখাস্তের কোনায় লাল কালিতে আবেদিন স্যারের মন্তব্য দেখলাম, এ ব্যাপারে সঠিক কিছু বলতে পারবেন না। ফান্ড থেকে কোনো অর্থ পেলাম না। ঢাকায় আমার দুজন বিদেশি বন্ধু—ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি জেওফ্রি হেডলি ও ইউএসআইএর সহকারী কালচারার অ্যাফেয়ার্সের হফটাইজার—আমার ছবি কিনল ও বিক্রির ব্যবস্থা করে দিল।
ফ্লোরেন্সে যাওয়ার আগে পরিতোষ সেনের মতো কালো বহিঃরেখা দিতাম। ফ্লোরেন্সে গিয়ে বস্তুর যে রং, তা-ই দিয়ে বহিঃরেখা আঁকার চিন্তা মাথায় এল। ইতালিতে থাকার শেষ পর্যায়ে আমার মনে হলো, প্রচলিত অর্থে চিত্রের ব্যাকগ্রাউন্ড বলে কিছু নেই। সবকিছু পরস্পর-সম্পর্কিত। যেমন একটি জানালা, তার পাশে টেবিল, তার সামনে চেয়ারে কেউ বসে। আবার এও বলা চলে যে, টেবিলের পাশে চেয়ারে কেউ বসে, তার পেছনে জানালা। দুটোই সত্য। এই চিন্তায় আমি সামনের বস্তুর ওপর দিয়ে পেছনের যেসব বস্তুর যে রং, তা দিয়ে রেখা আঁকতাম। পরের দিকে রেখার পরিবর্তে বস্তুর রঙের তারতম্যে অনেকটা এক্স-রের মতো স্বচ্ছ হয়ে উঠল। একে আমি বলতাম, ‘ট্রান্সপারেনসিজম’। শিল্প-সমালোচকেরা বলেন, একধরনের কিউবিজম। মজার ব্যাপার হলো, আমি কিউবিজমের তত্ত্ব ধরে ছবিগুলো আঁকিনি, কিন্তু আমার পর্যবেক্ষণের ফলে ছবিগুলো কিউবিস্ট আদল পেল।
বাবা আমাকে দুই বছরের জন্য টাকা দেবেন বলেছিলেন। ভাবলাম, দেশে না ফিরে লন্ডনে চলে যাই। সেখানে ফজলে লোহানী আছে, কোনো চিন্তা নেই। তাই মার্চে ফ্লোরেন্সে একক প্রদর্শনী করার পরিকল্পনা করলাম। একজন শিল্পীর যদি একক প্রদর্শনীই না হয়, তাহলে তার সার্থকতা কোথায়? গ্যালারির ভাড়া সপ্তাহে ২০ পাউন্ড। আমার মাসিক বাজেটই তখন ২০ পাউন্ড। অতশত না ভেবে গ্যালারি বুক করলাম। ছাত্রদের ক্যানটিনে রোজকার মতো বসি। কিন্তু পকেট শূন্য, খেয়ে না-খেয়ে দিন চলে। বন্ধুবান্ধবের কেউ কেউ আমার আর্থিক অবস্থা বুঝতে পারে, তাই খাবার কুপন কিনে দেয়। বিনিময়ে কাগজে কলম দিয়ে তাঁদের পোর্ট্রেট এঁকে দিই। পরে একটা সস্তা রেস্টুরেন্টের খোঁজ পেলাম, সেখানে সবকিছু আধা প্লেট করে পাওয়া যায়।
১৯৫৮ সালের জুনে লন্ডনে স্থায়ীভাবে বসবাসের জন্য যাই। জীবিকার জন্য ক্যানটিন ও পানভোজনের রেস্তোরাঁয় থালাবাসন ধোয়া, রান্নাঘরের মাল আনা-নেওয়ার কাজ করি। সেই সঙ্গে বিবিসির তদানীন্তন সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান ‘আঞ্জুমানে’ খবর ও অন্যান্য বিষয় পাঠে অংশ নিই। সকাল-সন্ধ্যায় রেস্টুরেন্টের কাজের ফলে এত ক্লান্তি জড়ো হতো যে নিজেকে শিল্পী হিসেবে গড়ে তোলা বিঘ্নিত হচ্ছিল। ভাবলাম, দেশে ফিরে যাই।
১৯৫৮ সালের ডিসেম্বরের শেষে ঢাকায় ফিরে আসি। ঢাকায় যথারীতি বাবা প্রতিদিন চাকরির কথা বলতেন। চাকরি না পাওয়ায় নিজেকে মনে হতো অপদার্থ। সহজে তাঁর সম্মুখে আসতে চাইতাম না। ঠিক করলাম, করাচি যাব। করাচিতে সাঈদ আহমেদ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত। তার ওখানে উঠলাম। বললাম, তার ওখানে খাব না, বিছানাও শেয়ার করব না। ঘুমাতাম কার্পেটের ওপর। রাতে খেতাম ‘গভর্নমেন্ট অ্যাপ্রুভ্ড্ রুটিশপ’ বলে গরিবদের জন্য ছোট্ট ঝুপড়িতে খাবার দোকানে। সেখানে ভিক্ষুক, মুটে, ফেরিওয়ালারা খেত। আমার পরনে ইতালিয়ান স্যুট, অথচ খাচ্ছি এখানে—ওরা অবাক হয়ে তাকিয়ে থাকত।
১৯৫৯ সালের ডিসেম্বরের শেষে গেলাম লাহোরে। লাহোরের প্রদর্শনী শেষে কবি ফয়েজ আহমদ ফয়েজ বললেন, ‘তুমি লাহোরে থেকে যাও, এখানে আর্ট কাউন্সিলের সান্ধ্য ক্লাসে পেইন্টিংয়ের ক্লাস নাও।’ ঠিক করলাম, থাকব। একটা ঘর ভাড়া করলাম। যে ঘরে থাকি, তার কোনো পলেস্তারা নেই। একদিকের দেয়ালজুড়ে তিনটি জানালা, তাতে কাচ নেই। এক অদ্ভুত নিঃসঙ্গতা। ভিন্ন পরিবেশ ও ভাষার মানুষ আমার চারপাশে।
একদিন প্রচণ্ড গরমে ঘরের মেঝেতে শুয়ে আছি। ছাদে লক্ষ করলাম, বৃষ্টির পানি চুইয়ে শেওলা পড়েছে। পলেস্তারাহীন দেয়ালে যেন ভয়ার্ত মানুষের চেহারা। সে সময় আমি লাহোরের ঘনবসতিপূর্ণ রাস্তায় একা একা ঘুরতাম। দেয়ালে দেয়ালে এমন অসংখ্য মুখ যেন আমাকে কী বলছে। লাহোরে আমার কোনো ইজেল ছিল না, ছবি আঁকতাম মাটিতে ক্যানভাস বিছিয়ে তাতে এনামেল রং ফেলে। কখনো নখ ও পেরেক দিয়ে আঁচড় কাটছি, হাত দিয়ে রং মাখাচ্ছি। কখনো কাঁচা রঙের ওপর কাপড় চেপে ধরায়, নিচের সাদা রং ভেসে আসত। আমি কী করছি, জানি না। আমার অবচেতনের রং-রেখা মিশিয়ে তৈরি হতো কোনো ভয়ার্ত মুখ বা ফুলসহ নারী। ১৯৬১ সালে লাহোরের প্রদর্শনীর বিষয়বস্তু ছিল পাখি হাতে রমণী, খাঁচাবন্দী পাখি, রুগ্ণ শিশু ইত্যাদি। এই ছবিগুলোর রং ছিটানো থেকে পরবর্তীকালে ‘দেয়াল’ সিরিজের সূত্রপাত।
আমার জীবন ছিল অগোছালো। ১৯৬২ সালে হুট করে বিয়ে করার পর জীবন হয়ে গেল ছকে বাঁধা। একদিন সকালে আমার স্ত্রীর মুখোমুখি বসে চা পান করছি। তাঁর মুখের দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো, প্রতিটি বস্তুই সুশৃঙ্খল কাঠামোয় আবদ্ধ। চেহারা, গাছ, বাড়ি, মুরগি—সবকিছু এই চিন্তা থেকে জ্যামিতিক বন্ধনে গেঁথে গেল। এভাবে ছবি আঁকি ১৯৬২ থেকে ’৬৪ সাল অবধি। বিয়ের আমেজ নিয়ে ক্যানভাসে স্থান পায় সোনালি ও রুপালি, যা আগে কখনো ব্যবহার করিনি।
১৯৬৬ সালের শুরুতে আমিনুল ইসলাম, কিছু পরে কিবরিয়া বিমূর্ত রীতির চিত্র রচনা করছে। আমি তখনো ফিগারেটিভ কাজ করি। একদিকে সমাজের প্রতি আমার অঙ্গীকার, অন্যদিকে বিমূর্ত ছবি না আঁকায় বন্ধুদের কাছে হয়তো অনাধুনিক বলে গণ্য হচ্ছি—এই হীনম্মন্যতায় আমার মধ্যে টানাপোড়েন চলছে। তখন আইয়ুব খানের সামরিক শাসনামলের দমবদ্ধ অবস্থা। আমি অস্থির হয়ে গেলাম। তখন বেগমবাজারে পৈতৃক বাড়িতে থাকি। জেলখানার পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ করলাম, দেয়ালের পলেস্তারা খসে ইট উঁকি দিচ্ছে। কোথাও পেরেকের আঁচড় বা হাতের ছাপ। পোস্টার বা বিজ্ঞাপনের ছেঁড়া অংশ তুলে ফেলার পর লেগে রয়েছে আঠার দাগ। নোট রাখার মতো আমি এগুলো কাগজে এঁকে রাখতাম। নানা টেক্সচার নিয়ে এই দেয়ালচিত্র যেন বিমূর্ত ছবি। ফাঙ্গাস, শেওলা বা প্লাস্টার খসে যাওয়া দেয়ালই হুবহু এঁকেছি বাস্তবধর্মী চিত্রকরের মতো।
১৯৬৯ সালের মাঝামাঝি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে লেকচারের পদের বিজ্ঞাপন বেরোল। আমি ঢাকা থেকে সৈয়দ আলী আহসানের সঙ্গে যোগাযোগ করলাম। তিনি আবেদন করতে বললেন। জানালেন যে রশীদ চৌধুরীও আবেদন করার জন্য ফরম নিয়েছে। আমি ইতিমধ্যে এক মেয়ের বাবা হয়েছি। স্ত্রী আবার সন্তানসম্ভবা। রশীদের বন্ধু ওবেইদ জায়গীরদারকে বললাম, সে যেন আবেদন না করে। সে ট্যাপেস্ট্রি করে উপার্জন করছে ভালোই, কিন্তু আমার ছবির বাজার তৈরি হয়েছিল পশ্চিম পাকিস্তানে। রশীদ আমার অনুরোধ রাখল না। আমরা সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু; হয়ে গেলাম প্রতিদ্বন্দ্বী। ইন্টারভিউ কার্ড পেলাম, কিন্তু ইন্টারভিউ না দিয়ে করাচি চলে গেলাম প্রদর্শনী করতে। পরে আমার স্ত্রীর কাছে শুনেছি, আমাকে ইন্টারভিউতে না দেখে চট্টগ্রাম থেকে সৈয়দ আলী আহসান ফোন করেছিলেন। আমি করাচি যাওয়ায় বিরক্ত হয়ে বলেছিলেন, তিনি উপাচার্য ডক্টর মল্লিককে নাকি আমাকে চাকরি দেওয়ার কথা বলে রেখেছিলেন।
১৯৭১-এর নভেম্বরের প্রথম সপ্তাহে সপরিবারে দেশত্যাগ করে প্যারিসে চলে যাই। ফ্রান্সে টেলিভিশনের পর্দায় ও পত্রিকায় দেখতাম আত্মোৎসর্গিত যুবকদের ছবি। সেই অজানা নামহীন শহীদদের উদ্দেশে নিবেদন করলাম ৩৭টি চিত্রমালা, ‘এপিটাফ ফর দ্য মার্টিয়ার্স’। প্যারিসের নিকটবর্তী মঁমরাসিতে যে বাসায় থাকতাম, বরফ পড়ার পর তার উঠান যাতে কর্দমাক্ত না হয়, সে জন্য বিছানো হতো নুড়ি-পাথর। মনে পাপবোধ, হৃদয় দুঃখে ভারাক্রান্ত। একদিন হাঁটার সময় জুতার আঘাতে একটা পাথর উল্টে গেল। মানুষের শরীরের অঙ্গের মতো আকার। হঠাৎ মনে পড়ল, প্রাচীন যুগে কোনো যোদ্ধা মারা গেলে তার মাথার কাছে রাখা হতো পাথর। তা হতো উন্মুক্ত আত্মার প্রতীক। দেশকে ভালোবেসে সাধারণ যে জনগণ জীবন দান করেছে, তাদের উদ্দেশে আঁকলাম। এ সময় আমার লক্ষ্য ছিল রেনেসাঁ শিল্পীদের মতো হুবহু বাস্তবতা। আর মানসিকতা ছিল ইেম্প্রশনিস্ট শিল্পীদের মতো। ছবিগুলোর নাম দিলাম ‘বিমূর্ত বাস্তবতা’।
আমি নানাভাবে ছবি এঁকেছি। জায়নামাজ, সোলেমানি নকশার ধারণা ও ডিজাইন নিয়ে ১৯৭৯ সালে করেছি ‘জ্যোতি’ সিরিজ। সেখানে মিনিয়েচার চিত্রকলার মতো সোনালি ও রুপালি রং ব্যবহার করেছি। ইসলামি ক্যালিগ্রাফি সেখানে প্রধান ছিল না। মূল সুর জ্যামিতিক। তাবিজ আর জায়নামাজের বিভাজনের ওপর ভিত্তি করে কয়েকটায় আল্লাহ-মোহাম্মদ ব্যবহার করেছি। আমাকে অনেকে সমালোচনা করেছে। ১৯৮০ সালে এই ছবিগুলো প্রদর্শিত হওয়ার সময় আবুল ফজল সাহেবকে বললাম, স্যার, ছোটবেলা থেকে দেখে আসছি, আমার বাবা-মা নামাজ পড়েন। ঘরে পবিত্র কোরআনের সূরা বাঁধানো। আমার চিত্রে যদি এগুলো আসে, তাহলে প্রতিক্রিয়াশীল হলাম কীভাবে? তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
আকাশপথে আমেরিকা ভ্রমণের সময় সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময়ে মেঘের বর্ণচ্ছটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল। একইভাবে রঙের ব্যাকরণভিত্তিক ছবি আঁকি ২০০২ সালে ৩৭টি, ‘কলেমা তৈয়বা’ চিত্রমালায়। অক্ষরগুলো আমার সৃষ্টি ছিল না। আমি বাংলার সুলতানি আমলের শিলালিপি ও মুদ্রা থেকে তা গ্রহণ করেছিলাম। আমার মনে হয়েছিল, কালীঘাট ও পাল যুগের শিল্পকলার মতোই ২০০ বছর ধরে বাংলায় এই তুর্কি, হাবশি, আরব ও আফগান সুলতানদের স্থাপত্য, টেরাকোটায় উৎকীর্ণ জ্যামিতিক নকশা, শিলালিপি ও মুদ্রার অক্ষর আমাদের ঐতিহ্য। আমার অধঃপতন হয়েছে, আমি প্রতিক্রিয়াশীল হয়ে গেছি—এভাবে নিন্দিত হয়েছিলাম। মজা হচ্ছে, লেওনার্দো দা ভিঞ্চি, রাফায়েল, মাইকেলেঞ্জেলো কিংবা মকবুল ফিদা হুসেন, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, নীরদ মজুমদার, বিকাশ ভট্টাচার্যরা যখন পৌরাণিক কাহিনি ভিত্তি করে ছবি আঁকেন, তাঁদের কিন্তু কেউ প্রতিক্রিয়াশীল বলেন না।
শিল্পকলার দুর্গম অনেক পথ আমাকে পাড়ি দিতে হয়েছে। শিল্পীরা এখন পণ্যে পর্যবসিত হয়েছেন। চারপাশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে তিনি এখন পরগাছা। আমি নয়নাভিরাম হ্রদ হতে চাইনি। চেয়েছি আমার জীবনটিকে নদীর মতো বহমান করে তুলতে, যে নদীর আকুতি সমুদ্রসঙ্গমে বিলীন হয়ে যাওয়ার।
সততা ও নিষ্ঠা নিয়ে চিত্ররচনায় নিমজ্জিত থাকায় আমার শিল্পীজীবন মসৃণ নয়। যশ ও খ্যাতির বিড়ম্বনা, অর্থের প্রলোভন উপেক্ষা করায় ক্ষতবিক্ষত হয়েছি। প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা আমার মধ্যে সঞ্চারিত হয়েছে। সে জন্যই এত বিবর্তন। ছবিগুলো কেমন হয়েছে তার বিচার করবে সময়। এখন কী পেলাম, তা বড় কথা নয়। মৃত্যুকে অতিক্রম করে যেতে পারব কি না, সেটাই আমার প্রশ্ন। এই কঠিন যুগে এখনো লড়ে চলেছি জীবনের শেষ আয়ু পর্যন্ত।
জাঁ ককতো বলেছিলেন, বুর্জোয়া সমাজ জিনিয়াসকে স্বীকৃতি দেয়, কিন্তু বাঁচার অধিকার দেয় না। এ কথা ধ্রুব সত্য।