নদীর মাটি যাচ্ছে ইটভাটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোয়ালখালী উপজেলায় কর্ণফুলী নদী ও সংযুক্ত খালের তীরে গড়ে উঠেছে আটটি ইটভাটা। সব ভাটায় ইট বানানোর কাজে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে কর্ণফুলী নদী ও নদীর বুকে জেগে ওঠা চরের মাটি। চর থেকে মাটি কেটে নৌকায় করে প্রকাশ্যে আনা হচ্ছে ইটভাটায়।এ মাটির তৈরি ইটের গুণগতমান ভালো বলে চাহিদাও বেশি—দাবি করেছেন সংশ্লিষ্ট লোকজন। অবৈধভাবে নদী ও চর থেকে মাটি কাটার বিষয়টি নজরে আসায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বোয়ালখালীতে আটটি ইটভাটার মধ্যে সাতটি চালু রয়েছে। শাকপুরা রায়খালী চৌধুরী ব্রিকস ওয়ার্কসের পরিবেশগত ছাড়পত্র নবায়ন না থাকায় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে চিঠি দিয়েছে পরিবেশ অধিদপ্তর।সরেজমিনে দেখা গেছে, উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের পাঁচটি ভাটা নদী ও সংযুক্ত খালের তীরে। চরখিজিরপুর এলাকায় কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠেছে মেসার্স রিভারভিউ ব্রিকস ইন্ডাস্ট্রি (কামাল ব্রিকস), শাহ মোহছেন আউলিয়া ব্রিকস, মেসার্স ইউনিক স্ট্যান্ডার্ড ব্রিকস, কালুরঘাট এলাকার জেটি রোড খালের তীরে কবির ব্রিকস (এমবিএম), কেবিএম, কধুরখীল এলাকায় আরএসি, শাকপুরার রায়খালী খালের তীরে মেসার্স চৌধুরী ব্রিকস ওয়ার্কস। সব ভাটায় মাটি আনা হচ্ছে নদীর পাড় ও জেগে ওঠা চর কেটে।চরখিজিরপুর এলাকার তিনটি ভাটায় দেখা যায়, একযোগে পাঁচ-ছয়টি নৌকা থেকে শ্রমিকেরা ভাটায় মাটি তুলছেন। কালুরঘাট এলাকায়ও একই দৃশ্য চোখে পড়ে। পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম বলেছেন, বেপরোয়াভাবে নদীর পাড় ও চর কাটার ফলে নদীর গতিপথ হারিয়ে নদীভাঙন তীব্র ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।রিভারভিউ ব্রিকসের ব্যবস্থাপক আবদুল জলিল ভূঁইয়া কর্ণফুলী নদী ও চরের মাটি দিয়ে ইট বানানোর কথা স্বীকার করে বলেন, ‘এ মাটি দিয়ে তৈরি ইটের মান ভালো হয়। অন্য এলাকার মাটিতে বালুমিশ্রিত থাকে। ইট টেকসই হয় না।’ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইনের ৪ ধারার ৫ উপধারা মতে, আবাসিক এলাকা, উপজেলা সদর, ফলের বাগানসহ তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা অবৈধ ও বেআইনি। কিন্তু দেখা যায়, কয়েকটি ইটভাটা গড়ে উঠেছে ফসলি জমি আর জনবসতি এলাকায়। এসব এলাকায় ইট পোড়ানো মৌসুমে রবিশস্য ও বোরো ফসল ভালো হয় না বলে জানান স্থানীয় কৃষক আলাউদ্দিন, আবদুর নবীসহ কয়েকজন।পরিবেশ অধিদপ্তরের ২০০৩ সালের ২০ অক্টোবর জারি করা পরিপত্রে দেখা যায়, প্রতিটি ভাটায় ১২০ ফুট উচ্চতার চিমনি থাকতে হবে। কয়েকটি ইটভাটায় ৪০-৫০ ফুটের চিমনি দেখা যায়।বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেদ রহিম এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘মাটি আনার বিষয়টি আমার নজরে এসেছে। নদী কিংবা নদীর চর থেকে মাটি তোলার কোনো অনুমতি নেই। এ সম্পর্কে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।’জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের পরিচালক জাফর আলম প্রথম আলোকে বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হবে। নদী ও চর থেকে মাটি কাটার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলতে হবে।’