সাফল্যের সংগ্রাম অপর্ণা। টেলিভিশন নাটকের প্রিয়মুখ। চট্টগ্রামের মঞ্চেও তাঁর সরব উপস্থিতি। কাজের জন্য রাজধানীতে থাকা হলেও চট্টগ্রামই সব তাঁর। একটু সময় পেলেই দৌড় দেন কর্ণফুলীর তীরে। সেসব কথা বলেছেন শান্তনু চৌধুরীকে
নদীর সঙ্গেই ছিল আমার মিতালি
কেমন আছেন?শুটিং, পড়ালেখা আর ঢাকা-চট্টগ্রাম দৌড়াদৌড়ি চলছে। চট্টগ্রাম-ঢাকা যাওয়া-আসা খুব ভোগাচ্ছে। শুটিংয়ের কারণে প্রায়ই ঢাকায় আসতে হয়, আবার পড়ালেখা, পরিবার ও নাটকের দলের জন্য ছুটতে হয় চট্টগ্রামে। মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়ি। এমনও হয় সারাদিন শুটিং করে রাতের বাসে ফিরে যাচ্ছি চট্টগ্রামে।কী নিয়ে ব্যস্ত এখন?কয়েকটা ধারাবাহিক নাটকে কাজ করছি। ইফতেখার আহমেদ ফাহমির ফিফটি ফিফটি, মুরাদ পারভেজের অচেনা মানুষ—আপাতত এই দুই নাটকে কাজ করছি। আপনার বেড়ে ওঠার দিনগুলো কেমন ছিল?আমাদের বাড়ি টাইগারপাসে। বাবা-মার সঙ্গে চট্টগ্রাম শহরে থাকলেও বড় হয়েছি রাঙামাটিতে। বাবা অলক ঘোষ রেলওয়েতে চাকরি করেন। তিনি নাটকের সঙ্গে জড়িত। মঞ্চে কাজ করেন নান্দিকারে। মা ঝর্ণা ঘোষ চাকরি করেন। আমি রাঙামাটিতে থাকতাম কারণ মার কর্মস্থল ছিল ওখানে। এসএসসি পাস করেছি রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে। পড়াশোনা শুরু শিশু বিদ্যানিকেতনে। রাঙামাটিতে আমরা যেখানে থাকতাম তার পাশে ছিল নদী। ওই নদীর সঙ্গেই ছিল আমার মিতালি। নদীর সঙ্গে কত দুষ্টুমি করেছি বালিকাবেলায়। নদীটাকে আমি খুব মিস করি এখনো। ওখানকার বন্ধুদের মধ্যে মনে পড়ে রাকেশ, দীপার কথা। সেখানকার আদিবাসী সংস্কৃতির সঙ্গে মিশে গিয়েছিলাম। চাকমা ভাষায় কথা বলতে পারতাম। তাই চাকমা শিশু-কিশোরদের সঙ্গে মিশতে পারতাম সহজে। ওরা আমাকে বাড়িতে নিয়ে কত কিছু খাওয়াত। আমাকে খুব আপন করে নিয়েছিল ওরা।অভিনয়ের শুরুটা কীভাবে?রাঙামাটিতে গান শিখতাম। উচ্চাঙ্গসংগীত শিখতাম সুনীতিরঞ্জন বড়ুয়ার কাছে। এরপর সুদীপ স্যার। বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানে গান করতাম। গার্লস গাইডে কাজ করেছি। খুব মনে পড়ে বিদ্যালয়ের ফারহানা আপার কথা। তিনি আমাকে খুব আদর করতেন।মাধ্যমিক পরীক্ষা শেষে তো চলে এলেন চট্টগ্রামে, পড়ালেখা নিয়ে বলুন।চট্টগ্রামে পড়ালেখা শুরু করি বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয়ে (বাওয়া)। এখানে এসে পেলাম আরেকটি নতুন জীবন। রাঙামাটি ছিল খুব ছোট শহর। সবাই সবাইকে চেনেন। কিন্তু চট্টগ্রামে এসে দেখি এলাহি কাণ্ড! অনেক বড় শহর, অনেক মানুষ। তবে এখানে এসেই একা চলার স্বাধীনতা পেয়েছি। এখনো পড়ালেখার মধ্যে আছি। চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে সম্মান শ্রেণীতে পড়ছি।চট্টগ্রামের বন্ধু-বান্ধব, আড্ডা—এসবের জন্য মন কাঁদে না?‘এখন আসলে আমার বন্ধুর সংখ্যা খুব কম। শুটিংয়ের কারণে সময় দিতে পারি না বলে এটা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ে যাই। বিকেলে মন উদাস হলে যাই নেভাল সৈকতে। ভাটিয়ারি জায়গাটা খুব টানে আমাকে, সেখানে যাই। তবে দিনের বেশির ভাগ সময় কাটে জিইসি মোড়ে। অনেক প্রিয় একটি জায়গা এটি। এরপর প্রিয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভবনের নীচতলার জায়গাটা। আমার সবচেয়ে কাছের বন্ধু হিমেল, সাজিব, ইমা, ফারহানা, তিরু ও নাদিয়া। এদের সঙ্গেই ঘোরা হয় বেশি।’মঞ্চে সম্পৃক্ত হলেন কীভাবে?চট্টগ্রামে আসার পরপরই বাবার সঙ্গে নান্দিকারে কাজ শুরু করি। তখনই নাটকে হাতেখড়ি আমার। নান্দিকারের হয়ে প্রথম অভিনয় কোর্ট মার্শাল নাটকে। প্রথম মঞ্চায়ন ছিল চাঁদপুরে। আমার জীবনেরও প্রথম প্রদর্শনী। এটা নিয়ে একটা মজার ঘটনা আছে। সকালে চট্টগ্রাম থেকে রওনা হয়েছি চাঁদপুরের উদ্দেশে। রাতে প্রদর্শনী হবে। ওখানে নাটকের প্রচুর দর্শক হয়। মঞ্চটা বানানো হয়েছে বাজারের ওপর। বাজারের সব লোক দোকান বন্ধ করে নাটক দেখতে চলে এসেছেন। এত লোক দেখে আমি কিছুটা ভড়কে যাই, কণ্ঠ দিয়ে সংলাপ বের হচ্ছিল না। ভয়ে কাঁপছিলাম, একপর্যায়ে আমার কান্না আসে। শেষপর্যন্ত নিজেকে সামলে কাজটা শেষ করি। পরে যখন মঞ্চ থেকে নামলাম বাবা আমাকে উৎসাহ দিয়েছিলেন।টেলিভিশনে কখন এলেন?আমি তো শুরু করেছি লাক্সের বিজ্ঞাপন দিয়ে। এরপর অমিত সেনের পরিচালনায় একটি বিজ্ঞাপনে কাজ করেছি। টেলিভিশনে এটাই আমার প্রথম কাজ। কোন জীবনটা বেশি উপভোগ করেন? আসলে এখনো চট্টগ্রামের জীবনটাকেই উপভোগ করি বেশি। ঢাকায় একদম ভালো লাগে না। এখানে কাজ শেষ করে কখন চট্টগ্রামে যাব সেই ভাবনায় থাকি। ঢাকায় স্থায়ী হওয়ার কোনো চিন্তা নেই। তা ছাড়া আমি চট্টগ্রামের মঞ্চে কাজ করি, ওই কাজটা চালিয়ে যেতে চাই। কারণ চট্টগ্রামের মঞ্চে অনেক ভালো কাজ হয়। কিন্তু এসবের প্রচার হয় না। ঢাকায় অনেক চ্যানেল আছে, নাট্যকর্মীরা ভালো প্রচার পান। চট্টগ্রামের শিল্পীরাও তেমন সুযোগ পেলে হয়তো ঢাকায় এসে কাজ করতে হতো না তাদের। ঢাকায় যাঁরা মঞ্চে কাজ করেন তাঁরা সহজে টেলিভিশনে কাজ করার সুযোগ পাচ্ছেন। ফলে আগ্রহ বেশি। চট্টগ্রামের কর্মীরা সেই সুযোগ পাচ্ছেন না। তাই তাঁদের আগ্রহ কম।