নদীর হাওয়ায় খাওয়াদাওয়া
কর্ণফুলীর উজান ঠেলে ছুটে চলেছে জাহাজ। দূর পাহাড়ে সবুজের হাতছানি। নদীর পাড়ে বাঁধা ছোট্ট ডিঙি। মাঝেমধ্যে মাথার ওপর উড়োজাহাজের গর্জন। এমন পরিবেশে খাওয়া! চট্টগ্রাম শহরের পতেঙ্গায় বোট ক্লাবের রিভারভিউ রেস্তোরাঁয় পাবেন এমনি পরিবেশ। এখানে বসে উপভোগ করা যাবে নদী আর পাহাড়ের মিতালি। তবে এটি শহরের এক প্রান্তে হওয়ায় যাওয়ার সময় কিছুটা ঝক্কি পোহাতে হয়। যাওয়ার পর অবশ্য নিমেষেই ভুলে যাবেন সেই ঝক্কির কথা।নদীর পাড়ে গেলে কার না ভালো লাগে, বলুন? নদীর কোল ঘেঁষে রেস্তোরাঁটি এমনভাবে গড়া, খাবারের টেবিলে বসলে মনে হবে নদীর জল যেন আছড়ে পড়ছে গায়ে। স্বচ্ছ কাচে ঘেরা ঘরে বসার আয়োজন। রেস্তোরাঁ থেকে নদী দেখে তৃপ্তি না পেলে নিচের তলায় গিয়ে চলে যান খোলা সবুজ বারান্দায়। পার্কের আদলে করা বারান্দায় রয়েছে বসার বেঞ্চ। রেস্তোরাঁর ব্যবস্থাপক মুকুল বড়ুয়া বলেন, ‘নদীর পাড়ে আমাদের এখানে বসে খাওয়ার মজা অন্য রকম। কর্ণফুলী মন ভোলাবে। সময়টা কাটবে প্রকৃতির সঙ্গে।’ মুকুল বড়ুয়া জানান, ভবিষ্যতে এর পরিসর আরও বাড়বে। রেস্তোরাঁর ছাদে থাকবে বারবিকিউ। নিচতলায় করা হচ্ছে ‘লাইভ ফিশ বারবিকিউ’। অ্যাকুরিয়াম থেকে অতিথি যে মাছটি পছন্দ করবেন, সেটিই রেঁধে দেওয়া হবে। এ ছাড়া নির্মাণকাজ চলছে ২২ কক্ষের গেস্টহাউসের। এখন রয়েছে ১২০ জনের মিনি হল এবং ৩৫০ জনের বলরুম। মূল রেস্তোরাঁয় একসঙ্গে বসা যাবে ৩৫০ জন। বেসরকারি প্রতিষ্ঠান ‘বোনানজা’ পরিচালিত এই রেস্তোরাঁ খোলা থাকে দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত। পাওয়া যায় থাই, চায়নিজ, ভারতীয় ও দেশি নানা পদের খাবার। দুপুরের খাবার ৩০০ টাকা ও রাতের খাবার ৫০০ টাকার মধ্যে পাওয়া যাবে। এখানে ফাস্টফুড, কাবাব, স্ন্যাকস, বিরিয়ানি ইত্যাদি তো আছেই। রিভারভিউ রেস্তোরাঁর কিছু বিশেষ খাবারের পদও রয়েছে অতিথিদের জন্য। ড্রামস অব হেভেন (চিকেন) দাম ২৫০ টাকা, ফিশ কেক ২৫০, চিকেন সতে ২৩০, বিরিয়ানি মোরগ মহারাজা এক হাজার ২০০, গ্রিল লেগ অব ল্যাম এক হাজার ৬০০, পেপার স্টেক সঙ্গে মাশরুম সস ৮০০, টি বোন স্টেক ৬৫০, গ্রিল রেড স্ন্যাপার এক হাজার ৫০০ ও চিকেন সিকান্দারি ৫৫০ টাকার মধ্যে পাওয়া যাবে। এখানে একটি সুবিধা, সব ধরনের খাবার যেকোনো সময় পাওয়া যায়। মজার মজার সব খাবারের পদ তৈরি করেন শেফ মোহাম্মদ সরফরাজ ও রবি ডি ক্রুজ। তিনি বলেন, ‘আমার ১৮ বছরের অভিজ্ঞতা থেকে বেশ কিছু নতুন পদের খাবার অতিথিদের জন্য দিয়েছি। আমাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, খাবারে কোনো ধরনের স্বাদ লবণ ব্যবহার করি না।’ রসুইঘর থেকেগ্রিল লেগ অব ল্যামউপকরণ: ভেড়ার রানের মাংস এক কেজি, মাস্টার্ড সস দুই চা-চামচ, ওয়েস্টার সস ১০০ গ্রাম, চিলি সস ১০০ গ্রাম, সাদা গোলমরিচ ৫০ গ্রাম, বারবিকিউ সস ১০০ গ্রাম, কালো গোলমরিচ ৫০ গ্রাম, সবজি ১৫০ গ্রাম, লেবুর রস পরিমাণমতো ও সয়াবিন তেল ২৫০ গ্রাম।প্রণালি: মাংস থেকে হাড় বের করে সুতা দিয়ে বেঁধে নিতে হবে। এবার কালো গোলমরিচ ও সবজি ছাড়া অন্য পদগুলো দিয়ে মাংস মাখিয়ে ছয় ঘণ্টা রেখে দিতে হবে। এরপর মাংস চুলায় দেওয়ার পালা। চুলায় মাংস সেদ্ধ হওয়ার পর তুলে নিয়ে কালো গোলমরিচ দিয়ে গ্রিল করতে হবে। তবে মাংস সেদ্ধ হওয়ার পর পাত্রের পানি আরও একটু জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। কারণ, এটিও একরকম সস। গ্রিলের সময় এটি লাগবে। গ্রিল করার সময় কালো গোলমরিচের সঙ্গে ওই সস দিতে হবে। গ্রিল হয়ে গেলে পরিবেশন করুন সবজি দিয়ে। ব্যস, হয়ে গেল গ্রিল লেগ অব ল্যাম।