ননস্টিক প্যানের খোঁজখবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তীক্ষ্ণ নজর চুলায় বসানো হাঁড়ির দিকে। কোনোভাবেই খাবার যেন না পোড়ে। একটু অসাবধান হলেই হাঁড়ি-কড়াইতে খাবার আটকে যেতে পারে। এ ঝামেলা অনেকটাই কমে যায় ননস্টিক হাঁড়িপাতিল ব্যবহার করলে।
ননস্টিক হাঁড়িপাতিল যে প্রযুক্তিতে তৈরি হয়, তা একটু আলাদাই। রেফ্রিজারেটরের ওপর গবেষণা করতে গিয়েই বিজ্ঞানীরা এর হদিস পান। যুক্তরাষ্ট্রের নিউজার্সির ডুপন্ট প্রতিষ্ঠানের ড. প্লাঙ্ককেট উদ্ভাবন করেন ননস্টিক প্যান। ঠান্ডা করার জন্য ১০০ পাউন্ডের টেট্রাফ্লুরোএথালিন গ্যাস তৈরি করে একটি ছোট সিলিন্ডারে ভরে রেখে দেন। পরদিন সিলিন্ডারের মুখ খুলেও যখন ভেতরের কিছু বের করা বা বোঝা যাচ্ছিল না, তখন বাধ্য হয়ে সিলিন্ডারটি কাটতে হলো। ভেতরে ছিল পিচ্ছিল ধরনের পদার্থ। পরে ফ্রান্সের প্রকৌশলী মার্ক গেফেগোয়া টেট্রাফ্লুরোএথালিন গ্যাসকে অ্যালুমিনিয়ামে পরিণত করে ননস্টিক প্যান তৈরি করেন। ১৯৫৬ সালে তাঁরা টেফাল করপোরেশন প্রতিষ্ঠা করেন। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) রান্না করার উপাদান হিসেবে পিটিএফইকে অনুমোদন দেয় ১৯৬০ সালে। ধীরে ধীরে এটি পাশ্চাত্যে জনপ্রিয়তা অর্জন করে। আর এখন তো এটি রসুইঘরের অন্যতম প্রয়োজনীয় জিনিস।

.
.

তবে ননস্টিক হাঁড়িপাতিল ব্যবহার স্বাস্থ্যসম্মত কি না তা নিয়ে অনেকের মনেই সন্দেহ রয়ে যায়। ইন্টারনেট ঘেঁটে জানা যায়, ননস্টিক হাঁড়িপাতিলের আবরণে পিটিএফই (পলিটেট্রাফ্লুরোএথালিন) থাকে। যে উপাদানের কারণেই খাবার লেগে যায় না প্যানের সঙ্গে। তবে এটি খাদ্য বা স্বাস্থ্য কোনোটির জন্যই ক্ষতিকারক নয়। তবে ননস্টিক হাঁড়িপাতিল ব্যবহার করার সময় কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। তা হলো এ-জাতীয় প্যান বা সসপ্যান রান্নার সময় লোহার বা স্টিলের নাড়ুনি ব্যবহার করলে পাত্রের ওপরের আস্তর ক্ষতিগ্রস্ত হয়। খাবারের গুণগত মানও এতে কমে যায়। ননস্টিকের পাত্রে রান্নার সময় কাঠ বা প্লাস্টিকের চামচ ব্যবহার করা উচিত। এতে পাত্রের বাইরের আবরণ ক্ষতিগ্রস্ত হয় না।
ননস্টিক হাঁড়িপাতিল সেট হিসেবেও আপনি কিনতে পারেন অথবা একটা একটা করেও কিনতে পারেন। সেটের মধ্যে থাকে ঢাকনাসহ বড়-ছোট দুই হাতলযুক্ত পাতিল। ফ্রাইপ্যান, কড়াই আকৃতির প্যান, সসপ্যান ও প্লাস্টিকের চামচ। এ ছাড়া ইদানীং বাজারে এসেছে ননস্টিক চায়ের পট, গ্রিল প্যান, পিৎজা প্যান, বেকিং মোল্ড প্যান ইত্যাদি। ননস্টিকের পাতিলগুলোর সঙ্গে কাচের, স্টিলের নানা রকমের ঢাকনা থাকে। আগে শুধু কালো রঙের পাওয়া গেলেও বর্তমানে লাল, নীল নানা রংবেরঙের ননস্টিকের প্যান, সসপ্যান পাওয়া যাচ্ছে।

কোথায় পাবেন
ছোট-বড় শহরের প্রায় যেকোনো বাজারেই পাবেন ননস্টিক হাঁড়িপাতিল। আরএফএল বেস্ট বাই, রাজধানীর নিউমার্কেট, মৌচাক, গুলশান-১ নম্বর মার্কেট, খিলগাঁও তালতলা মার্কেট, বায়তুল মোকাররম—এসব মার্কেটে সাধ্যের মধ্যে পছন্দসই ননস্টিক পাত্র কিনতে পারেন। আগে শুধু বাইরের আমদানি করা ননস্টিকের পাত্র পাওয়া গেলেও বর্তমানে দেশীয় নানা প্রতিষ্ঠানগুলোও এগুলো তৈরি করছে। এর মধ্যে আরএফএল, ভিশন, চিক অন্যতম।

দামদর
বিভিন্ন দামদরের মধ্যে সিঙ্গেল পিস সসপ্যানের দাম পড়বে ৮৫০-১,৫০০ টাকা। আকার অনুযায়ী ফ্রাইপ্যানের দাম পড়বে ৪৫০-৭০০ টাকার মধ্যে। তাওয়ার দাম পড়বে ৫৩০-৬০০। ননস্টিক প্রেশারকুকারের দাম পড়বে ২,০০০ টাকা, স্যুপ গরম করার পাত্রের দাম পড়বে প্রায় ৩,০০০ টাকা। এ ছাড়া সংখ্যা ও আকৃতির ওপর নির্ভর করে পুরো সেটের দাম পড়বে ৮,০০০-১৫,০০০ টাকা।