নন্দন-নন্দিনী তুমি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট বয়সে নামজাদা গ্রামোফোন কোম্পানি এইচএমভি থেকে গানের রেকর্ড প্রকাশ করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এরপর পাড়ি দিয়ে এসেছেন বহু বন্ধুর পথ। পেয়েছেন স্বয়ং কবি কাজী নজরুল ইসলামের দুর্লভ সান্নিধ্য। পেয়েছেন অগণন পুরস্কার ও সম্মাননা। চেষ্টা, নিষ্ঠা আর সততার গুণে নিজেকে প্রতিষ্ঠা করেছেন নজরুলসংগীতের সম্রাজ্ঞীর আসনে। ফিরোজা বেগম এবার পেয়েছেন মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার। তাঁকে নিয়ে এবারের মূল রচনা লিখেছেন ইকবাল হোসাইন চৌধুরীকোয়েলা কুহু কুহু ডাকেনব মুকুলিত আমের শাখে।।যাহার দরশ লাগিএকেলা কুটিরে জাগি,মোর সাথে পাখিও কিডাকিছে তাহাকে।। সেদিনের দৃশ্যপট যেন নজরুলের এই গানের সঙ্গেই দারুণভাবে মিলে যায়। ঢাকার ইন্দিরা রোড। এই ভরদুপুরেও কালিন্দী অ্যাপার্টমেন্টের চারপাশটা সবুজ আর ছায়াময়। সময় চৈত্রসংক্রান্তির কাছাকাছি। কোনো একটা আমগাছের ডালে কোকিল ডাকে। গৃহপরিচারিকা এসে দরজা খুলে দেন। নিচতলার ঘরে বসে আমরা তাঁর আগমনের অপেক্ষায় অধীর হই। বসার ঘরটা যেন তাঁরই জীবনের ছোটখাটো প্রতিচ্ছবি। ঘরের সবদিকে সারি সারি সাজানো পুরস্কার আর সম্মাননা। দেয়ালে ঝুলছে নানাবিধ শ্রদ্ধাঞ্জলি। জাপানের অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিবিএসের (সনি) দেওয়া গোল্ড ডিস্কটাও আছে একদিকে। বাঁধানো সাদা-কালো ছবিগুলোতেও তিনি। কোনোটায় সদ্য তরুণী, কোনোটায় মধ্য বয়সে—বিভোর হয়ে গাইছেন গানের আসরে।ফিরোজা বেগমের দীর্ঘ শারীরিক অসুস্থতার খবর শুনেছি। কদিন আগে বড় ধরনের অস্ত্রোপচার হয়েছে শরীরে। সত্যিকার মানুষটা এখন কেমন আছেন? এই দুর্ভাবনা তাই ছিল। তিনি এলেন ধীরপায়ে। পুরোপুরি নিজের পায়ে ভর দিয়ে।সোফায় বসে চিরচেনা হাসি হাসতেই ঘরটা যেন নতুন আভায় ঝলমলিয়ে উঠল। ব্যাধি তাঁর চলার গতি শ্লথ করেছে। কিন্তু অন্তরের ঔজ্জ্বল্য ম্লান করতে পারেনি এতটুকু। তিনি ফিরোজা বেগম। নজরুলসংগীতের সম্রাজ্ঞী, সংগীতের কিংবদন্তি—এমন অনেক বিশেষণই তাঁর বেলায় যথোপযুক্ত।জাগো চঞ্চল বাসন্তিকাশ্রাবণের পূর্ণিমা রাতে জন্ম তাঁর। সময়টা ছিল ১৯৩০ সালের ২৮ জুলাই। জন্মস্থান ফরিদপুরে। বাবা খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল ছিলেন প্রখ্যাত আইনজীবী। মা কওকাবন্নেসা বেগমও ছিলেন সংগীতানুরাগী ও সুমিষ্ট কণ্ঠের অধিকারিণী। সেই সূত্রেই সম্ভবত ছোট্ট বয়সেই ফিরোজা বেগমকে পেয়ে বসে গানের নেশা, সুরের নেশা। কি স্কুল, কি কলেজে—প্রথম বাদে দ্বিতীয় হওয়ার অভিজ্ঞতা খুব কমই হয়েছে তাঁর জীবনে।মেয়েদের গান শেখাটা তখন মোটেও সহজ ছিল না।যতটুকু শিখেছেন, তা নিজের ইচ্ছা ও চেষ্টায়। পরিবারের কেউ যে বাধা দেননি, এমন নয়। তখনকার সমাজব্যবস্থা মোটেও মেয়েদের গান শেখার অনুকূল ছিল না। তবে কোনো প্রতিকূলতাই তাঁকে দমিয়ে রাখতে পারেনি। নিজেকে তৈরিতে অনেক কষ্ট করতে হয়েছে। বাড়িতে যে পুরোনো ভাঙা রেকর্ডগুলো ছিল, সেগুলোই বারবার শুনতেন।ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়েই অল ইন্ডিয়া রেডিওতে গান গেয়ে সাড়া ফেলেছিলেন ফিরোজা। খুব অল্প বয়সে নামজাদা গ্রামোফোন কোম্পানি এইচএমভি থেকে তাঁর রেকর্ড প্রকাশ করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। কলকাতার সংগীতানুরাগীদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে ফিরোজা বেগমের নাম। পেয়েছেন কবি কাজী নজরুল ইসলামের দুর্লভ সান্নিধ্য। স্বয়ং জাতীয় কবির কাছ থেকে গানের তালিম নিয়েছেন। তাঁকে গান শুনিয়ে মুগ্ধ করেছেন। কাজী নজরুল ইসলামের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎটা মনে রাখার মতো—বয়স তখন তাঁর মোটে নয় কি দশ। থাকতেন ফরিদপুরে। বিভিন্ন ছুটিছাটায় বেড়াতে যেতেন কলকাতায়। সেখানে মামা-চাচারা থাকতেন।অল ইন্ডিয়া রেডিওর সুনীল বোসের সঙ্গে আলাপ-পরিচয় ছিল ফিরোজা বেগমের মামা ও ভাইদের। একটা অনুষ্ঠানে তাঁর গান শুনে মুগ্ধ হয়েছিলেন সুনীল। তাঁর আগ্রহেই ছোট্ট ফিরোজাকে এইচএমভিতে অডিশন দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর দেখা হলো এইচএমভির তৎকালীন প্রধান প্রশিক্ষকের সঙ্গে। মানুষটার পরনে সেদিন ঘিয়ে রঙের পাজামা-পাঞ্জাবি। মাথায় টুপি। চোখে সোনালি ফ্রেমের চশমা। মানুষটা তাঁকে আদর করে পাশে ডেকে বসালেন। তারপর গাইতে বললেন। ঘরে তখন অনেক মানুষ। ফিরোজা কিছুটা হকচকিয়ে গেছেন। নিতান্ত অনিচ্ছার সঙ্গেই গান ধরলেন, ‘যদি পরানে না জাগে আকুল পিয়াসা...’।গান শেষ হতেই ফিরোজা বেগম চলে যাওয়ার জন্য তড়িঘড়ি উঠে দাঁড়ালেন। তাঁকে হাত ধরে টেনে বসালেন প্রধান প্রশিক্ষক। ‘এতটুকু মেয়ে। এই গান তুমি কোথায় শিখলে!’ বিস্ময় ঝরল তাঁর কণ্ঠে। ফিরোজা বেগম তখনো জানেন না, এই মানুষটাই কাজী নজরুল ইসলাম। সেদিন ফিরোজা বেগমের জীবনে গুরুত্বপূর্ণ আরও একটি মানুষের সঙ্গে দেখা হয়েছিল, তিনি কমল দাশগুপ্ত। কমল তখন ২৫-২৬ বছরের তরুণ। পরে এই মানুষটিরই সহধর্মিণী হন ফিরোজা বেগম।সেখান থেকে চলে আসার পরই ফিরোজা জানতে পেরেছিলেন, তাঁর মুখস্থ করা ‘বল বীর’ কবিতার কবি সেই কাজী নজরুল ইসলামকেই গান শুনিয়ে এসেছেন তিনি। নজরুল প্রতিভা চিনতে মোটেও ভুল করেননি। ফিরোজা বেগমের গান শুনে সেদিন তিনি সবাইকে বলেছিলেন, ‘নিজে নিজে গান শিখেই এই মেয়ে এত ভালো গায়। শিখলে না-জানি কী হবে। দেখে নিয়ো, এই মেয়ে একদিন অনেক বড় শিল্পী হবে। তাকে যে যে সহায়তা করা দরকার, করো।’নন্দন-নন্দিনী তুমি১৯৪২ সালে প্রথম গানের রেকর্ড বের হয় তাঁর, এইচএমভি থেকে। কাজী নজরুল ইসলামের প্রধান সহযোগী চিত্তরঞ্জন রায় সব ব্যবস্থাই করলেন। তখনো লং প্লে আসেনি। ৭৮ আরপিএমে বের হলো তাঁর প্রথম রেকর্ড। একদিকে ছিল ‘মোর আঁখিপাতে’, অন্যদিকে ছিল ‘মরুর বুকে জীবনধারা কে বহাল’। কলকাতার খবরের কাগজগুলোতে ফলাও করে প্রকাশিত হয় ফিরোজা বেগমের গানের খবর।তাঁর সংগীতজীবনের প্রথম বড় সাফল্য এনে দেয় ‘দূর দ্বীপবাসিনী’ ও ‘মোমের পুতুল’।সুস্থ থাকা অবস্থায় খুব বেশি দিন কাজী নজরুল ইসলামের সান্নিধ্য পাননি ফিরোজা বেগম। তাঁর সঙ্গে পরিচয়ের প্রায় আড়াই বছর পর অসুস্থ হয়ে পড়েন কবি। কিন্তু ওই আড়াই বছরেই স্মৃতিভান্ডারে জমা হয়েছে কত অমূল্য রতন!‘“আয়লো বনের বেদেনি” নামে একটি গান করছিলেন কবি তখন রেডিওতে। আমাকে বললেন, “গানটা তোলো তো আমার সঙ্গে।” আমি তুললাম। আরও ছোটখাটো অনেক গানের কিছুটা অংশ উনি শিখিয়েছেন আমাকে। অসুস্থ অবস্থায় খুব ভালোমতো চিনতে পারতেন না। কিন্তু আমি বাসায় গেলে কেমন যেন একটা পরিবর্তন টের পেতাম তাঁর চেহারায়। আমি গান শুরু করলে বিছানা থেকে নিচে নেমে এসে আমার পাশে বসতেন। মুখের দিকে তাকিয়ে রইতেন। তাঁকে আমার গান শুনে কাঁদতে দেখেছি। হাসতে দেখেছি।’ পুরোনো দিনের স্মৃতি হাতড়ে বলছিলেন ফিরোজা বেগম।একটা সময় কাজী নজরুল ইসলামের গানের আলাদা কোনো নাম ছিল না। বিদ্রোহী কবির গানকে ‘নজরুলসংগীত’ নামে পরিচিত করানোর পেছনে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফিরোজা বেগম। গ্রামোফোন কোম্পানি এইচএমভি ফিরোজা বেগমের গান দিয়েই প্রথম নজরুলসংগীতের একক লং প্লে প্রকাশ শুরু করে। কবি নজরুল অসুস্থ হওয়ার পর ফিরোজা বেগমই নজরুলসংগীতের প্রথম স্বরলিপিকার। নজরুলসংগীতের শুদ্ধ স্বরলিপি ও সুর সংরক্ষণের জন্য তাঁকে করতে হয়েছে কঠিন সংগ্রাম। নজরুল ইনস্টিটিউট তৈরি হয়েছিল তাঁরই ভাবনায়, যদিও শেষ পর্যন্ত সেই ইনস্টিটিউটে জায়গা হয়নি তাঁর।নিশি না পোহাতে যেয়ো নাসংগীতভুবনে তিনি পাড়ি দিয়ে এসেছেন বহু বন্ধুর পথ। বলছিলেন, ‘একটা সময় মানুষ বলেছিল, নজরুলের গান, ও তো পুরোনো হয়ে গেছে! ও আর কে শুনতে চায়। আমি বলেছি, ঠিক আছে, দেখা যাক। সময় গেছে। সেদিন যাঁরা এসব কথা বলেছিলেন, তাঁরা নিজেদের ভুল ঠিকই বুঝতে পেরেছেন।’সিনেমার গান মানেই বিশাল অঙ্কের অর্থযোগ, কিন্তু সেই পথে হাঁটতে চাননি ফিরোজা বেগম। অর্থের চেয়ে চিরকাল সম্মান আর সততাকেই বড় করে দেখে এসেছেন তিনি। তাই, দেদার বাণিজ্যিক অনুষ্ঠান না করে সমস্ত মনপ্রাণ ঢেলে দিয়েছিলেন শুদ্ধ সংগীতের সাধনায়। আজ থেকে বহু বছর আগে যে সংগ্রাম তিনি শুরু করেছিলেন, সেই সংগ্রাম বৃথা যায়নি।নিষ্ঠা আর সততার গুণে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন নজরুলসংগীতের সম্রাজ্ঞীর আসনে। আমাদের নজরুলসংগীতকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার পেছনে রয়েছে তাঁর অসামান্য অবদান। পৃথিবীর বিভিন্ন দেশে এ পর্যন্ত ৩৮০টির বেশি একক অনুষ্ঠানে গান করেছেন তিনি। নজরুলসংগীত ছাড়াও তিনি গেয়েছেন আধুনিক গান, গীত, গজল, কাওয়ালি, ভজন, হামদ ও নাত। এ পর্যন্ত তাঁর ১২টি এলপি, চারটি ইপি, ছয়টি সিডি ও ২০টির বেশি অডিও ক্যাসেট বেরিয়েছে। নজরুলসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশে-বিদেশে পেয়েছেন নানা পুরস্কার—স্বাধীনতা পদক, একুশে পদক, নেতাজি সুভাষ চন্দ্র পুরস্কার, সত্যজিৎ রায় পুরস্কার, নাসিরউদ্দীন স্বর্ণপদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমী স্বর্ণপদক, সেরা নজরুলসংগীতশিল্পী পুরস্কার (টানা কয়েকবার), নজরুল আকাদেমি পদক, চুরুলিয়া স্বর্ণপদক, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিলিট—এমন আরও অগণন পুরস্কার ও সম্মাননা। এ ছাড়া জাপানের অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিবিএস থেকে পেয়েছেন গোল্ড ডিস্ক।ফিরোজা বেগম এখন এক কিংবদন্তির নাম। নজরুলসংগীত আর ফিরোজা বেগম শব্দ দুটি এখন যেন সমার্থক। ‘নূরজাহান’, ‘চাঁদ সুলতানা’, ‘মোর প্রিয়া হবে এসো রাণী’, ‘নয়ন ভরা জল গো তোমার’, ‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি’, ‘আমি চিরতরে চেয়ে থাকি’—নজরুলের এমন অনেক কালজয়ী গানের মাঝে অমর ও অক্ষয় হয়ে থাকবেন তিনি। এই গুণী সংগীতশিল্পীকে দেওয়া হয়েছে এবারের মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার।তাহসীন, হামিন ও শাফিন—তিন সুযোগ্য পুত্র তাঁর। হামিন আহমেদ ও শাফিন আহমেদ দুই ভাই এখন আমাদের ব্যান্ড সংগীতজগতের উজ্জ্বলতম দুই তারকার নাম। সর্বক্ষণ মায়ের পাশে আছেন ছেলেরা। ফিরোজা বেগম বলছিলেন, ‘ছেলেরা যে মায়ের কত সেবা করতে পারে, সেটা আমার ছেলেদের না দেখলে কারও বিশ্বাস হবে না।’অসুখ-বিসুখ তাঁকে পীড়িত করেছে, কিন্তু কণ্ঠ থেকে গান কেড়ে নিতে পারেনি। খুব ইচ্ছে আবারও সেই আগের মতো করে বড়সড় মঞ্চে গাওয়ার। নিজের ভেতরের আত্মবিশ্বাসটাও আছে প্রচণ্ড! ফিরে আসার সময় নিজেই হাসতে হাসতে বললেন, ‘এখন শুধু গান গাইতে পারি। তা ছাড়া আর কিছু পারি না। কী আশ্চর্য কাণ্ড!’ মুখে হাসি থাকলে শারীরিক কষ্টের চেয়ে ভেতরের সৌন্দর্যটা বড় হয়ে ওঠে। নজরুলসংগীতের রানিকে হাসতে দেখে সেই কথা আমাদের আরও একবার খুব বেশি করে স্মরণ হয়।