নব আনন্দে জাগো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে ‘নব আনন্দে জাগো’ অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করছেন স্বরনন্দনের দুই শিল্পী
ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে ‘নব আনন্দে জাগো’ অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করছেন স্বরনন্দনের দুই শিল্পী

রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসুর পাশাপাশি সমকালের তরুণ কবিদের কবিতাও ছিল পাঠ ও আবৃত্তির তালিকায়। কেবল তাই নয়, আসরে তিন তরুণ আবৃত্তিশিল্পীর পাশাপাশি কবিতা পাঠ ও আলোচনা করলেন তিন প্রবীণ কবি ও সাহিত্যিক। দুই ঘণ্টার আসরে কাব্যরসের পাশাপাশি দর্শক-শ্রোতাদের বাড়তি পাওনা ছিল নবীন-প্রবীণের এই যৌথ পরিবেশনা।
নগরের ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে ১৩ আগস্ট সন্ধ্যায় স্বরনন্দন আয়োজন করে ‘নব আনন্দে জাগো’ শিরোনামের ব্যতিক্রমধর্মী এই কবিতার আসর। আসরের প্রথম অংশে ছিল তিন নবীন আবৃত্তিশিল্পী মুবিদুর রহমান, সামান্তা ঘোষ ও প্রেমা সুশীলের পরিবেশনা। এরপর দ্বিতীয় অংশে সমাজবিজ্ঞানী অনুপম সেন, কবি আবুল মোমেন ও লেখক ফেরদৌস আরা আলীম কবিতা পাঠ ও আলোচনা করেন। নবীনদের প্রত্যেকের পরিবেশনায় ছিল পাঁচ থেকে আটটি করে কবিতা। আবৃত্তিশিল্পীদের সঙ্গে সংগীত আয়োজনে অংশ নেন কাজী মাহাতাব করিম ও শোভন দাশ।
অনুষ্ঠানের শুরুতে সুদীপ্ত বিশ্বাসের স্বাগত কথার মধ্য দিয়ে মঞ্চের পর্দা উন্মোচিত হয়। এরপর শোভন দাশের বাঁশির সুরে সামান্তা ঘোষ আবৃত্তি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ব্রাহ্মণ’, আমীরুল ইসলামের ‘ছড়ার বাড়ি’, অমিতাভ প্রামাণিকের ‘স্বর্ণযুগ’, ‘রবীন্দ্রনাথ’, আবুল মোমেনের ‘ঘুরে দাঁড়াও’ ও রাশেদ রউফের ‘আব্বুকে মনে পড়ে’।
সামান্তা ঘোষের পর প্রেমা সুশীলা আবৃত্তি করেন প্রান্ত পলাশের ‘শরশয্যা ২৩ ’, বুদ্ধদেব বসুর ‘জোনাকি’, সুকুমার রায়ের ‘কিম্ভূত’, লুৎফর রহমান রিটনের ‘কে রে তুই খেতে চাস সুন্দরবনকে’ ও রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তোতা-কাহিনী’।
আসরের তৃতীয় আবৃত্তিশিল্পী মুবিদুর রহমানের কণ্ঠে ভালো লেগেছে জীবনানন্দ দাশের ‘ইহাদেরই কানে’, আবুল হাসানের ‘বৃষ্টি চিহ্নিত ভালোবাসা’, জয় গোস্বামীর ‘দুই বোনের কবিতা’, ফুয়াদ হাসানের ‘আরও কিছু দূর হয়তো’সহ বেশ কিছু কবিতা। এর মধ্যে বর্তমান সময়ের নৈরাজ্যও উঠে এসেছে মবিদুরের পাঠ করা ‘কসাইপুরে স্বাগতম’ নামের কবিতায়। মূর্তালা রামাতের এই কবিতার শুরুটা এমন, ‘শকুনেরা পালিয়েছে আগেই, কাকেরাও যাচ্ছে/ভাগছে কুকুরও/ঘোষণা হয়ে গেছে, এ শহর কেবল মানুষের, মানুষই ঠুকরে খাচ্ছে মানুষের মগজ কলিজা ও বিবেক অবলীলায়...’ এই কবিতার সঙ্গে কাজী মাহতাব করিম গাইলেন সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গান ‘আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধান করিয়া/আমার অন্তরের কথা বলতে চাই’।
সবশেষে রবীন্দ্রনাথের ‘লিপিকা’, ‘জীবনস্মৃতি’ ও ‘চিত্রা’ থেকে নির্বাচিত অংশ পাঠ করেন সমাজবিজ্ঞানী অনুপম সেন, কবি আবুল মোমেন ও লেখক ফেরদৌস আরা আলীম।
পাঠের ফাঁকে ফাঁকে আলোচনায় তাঁরা যা বললেন তা এমন—‘আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানাভাবে রবীন্দ্রনাথকে ধারণ করি। আমাদের নানা সংকটে তিনি প্রবলভাবে উপস্থিত সব সময়। রবীন্দ্রনাথ ঠাকুর তাই নিরন্তর প্রেরণার উৎস হয়েই থাকবেন।’