বকুলতলা, শিউলিতলা ভরে গেছে সুগন্ধে। তারই পাশে ঝলমল করছে একঝাঁক প্রজাপতি। ওই যে উড়ে যাচ্ছে আরেক ঝাঁক; মিলিয়ে গেল জারুলগাছের আড়ালে। অন্য একঝাঁকের পিছু নিয়ে ঢুকলাম ইডেনের মিলনায়তনে। অমনি অবাক হয়ে গেলাম। পুরো মিলনায়তন ভরে গেছে ঝিলিমিলি প্রজাপতির ঝাঁকে। লাল, নীল, সবুজ, হলুদ, কালো, গোলাপি—শুধু রং আর রং। দিনটি শুধুই শিক্ষার্থী-প্রজাপতিদের দিন। ৩১ মের সেই দিনে অনুষ্ঠিত হলো ইডেনের নবীনবরণ।২০১১ সালের এই নবীনবরণের মাধ্যমে ইডেন পরিবারের সদস্যসংখ্যা বাড়ল এক হাজার ৪০ জন। ব্যবসায় শিক্ষা অনুষদের হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং আর ফিন্যান্স ও ব্যাংকিং—এই চার বিভাগের নবীনেরা মেতে উঠেছিলেন রঙে আর আনন্দে। কথা হলো তাঁদের সঙ্গে।মিলনায়তনের এক কোনায় আড্ডা দিচ্ছিলেন হিসাববিজ্ঞান আর ব্যবস্থাপনা বিভাগের পিংকি, নিশাত, মৃদুলা, আর্জু, সোমা আর মুনমুন। আড্ডা না বলে শাড়ির প্রদর্শনীই বরং বলা ভালো। নবীনবরণ উপলক্ষে সবাই শাড়ি পরেছেন যে! তাই বুঝি মৃদুলা আর আর্জু বললেন, ‘দুর্দান্ত লাগছে!’দুর্দান্তই বটে। এবারের নবীনবরণ আয়োজনে ছিল একটু বৈচিত্র্যের ছোঁয়া, নবীনবরণের সার্বিক সমন্বয়ক মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ আনিছুর রহমান বলেন, ‘এবারের নবীনবরণে নবীনদের জন্য বিশেষ স্যুভেনির আছে, মাল্টিমিডিয়া প্রজেকশন আছে। তা ছাড়া আমরা পুরো অনুষ্ঠানের ভিডিও চিত্রের সিডি পৌঁছে দিচ্ছি সর্বনিম্ন খরচে। আর ঐতিহ্য অনুসারে ফুল দিয়ে বরণ ও সাংস্কৃতিক পর্ব তো থাকছেই। সব আয়োজন শুধুই নবীনদের জন্য।’সে কথা মানেন ব্যবস্থাপনার অনি আর হিসাববিজ্ঞানের মলিও। নবীনদের ফুল বিলিয়ে দেখলেন, নিজের জন্যই ফুল নেই! তাতে দুঃখও নেই অবশ্য। বললেন, ‘নবীনরা তো ফুলের মতোই। ওদের দিয়েই আনন্দ। নবীনদের জন্য আদরের কমতি নেই কারোরই। তাই তো নবীনদের সঙ্গে মিলে বড় আপুরাও মেতে উঠেছিলেন সাংস্কৃতিক অনুষ্ঠানের আনন্দমঞ্চে। প্রথমেই তাঁরা গানে গানে বরণ করে নিলেন রবিঠাকুর, নজরুল আর লালনকে। নবীনদের মনে করিয়ে দিলেন, নবীনবরণ হলেও যেন আমরা পুরাতন আর ঐতিহ্যকে ভুলে না যাই। তারপরই শুরু হলো নাচ, গান, নাটক, আর ফ্যাশন শোর পাঁচমিশালি সাংস্কৃতিক পর্ব। নবীনেরা গাইলেন, নাচলেন, নাচালেন আর আনন্দস্রোতে ভাসালেন মন।নবীনদের জন্য বড় আপুদের ভাবনারও অবশ্য কমতি ছিল না। হিসাববিজ্ঞানের বৃষ্টি বললেন, ‘আমরা চাই নবীনেরা সাংস্কৃতিক পরিমণ্ডলেই গড়ে উঠুক ইডেনের আঙিনায়। সে পরিবেশ গড়ে তুলতে হবে সবাইকে।’ ফিন্যান্স ও ব্যাংকিংয়ের নুসরাত জাহান বললেন, ‘আগামী ব্যাচকে পুরোপুরি আধুনিক একটা ক্যাম্পাসে বরণ করতে চাই।’ হিসাববিজ্ঞানের ফারজানা বললেন, ‘পুরো দেশে সবচেয়ে বেশি ফার্স্ট ক্লাস পায় ইডেনের ছাত্রীরা। ওরা এই ফলাফল ধরে রাখুক, এটাই আমাদের প্রত্যাশা।’ হিসাববিজ্ঞানের নবীনা কনককে প্রশ্ন করলাম, ‘কি, পারবে তো?’ কনকেরও ত্বরিত জবাব, ‘অবশ্যই পারব।’ইডেনের নবীনদের আত্মবিশ্বাসেরই প্রতিধ্বনি তুললেন উপাধ্যক্ষ স্বপ্না রানী সাহা। বললেন, ‘ইডেনের ব্যবসায় শিক্ষা অনুষদের মেয়েরা সেদিন এগিয়ে আসবে। দেশের প্রধান কাঠামোতে পৌঁছে তারা জানিয়ে দেবে, ইডেন মেধাবীদেরই সূতিকাগার।’ অধ্যক্ষ মাহফুজা চৌধুরীও তাই নবীনদের জন্য দিকনির্দেশনা দিলেন সুনাগরিক হওয়ার জন্য, স্বাধীনতা আন্দোলন সম্পর্কে জানার জন্য আর একই সঙ্গে রুখে দাঁড়াতে বললেন জঙ্গিবাদ আর ইভ টিজিংয়ের বিরুদ্ধে। সবশেষে বললেন, ‘নবীনদের জন্য ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা। হে নবীন, নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে।’