নব দম্পতির ঈদ প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন সংসার। প্রথম ঈদ। স্বাভাবিকভাবেই নবদম্পতির চিন্তাটা একটু বেশি। ঈদের দিন নির্ঝঞ্ঝাট থাকতে পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই বলে মনে করেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহায়ণ ও গৃহ-ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক সেলিনা আক্তার। ঈদের প্রস্তুতি নিয়ে পরামর্শ দিয়েছেন তিনি। প্রস্তুতি শুরু করতে হবে অন্তত দু-এক সপ্তাহ আগে থেকে। কোরবানি দিতে হলে একই এলাকার কারও সঙ্গে দেওয়াই ভালো। তা হলে মাংস দ্রুত বাসায় আনা যাবে। এককভাবে কোরবানি দিলে কোথায় পরিচ্ছন্নতা বজায় রেখে পশু কোরবানি দেওয়া যাবে, তা ঠিক করে রাখতে হবে। ঘরের পর্দা, কার্পেট, বিছানার চাদর ইত্যাদি ঈদের আগেই পরিষ্কার করে ফেলতে হবে।  কোন বেলায় কী খাবার পরিবেশন করবেন, কারা খাবেন, কত জনের আয়োজন, বয়স, পছন্দ, শেষ পাতে মিষ্টি ইত্যাদি মাথায় রেখে আগেই মেন্যু তৈরি করে ফেলুন।  বিশেষ কিছু রান্না করতে চাইলে তার রেসিপি জোগাড় করে ফেলুন। সম্ভব হলে আগে নিজে দু-একবার রান্না করে চেখে দেখুন। রান্নার উপকরণ যেমন—হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, জায়ফল, জয়ত্রী, আদা, কিশমিশ, সস, বাদাম, তেজপাতা ইত্যাদি কিনে রাখুন।দুই দিন আগেই মসলা বেটে ফ্রিজে রেখে দিন। আগের রাতে বেরেস্তা করবেন আর পেঁয়াজ কেটে রাখবেন।  চুলা ঠিক আছে কি না, দেখে রাখুন। প্রেশার কুকার, রাইস কুকার, ছোট-বড় হাঁড়িপাতিল, মাংস নেওয়ার পাত্র, চাল, মাংস ধোয়ার ঝাঁজরি, বঁটি, বড় ছুরি, ময়লা ফেলার বড় বালতি ইত্যাদি গৃহস্থালি উপাদানগুলো ঠিক করে রাখুন। বিভিন্ন আকারের পলিব্যাগ জোগাড় করে রাখুন। আত্মীয়স্বজন, দুস্থদের মাংস দিতে এসবের প্রয়োজন হবে। পাশাপাশি প্লাস্টিকের কনটেইনার ও বাটি জোগাড় করে রাখুন।  অতিথিদের জন্য ন্যাপকিন, টিস্যু, কিছু ছোট তোয়ালে, হাত ধোয়ার সাবান ইত্যাদি কিনে রাখুন। টয়লেট, বেসিন পরিষ্কার করে ফেলুন। ঈদের দিন বেসিনের পাশে পানিতে ভিজিয়ে কিছু দোলনচাঁপা রাখতে পারেন। তাজা ফুল রাখতে পারেন ফুলদানিতে। মাংসের গন্ধ কাটিয়ে ঘর সুরভিত রাখতে এসব সাহায্য করবে। সকালের, দুপুরের ও রাতের খাবারের জন্য তৈজসপত্র ঈদের আগের দিনই ধুয়েমুছে বের করে রাখুন।এ তো গেল ঈদের আগের প্রস্তুতি। রান্না ও পুষ্টিবিদ সিদ্দিকা কবীর জানালেন, ঈদের দিনে মাংস রান্নার আগেও কিছু কাজ থাকে। তা নিয়ে বললেন তিনি। প্রথমেই কসাই ঠিক করে ফেলতে হবে এবং তাকে ভালোমতো বুঝিয়ে বলতে হবে, আপনি কী আকৃতির মাংসের টুকরা চান। মাংস কুচো না করে না কেটে একটু বড় টুকরা করলেসংরক্ষণে খুব সুবিধা হয়। পশুর পায়া, মাথা খুব ভালো করে যেন পরিষ্কার করা হয়, সেদিকে খেয়াল রাখবেন। পাশাপাশি মাংস যেন ধরন অনুযায়ী আলাদা করে রাখা হয়, সে ব্যাপারেও বলে রাখতে হবে। এতে মাংস ভাগ করা ও রান্নায় সুবিধা পাবেন। ঈদের দু-তিন দিন আগেই ফ্রিজ খালি করে পরিষ্কার করতে হবে।বাসার কাজে সাহায্যকারী কর্মীর সঙ্গে আগেই কথা বলে রাখবেন, সে ঈদে থাকছে কি না। যদি না থাকে, তাহলে আপনাকে রান্নায় সাহায্য করবে কে, তা আগেই ঠিক করে রাখুন। মাংস সংরক্ষণ করতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। ঘরে মাংস এলেই ভাগ করে ফেলতে হবে, কাকে কাকে মাংস দেবেন। ভাগের মাংস প্যাকেট করে কয়েক ঘণ্টা ফ্রিজের স্বাভাবিক তাপমাত্রায় রাখা যায়। আর নিজেদের ভাগের মাংস অবশ্যই না ধুয়ে ফ্রিজে রাখবেন। কাপড় দিয়ে মাংসে লেগে থাকা রক্ত মুছে, হালকা বাতাসে শুকিয়ে ছোট ছোট প্যাকেটে ডিপ ফ্রিজে রাখবেন। এতে মাংস অনেক দিন ভালো থাকে। মাঝেমধ্যে প্যাকেটগুলো নেড়ে দেবেন। এতে প্যাকেট ফ্রিজের গায়ে লেগে যাবে না। কোরবানির মাংস দ্রুত রান্না করাই ভালো। রান্নার মাংস আলাদা করে ফেলে তারপর ফ্রিজে বাকিটা সংরক্ষণ করবেন। রান্না করা মাংস অবশ্যই ঠান্ডা করে ফ্রিজে রাখবেন।এবার আসা যাক ঈদের রান্নায়। এ জন্য রান্নাবিদ সিতারা ফিরদৌসের পরামর্শ হলো—  মাংস আসার আগেই অতিথি চলে আসতে পারে। পরিবারেরও নাশতা করতে হয়। তাই ঈদের আগেই কিছু বিশেষ পদ তৈরি করে রাখা যায়। কাবাবের কিমা করে রাখতে পারেন; ঈদের দিন সকালে ভেজে দেবেন। একইভাবে প্রস্তুতি নিয়ে ঈদের দিন নাশতায় রাখতে পারেন সবজি, আলুর দম, কিমা ভুনা, সেমাই, জর্দা, পায়েস, লুচি, পরোটা, রুটি। ঈদের ব্যস্ততার শুরুতে একটি ভালো নাশতা সারা দিন ধরে শক্তি জোগাবে। ঈদের দুপুরে মূল আকর্ষণ কোরবানির মাংস রান্না তো থাকবেই। সঙ্গে রাখবেন কোরমা, ঝাল কালিয়া, কাটা মসলার মাংস এবং সবজির একটি পদ। পোলাও, ভুনা খিচুড়ি, নান রুটির সঙ্গে পাস্তাও রাখতে পারেন। সবজি, ফলের সালাদ তো থাকবেই। হজমে সহায়তার জন্য বোরহানি, লাবাং বা মাঠা রাখতে পারেন। রাতে অতিথি আপ্যায়নে বিরিয়ানি, শিক-কাবাব, বঁটি-কাবাব, রুটি, পরোটা, রায়তা, মাঠা, লাচ্ছি ও দইবড়ার আয়োজনে খাবার জমবে ভালোই।  যাঁদের ফ্রিজ নেই, তাঁরা মাংস বড় টুকরা করে কেটে লবণ, দই, আদা, রসুন মেখে চুলায় গরম করে রাখবেন। পরে প্রয়োজন অনুসারে রান্না করে নেবেন। এ ক্ষেত্রে মাংস প্রতিদিন দুই বেলা গরম করতে হবে।