বাঘাইছড়ি স্বাস্থ্যকেন্দ্রে ছয় বছর ধরে জরুরি প্রসূতিসেবা বন্ধ
নবজাতক ও মাতৃমৃত্যুর হার বাড়ছে
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে জরুরি প্রসূতিসেবা কার্যক্রম চালু হলেও চিকিৎসকের অভাবে অস্ত্রোপচার বন্ধ রয়েছে ছয় বছর ধরে। এতে উপজেলায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর হার বেড়েছে।
বর্তমানে এই স্বাস্থ্যকেন্দ্রে ১৬ জন চিকিৎসকের স্থলে কর্মরত আছেন মাত্র দুজন। নয়জন নার্সের মধ্যে কাজ করছেন দুজন। এ কারণে হাসপাতালে প্রসূতিসেবা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত ছয় বছরে স্বাস্থ্যকেন্দ্রে প্রসবকালীণ জটিলতার কারণে ১২ নবজাতকের মৃত্যু হয়। এ ছাড়া চিকিৎসার জন্য উপজেলার বাইরের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ছয়জন জটিল প্রসূতি রোগী মৃত সন্তান প্রসব করেন।
পাশাপাশি গত ছয় বছরে উপজেলার প্রত্যন্ত এলাকায় ২৭ নবজাতক ও তিন প্রসূতির মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে অস্ত্রোপচারসেবা না থাকায় জটিল প্রসূতি রোগীরা ৫৫ কিলোমিটার দূরে খাগড়াছড়ি, ১৪২ কিলোমিটার দূরে রাঙামাটি কিংবা ১৬৫ কিলোমিটার দূরে চট্টগ্রামে গিয়ে চিকিৎসা নেন। দীর্ঘ পাহাড়ি পথ পাড়ি দিতে গিয়ে অনেক সময় পথেই সন্তান প্রসব করছেন প্রসূতিরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতি রোগীদের অস্ত্রোপচারের সরঞ্জাম সরবরাহ করা হয়। তিন বছর বক্সবন্দী থাকার পর ২০০৬ সালের ৮ জুলাই জরুরি প্রসূতিসেবা (ইওসি) কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনের দুই বছর পর ২০০৮ সালে আবাসিক চিকিৎসক (আর এমও) অরবিন্দ চাকমা বদলি হওয়ায় বন্ধ হয়ে যায় প্রসূতি নারীদের অস্ত্রোপচার। দীর্ঘ ছয় বছর ধরে ব্যবহার না হওয়ায় অকেজো অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে অস্ত্রোপচারের যন্ত্রপাতি।
উপজেলা সদর ইউনিয়নের নবছড়া গ্রামের বিমল জ্যোতি চাকমা প্রথম আলোকে বলেন, ‘আমার ধারণা ছিল, বাঘাইছড়ি স্বাস্থ্যকেন্দ্রে সিজার অপারেশন (অস্ত্রোপচার) করা হয়। কিন্তু চিকিৎসক না থাকায় ভর্তি করানোর কিছুক্ষণ পর স্ত্রীকে নিয়ে খাগড়াছড়ি রওনা হই। হাসপাতালে পৌঁছানোর আগেই পথে স্ত্রী মৃত সন্তান প্রসব করেন। ভাগ্যক্রমে আমার স্ত্রী বেঁচে গেলেও সন্তানকে জীবিত দেখতে পাইনি।’
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘আমার ইউনিয়নে প্রতি মাসে কোনো না কোনো গ্রামের নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটছে। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে জরুরি প্রসূতিসেবা কার্যক্রম চালু থাকলে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর হার কমতো।’
বাঘাইছড়ি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সৈয়দ মো. আরিফ উদ্দিন বলেন, চিকিৎসক না থাকায় দীর্ঘদিন ধরে প্রসূতিসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। ব্যবহার না হওয়ায় অস্ত্রোপচারের যন্ত্রপাতি নষ্ট হচ্ছে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা বলেন, ‘জরুরি প্রসূতিসেবা কার্যক্রম ফের চালু করার জন্য চিকিৎসক চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চিঠি লিখব।’
রাঙামাটি জেলার সিভিল সার্জন মো. মোস্তাফিজুর রহমান বলেন, জরুরি প্রসূতিসেবা কার্যক্রম চালুর জন্য চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বাঘাইছড়ি স্বাস্থ্যকেন্দ্রের জন্য এমন একজন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি বদলি হয়ে যাওয়ার পর প্রসূতিসেবা এখন বন্ধ রয়েছে। তবে নতুন করে চিকিৎসক নিয়োগ দেওয়া যায় কি না, সেটা খতিয়ে দেখা হবে।