নবজাতক নিয়ে স্নাতক পরীক্ষা দেওয়া সেই মা পেলেন দ্বিতীয় শ্রেণি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তানকে মিষ্টিমুখ করিয়ে ভালো ফলের আনন্দ উদ্‌যাপন করেন মা ফাতেমা আক্তার
সন্তানকে মিষ্টিমুখ করিয়ে ভালো ফলের আনন্দ উদ্‌যাপন করেন মা ফাতেমা আক্তার

২০১৪ সালের ৫ মার্চ দীঘিনালা ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্রে এক দিনের নবজাতক নিয়ে স্নাতক (ডিগ্রি) পরীক্ষার হিসাববিজ্ঞান বিষয়ে অংশ নিয়েছিলেন ফাতেমা আক্তার। ওই বছরের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন ফাতেমাকে িনয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হলে পাঠকদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়াও তৈরি হয়। সাহসী এই মা তাঁর আত্মত্যাগ ও পরিশ্রমের প্রতিদানও পেয়েছেন। ১১ সেপ্টেম্বর প্রকাশিত স্নাতক পরীক্ষার ফলাফল অনুযায়ী, বাণিজ্য বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণিতে পাস করেছেন তিনি।
১১ সেপ্টেম্বর উপজেলার ৩ নম্বর কবাখালী ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামে ফাতেমা আক্তারের বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি বাড়ির সামনে বসে আড়াই বছর বয়সী সামি রহমানকে কোলে নিয়ে মিষ্টিমুখ করাচ্ছেন। ভালো ফল প্রসঙ্গে তিনি বলেন, ‘এক দিন বয়সী এই ছেলেকে রেখে কষ্ট করে পরীক্ষা দিয়েছি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছি। পরিশ্রম করেছি। অবশেষে সবকিছুর প্রতিদানও পেয়েছি।’
ভবিষ্যৎ পরিকল্পনা কী—জানতে চাইলে তিনি বলেন, ‘ইচ্ছা আছে আরও পড়াশোনা করার। সুযোগ পেলে সরকারি চাকরিও করব। কষ্ট করে যখন এতটুকু আসতে পেরেছি, বাকি পথটুকুও শেষ করতে চাই। আমার স্বামী ও শাশুড়ি শারীরের এই অবস্থা নিয়ে পরীক্ষা দিতে বারবার নিষেধ করেছিলেন। আমি কিন্তু তাঁদের নিষেধ শুনিনি। শারীরিক কষ্ট সহ্য করে ও নবজাতক রেখেই পরীক্ষা দিয়েছি। সফলও হয়েছি।’
ফাতেমার শাশুড়ি রুছিয়া বেগম বলেন, ‘বউমাকে এক দিন বয়সী শিশু রেখে পরীক্ষা দিতে নিষেধ করেছিলাম। তবে এখন পরীক্ষার ফল দেখে খুব খুশি লাগছে।’
ফাতেমার স্বামী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কবাখালী ইউনিয়ন পরিদর্শক মো. আব্দুর রহমান বলেন, ফাতেমার শারীরিক অবস্থা দেখে আমি তাকে বারবার পরীক্ষা দিতে নিষেধ করেছিলাম। আমার ধারণা ছিল পরীক্ষার ফল খারাপ হবে। কিন্তু সে দ্বিতীয় শ্রেণি পাওয়ায় আমিও আশ্চর্য হয়েছি।’
দীঘিনালা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মন্টু বিকাশ চাকমা বলেন, দীঘিনালা ডিগ্রি কলেজ থেকে ২০১৪ সালে স্নাতক চূড়ান্ত পরীক্ষায় বিএ বিভাগ থেকে ২ জন, বিএসএস থেকে ১০৪ জন ও বিবিএস থেকে ২২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাঁদের সবাই কৃতকার্য হয়েছেন।