নবজাতককে সুস্থ রাখতে
ঋতুটা বড্ড বেয়াড়া। কোনোভাবেই ছোট্টমণি যে সুস্থ থাকে না! নিজেই যেখানে টলে যান ঋতুর কাছে, সেখানে নবজাতকের তো বেহাল দশা হবেই। কী করবে নবজাতক বেচারা, কিছু বলতেও পারে না! ক্যালেন্ডারের পাতা বলে দেয়, ঋতুটা গ্রীষ্মকাল। তাই প্রচণ্ড দাবদাহ। এরই মধ্যে কখনো হয়ে যায় এক পশলা বৃষ্টি। তখনই কিছুটা ঠান্ডা হয় প্রকৃতি। প্রকৃতির এই রূপ বদলের কারণে নবজাতকের যত্নটা হবে একটু আলাদা। যেহেতু বেশির ভাগ সময় গরম, তাই শিশুর পোশাকের ব্যাপারে বাবা-মাকে বেশি মনোযোগ দিতে হবে। নবজাতক যেন পোশাকটা পরে আরাম পায় সেদিকে বেশি খেয়াল রাখতে হবে। বারডেম হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক তাহমিনা বেগম বলেন, ‘আমাদের দেশটা উষ্ণ তাপমাত্রার। তাই নবজাতকের আরামের জন্য পরাতে হবে সুতি, পাতলা খোলামেলা পোশাক। তবে যদি বৃষ্টি হওয়াতে প্রকৃতি কিছুটা ঠান্ডা হয় তখন শিশুকে সুতিকাপড় পরিয়ে একটু মোটা সুতিকাঁথা গায়ের ওপরে দিয়ে দেওয়া যেতে পারে। তবে কখনোই ভারী কিছু দিয়ে পেঁচিয়ে রাখা উচিত না। কেননা এই ঋতু বুঝে ওঠা দায়। তীব্র গরমের মধ্যে কখন যে হালকা ঠান্ডা অনুভূত হয়!’জন্মের পর থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত শিশুকে নবজাতক বলা হয়। নবজাতকের জন্মের পরই গোসল করিয়ে দিতে হবে বলে মনে করেন তাহমিনা বেগম। তিনি বলেন, অনেকেই গোসল করানোর ব্যাপারে উৎসাহ দেখায় না। কিন্তু গোসল না করালে চামড়ায় ফুসকুড়ি কিংবা ফাঙ্গাল ইনফেকশন দেখা যেতে পারে। জন্মের পর থেকে শিশুকে প্রতিদিন গোসল করাতে হবে। চাইলে শিশুদের উপযোগী কোমল সাবান কিংবা শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে।গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিশুবর্ধন ও পরিচর্যা বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান মোরশেদা বেগম বলেন, নবজাতককে পানি ফুটিয়ে ঠান্ডা করে কুসুম গরম অবস্থায় রেখে প্রতিদিন গোসল করাতে হবে। গোসলের পরে নরম পাতলা কাপড়ের নিমা আর ন্যাপি পরানোই ভালো। সবচেয়ে ভালো হয় পুরোনো পাতলা সুতিকাপড় দিয়ে তৈরি পোশাক পরালে। পোশাকটা হবে খোলামেলা; কোনো রকম বোতাম, হুক কিংবা চেইনবহুল কাপড় না পরানোই ভালো। এতে করে শিশু ঘুমাতে গেলে আরাম পাবে না। পোশাকের রং হবে হালকা যাতে করে ময়লা হলে বোঝা যায়। তাহলে পরিষ্কার করা সহজ হবে। শিশু ঘুমানোর সময় মাথার নিচে বালিশের পরিবর্তে কাপড় পেঁচিয়ে দেওয়া যেতে পারে।যেখানে মিলবেনবজাতকের পোশাক কেনা যাবে যেকোনো শিশুপণ্যের দোকানে। বনানী ১১ নম্বর রোডের চিলড্রেন আর আস দোকানে পাওয়া যাবে নবজাতকের পোশাক আর প্রসাধনসামগ্রী। পাতলা সুতিনিমা কেনা যাবে ১২০-৩০০ টাকায়। কোডমো আর জনসনের বেবিসেট কেনা যাবে ৫০০-১২০০ টাকায়। একই এলাকার মাদার কেয়ার দোকানে মিলবে নবজাতকের নানা ধরনের পোশাক। শিশুকে ধরার জন্য তোয়ালে কেনা যাবে রকমভেদে ১০০-৩৫০ টাকায়। ফ্যাশন হাউস আড়ংয়ে মিলবে হালকা রঙের নিমা, ফতুয়া, ফ্রক, ন্যাপি আর সুতি প্যান্ট। কেনা যাবে ৬৬-৪৫০ টাকায়। নিউমার্কেটের শিশুপণ্যের দোকান, এলিফ্যান্ট রোড, গুলশানে মিলবে শিশুদের পোশাক আর প্রসাধনসামগ্রী।