নবজাতকের মুখ
কত স্বপ্ন, কত অধীর অপেক্ষা। তারপর একসময় শোনা যায় কাঙ্ক্ষিত ক্রন্দনধ্বনি। পৃথিবীতে পা রেখে তারস্বরে কাঁদে সদ্যোজাত শিশু। হয়তো জীবনে প্রথম এবং শেষবারের মতো তার কান্নার শব্দ উদ্বেগ-উৎকণ্ঠা নয়, বয়ে আনে আনন্দবারতা। কবি-লেখকেরা জন্মমুহূর্তের কথা কায়দা করে লিখতে বসেন—‘ঘর আলো করে এল ফুটফুটে এক পুত্রসন্তান’। এমনই মহা আনন্দময় একটা ব্যাপার ঘটে গেছে মো. মঈনুদ্দীনের ঘরে। ভদ্রলোক পেশায় প্রকৌশলী। সোমালিয়ান জলদস্যু অপহূত বাংলাদেশি জাহাজ জাহান মনির নাবিকদের একজন তিনি। না, সদ্যোজাত সন্তানের মুখ দেখার সুখটুকু এখনো হয়নি মঈনুদ্দীনের। তাই, দাদি হোসনে আরার কোলে যখন তাঁর ‘ফুটফুটে’ ছেলেটাকে দেখি আনন্দের বদলে রাজ্যের বেদনা আমাদের গ্রাস করে। সেই বেদনা মাথায় পাকাপাকিভাবে চেপে বসে যখন আমরা জানতে পারি আরও বড়সড় দুঃসংবাদ—‘জাহান মনির খাবার, পানি ও তেল শেষ, দুর্ভোগে নাবিকেরা।’ (প্রথম আলো, ২৪ জানুুয়ারি, ২০১১)।ছবিটা দেখুন, কী নিশ্চিন্তেই না চোখ বুজে আছে এত্তটুকুন বাচ্চাটা। ও নিশ্চয়ই চুপি চুপি তার বাবার অপেক্ষায় আছে। বাবা এসে কোলে তুলে নিয়ে চুমু খাবে কপালে। সে মহা উৎসাহে ট্যাঁ ট্যাঁ করে কাঁদবে। তবেই না আনন্দ। এই ক্ষুদ্র সুখটুকু কেন সইবে না ছোট্ট মানুষটার কপালে? আমাদের বিশ্বাস করতে ভালো লাগে মঈনুদ্দীন আর অন্য নাবিকেরা একদিন নিশ্চয়ই নিরাপদে ফিরবেন ঘরে। যেমন ফিরে এসেছেন অপহূত জার্মান জাহাজ মারিডা মারগারিটার বাংলাদেশি নাবিকেরা। —ই. হো. চৌ