চট্টগ্রামের তিনটি হাসপাতালেই শুধু নবজাতকের শৈল্যচিকিৎসার (সার্জারি) সুবিধা রয়েছে। এগুলো হচ্ছে—চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এবং চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি) হাসপাতাল। এর বাইরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্যাডিয়াট্রিক সার্জারি বিভাগের মোবাইল আউটরিচ প্রোগ্রামের আওতায় বিনা মূল্যে প্রত্যন্ত অঞ্চলের শিশুদের শৈল্যচিকিৎসাসেবা দেওয়া হয়। চট্টগ্রামে শিশুদের শৈল্যচিকিৎসক রয়েছেন মাত্র ১১ জন। নবজাতকের শৈল্যচিকিৎসার কোনো পৃথক ইউনিট নেই কোথাও। ১৭ অক্টোবর সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে এসব তথ্য জানানো হয়। ‘চট্টগ্রামে নবজাতকের শৈল্যচিকিৎসা’ শীর্ষক দুদিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে হাসপাতালের প্যাডিয়াট্রিক সার্জারি বিভাগ। শিশুর মৃত্যুহার কমানো এবং এ ব্যাপারে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সুষ্ঠু দিকনির্দেশনা পেতে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পাঁচজনসহ ১০ বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।সেমিনারে জানানো হয়, বাংলাদেশে শিশুমৃত্যুর হার প্রতি হাজারে ৩৬ জন। এদের মধ্যে অনেকেই শৈল্যচিকিৎসায় নিরাময়যোগ্য বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভোগে। অথচ বেশির ভাগ লোকজনেরই নবজাতকের শৈল্যচিকিৎসা সম্পর্কে কোনো ধারণাই নেই। সেমিনারের প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক সেলিম মো. জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তব্য দেন প্যাডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক তাহমিনা বানু। বক্তব্য দেন বিশেষজ্ঞ চিকিৎসক এ কে আজাদ চৌধুরী, আবদুল আজিজ, ঝুলন দাশ শর্মা, মাসুদ আহমেদ, যুক্তরাষ্ট্রের ম্যারিলিন বাটলার, যুক্তরাজ্যের কোকিলা লাখো, অনিশ মিনোচা, জনাথন স্মিথ ও এমিলিন ডাইকস।