নবদম্পতির আনন্দ মুহূর্তে অ্যাংগ্রি বার্ডের বাগড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিয়ের প্রক্রিয়া প্রায় শেষ। এবার ছবি তোলার পালা। উপযুক্ত শান্ত-মনোরম পরিবেশ খুঁজে পেতে আধঘণ্টা গাড়ি হাঁকিয়েছেন ফিলিপ ও সারা মারিয়া দম্পতি। পেয়েও গেলেন সেই জায়গা। কপালে কপাল ঠেকিয়ে পরস্পরকে জড়িয়ে ধরলেন নবদম্পতি। আলোকচিত্রী কারেন পার যেই না ছবি তুলতে যাবেন, অমনি ঘটল বিপত্তি। এক জোড়া ম্যাগপাই পাখি তিরবেগে উড়ে এসে নবদম্পতির মাথায় ছোঁ মারল। এ যেন বাস্তবের অ্যাংগ্রি বার্ড!
জনপ্রিয় ভিডিও গেমস অ্যাংগ্রি বার্ডের বিভিন্ন পর্বে দেখা যায়, রাগী চেহারার কয়েকটা পাখি লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করছে। কখনো ভেড়া, আবার কখনো অন্য কোনো প্রাণীর আস্তানা গুঁড়িয়ে দিতে ছুটে যায় তারা। বাস্তবের ওই ম্যাগপাই পাখি জোড়াও যেন একই রকমভাবে ছুটে যায় নবদম্পতির মাথায় ছোঁ মারতে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে গত শনিবার ফিলিপ ও সারার বিয়ে হয়। বিশেষ এই সময়টাকে ছবির ফ্রেমে ধরে রাখতে আনুষ্ঠানিকতার কিছু পরই তাঁরা অন্য একটি জায়গায় গিয়েছিলেন। সঙ্গে ছিলেন আলোকচিত্রী কারেন। তিনি বলেন, ‘পাখি দুটোর কাণ্ড দেখে মনে হচ্ছিল তারা পরিকল্পনা করেই আমাদের প্রস্তুতি ভন্ডুল করে দিতে এসেছিল।’
কারেন বলেন, ‘আমার ধারণা, অন্তত ২০ বার পাখি দুটো আমাদের ওপর আক্রমণ করেছে। এর মধ্যে বার কয়েক তো সরাসরি আমার ওপরই আক্রমণ হলো। খুবই ভীতিকর পরিস্থিতি ছিল ওটা। আমরা পাখি দুটোকে গালাগাল করছিলাম।’
বর-কনের কী অবস্থা হয়েছিল তা জানাতে গিয়ে কারেন বলেন, ‘ওরা শান্তই ছিল। বেশ ভালোভাবেই পরিস্থিতি সামাল দিয়েছে। তবে কনে খুব সম্ভবত আমার চিৎকার শুনে একটু অস্বস্তিতে পড়ে গিয়েছিল।’
তবে বেরসিক অস্ট্রেলিয়ান ম্যাগপাই পাখি এই প্রথম এমন ঘটনা ঘটাল না। বছরের আগস্ট এবং সেপ্টেম্বর মাসে তারা হরহামেশাই মানুষের ওপর চড়াও হয়। এ কারণে এই সময়টাকে অস্ট্রেলিয়ার মানুষেরা নাম দিয়েছে ‘ছোঁ মারা ঋতু’। ডেইলি মেইল অস্ট্রেলিয়া জানিয়েছে, গত বছর শুধু নিউ সাউথ ওয়েলসে ৮০১টি এ ধরনের আক্রমণের ঘটনা ঘটিয়েছে ম্যাগপাইরা।