নবনির্মিত দুটি হলের উদ্বোধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত দুটি হলের উদ্বোধন হচ্ছে আজ বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিকনফারেন্সের মাধ্যমে হল দুটির উদ্বোধন ঘোষণা করবেন। জেলা প্রশাসক কার্যালয়ে সকাল ১০টায় হবে এ আনুষ্ঠানিকতা।
দুটি হলের মধ্যে ছেলেদের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ ও মেয়েদের জন্য ‘জননেত্রী শেখ হাসিনা হল’। তবে উদ্বোধন ঘোষণা হলেও এখনই হল দুটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে না। সব প্রক্রিয়া শেষ হতে আরও বেশ কিছু সময় লেগে যাবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কামরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘আমরা মাস খানেক আগে প্রধানমন্ত্রীকে হল দুটি উদ্বোধন করতে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলাম। কয়েক দিন আগে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী টেলিকনফারেন্সের মাধ্যমে বৃহস্পতিবার (আজ) হল দুটি উদ্বোধনের বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জেলা প্রশাসকসহ বিশ্ববিদ্যালয়ের সব পর্ষদের দায়িত্বরত শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত থাকবেন।’
হল দুটি শিক্ষার্থীদের জন্য কখন উন্মুক্ত করে দেওয়া হবে—এমন প্রশ্নে রেজিস্ট্রার বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা হলের কাজ প্রায় শেষ হয়েছে। আমরা ইতিমধ্যে হলের প্রাধ্যক্ষও নিয়োগ দিয়েছি। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কাজ এখনো শেষ হয়নি। ওই হলের প্রাধ্যক্ষ নিয়োগের বিষয়ে কিংবা কোন অনুষদের শিক্ষার্থীরা থাকবেন, তার সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরে আমরা ধীরে ধীরে সব প্রক্রিয়া শেষ করব।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১১ সালের ৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৪৭২তম সিন্ডিকেট সভায় হল দুটির নামকরণ অনুমোদন দেওয়া হয়। পরে একই বছরের জুলাই মাসে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ভৌত অবকাঠামোগত উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় হল দুটি নির্মাণের জন্য ২৩ কোটি ৯ লাখ ২১ হাজার টাকা অর্থ বরাদ্দ দেওয়া হয়। ২০১৩ সালের ১০ জুলাই হল দুটির আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ২৫০ জন ও জননেত্রী শেখ হাসিনা হলে ৫০০ জন শিক্ষার্থীর আবাসন–সুবিধা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে হলের সংখ্যা দাঁড়াল ১২। এর মধ্যে আটটি ছাত্র ও চারটি ছাত্রী হল। সব মিলিয়ে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী আবাসিক সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৪ হাজার।