নববর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বকোণে উঁকি দেওয়া টকটকে লাল সূর্যে
নতুন দিনের প্রতিশ্রুতি সৌরভে ভরপুর যে!
আকাশ তুমি রাম ধনুকের সাতটি রঙে রাঙলা
উত্সবে আজ মুখর হলো চিরন্তনী বাংলা।
শুরু হলো হালখাতা আর একটা নতুন পঞ্জি
জানালাতে পর্দা ধোয়া মেঝেয় শতরঞ্জি।
গানে গানে প্রাণের আবেগ ওঠে সবার ছলকে
ঘৃণার আগুন ছড়ায় যারা পাবে না আর কলকে।
মঙ্গলেরই প্রতীক হাতে মিছিল শোভাযাত্রা
বর্ষবরণ অনুষ্ঠানে যুক্ত নতুন মাত্রা।
ঘরে ঘরে পড়ে গেছে আপ্যায়নের ধুম কি?
রাজপোশাকে সাজল কে গো, মাখলে গায়ে চুমকি!
মেলায় মেলায় বাজছে বাঁশি ঢোল তবলের বাদ্য
কল্ললিত ঢল থামাবে কার আছে সেই সাধ্য?
ইচ্ছে হলে খেতে পারো ইলিশ-মরিচ পান্তা
বাংলা নববর্ষ মহান মোগলদেরই দান তা।
সর্বজনীন প্রথায়-গাথায় বুক ভরে যায় গর্বে
সবাই যেন হয় রে সুখী বৈশাখী এই পর্বে।
পথের ধারে অনাথ ছেলে ময়লা জামা অঙ্গে
নতুন দিনের আনন্দটা ভাগ করো তার সঙ্গে।