প্রাচীন আর্মেনীয়রা বসন্তের প্রথম দিন ২১ মার্চ নববর্ষ পালন করত। অষ্টাদশ শতাব্দী থেকে ১ জানুয়ারি নববর্ষ পালন চালু হয়। ১৬৯১ সালে পোপ ইনোসেন্ট (দ্বাদশ) অস্ট্রিয়ায় ১ জানুয়ারিকে নববর্ষের প্রথম দিন হিসেবে ঘোষণা করেন। দেশটিতে নববর্ষের প্রথম রাতকে বলা হয় ‘সিলভেস্টার বেন্ড’। স্প্যানিশরা ৩১ ডিসেম্বর মধ্যরাতে ১২টি আঙুর খেয়ে আর জাপানিরা ‘তোশিকোসোবা’ নুডলস খেয়ে নববর্ষ উদ্যাপন করে। এ সময় জাপানিরা মন্দিরের ঘণ্টাধ্বনি শুনে সময় কাটায়। নববর্ষের আগমুহূর্তে মন্দিরগুলোতে ১০৮ বার ঘণ্টা বাজানো হয়, যা জাপানিদের ১০৮ ধরনের পাপ কাজ থেকে দূরে থাকার কথা মনে করিয়ে দেয়। গ্রিসে বাচ্চারা নববর্ষের রাতে আগুন জ্বালিয়ে আগুনের কুণ্ডের কাছে তাদের জুতা জোড়া ফেলে আসে। তাদের বিশ্বাস, মহানুভব দেবতা বাসিল তাদের জুতাগুলো উপহারে পূর্ণ করে দেবেন। প্রাচীন রোমান ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছর শুরু হতো ১ মার্চ থেকে আর নববর্ষ উপলক্ষে ছুটির প্রথা প্রায় চার হাজার বছর আগে ব্যাবিলনে শুরু হয়। খ্রিষ্টপূর্ব ৬০০০ সালে প্রাচীন গ্রিসে নববর্ষ উদ্যাপন করা হতো একটি নবজাতক শিশু দিয়ে। নবজাতক শিশুকে নতুন বছরের প্রতীক বিবেচনা করে এ প্রথা পালিত হতো। জার্মানিতে নববর্ষের প্রথা হলো গলিত পারদ ঠান্ডা পানিতে ফেলে তা যে আকারের হবে তা দেখে অন্যের ভাগ্য বলার চেষ্টা করা। থাইল্যান্ডে নববর্ষ উদ্যাপিত হয় ১৩-১৫ এপ্রিল (গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী)। সেখানে একে অপরের গায়ে পানি ছুড়ে দিনটি পালন করার রেওয়াজ আছে। ওয়েবসাইট অবলম্বনে: সামসুল পনির