গ্রিসে বাচ্চারা নববর্ষের রাতে আগুন জ্বালিয়ে আগুনের কুণ্ডের কাছে তাদের জুতা জোড়া ফেলে আসে। তাদের বিশ্বাস, মহানুভব দেবতা বাসিল তাদের জুতাগুলো উপহারে পূর্ণ করে দেবেন। ‘নিউ ইয়ার ইভ বল’ নিচে নামিয়ে টাইম স্কয়ারে নতুন বছরকে স্বাগত জানানো হয়। এ প্রথা শুরু হয়েছে ১৯০৭ সালের ৩১ ডিসেম্বর থেকে। ৫ ফুট ব্যাসের বলটির ওজন প্রায় ৭০০ পাউন্ড। প্রাচীন রোমান ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছর শুরু হতো ১ মার্চ থেকে আর নববর্ষ উপলক্ষে ছুটির প্রথা প্রায় চার হাজার বছর আগে ব্যাবিলনে শুরু হয়। খ্রিষ্টপূর্ব ৬০০০ সালে প্রাচীন গ্রিসে নববর্ষ উদ্যাপন করা হতো একটি নবজাতক শিশুকে দিয়ে। জার্মানিতে নববর্ষের প্রথা হলো, গলিত পারদ ঠান্ডা পানিতে ফেলে তা যে আকারের হবে, সেটা দেখে অন্যের ভাগ্য বলার চেষ্টা করা। থাইল্যান্ডে নববর্ষ উদ্যাপিত হয় ১৩-১৫ এপ্রিল (গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী)। থাইরা একে অন্যের গায়ে পানি ছুড়ে দিয়ে দিনটি উদ্যাপন করে। থাইরা বিশ্বাস করে, এই আচার পালনে পরবর্তী বছরে পর্যাপ্ত বৃষ্টি হবে, যার ফলে ভালো ফসল ফলবে। স্প্যানিশরা ১২টি আঙুর আর জাপানিরা তোশিকোসোবা নুডলস খেয়ে নববর্ষ উদ্যাপন করে। ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম