নববর্ষ বরণে জাগরণের সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের বৈশাখী আয়োজনে নবজাগরণের সুর। ‘জেগে উঠি বৈশাখের নবজাগরণে’ স্লোগান নিয়ে এবার দিনব্যাপী বর্ষবরণের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নগরের চারুকলা ইনস্টিটিউটেও চলছে মঙ্গল শোভাযাত্রার নানা আয়োজন। পয়লা বৈশাখ সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে বর্ষবরণের কর্মসূচি। রেলস্টেশনসংলগ্ন গোলচত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শেষ হবে জারুলতলায়। জারুলতলায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ। চট্টগ্রাম নগরে অবস্থিত চারুকলা ইনস্টিটিউট থেকেও বের হবে একটি মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরের চট্টেশ্বরী সড়ক হয়ে জামালখান, চেরাগী পাহাড়, বৌদ্ধ মন্দির, লাভ লেইন ও কাজীর দেউড়ি হয়ে আবার ইনস্টিটিউটে এসে শেষ হবে। গত বুধবার ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, চলছে শোভাযাত্রার প্রস্তুতি। পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের সাজসজ্জা কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক প্রণব মিত্র চৌধুরীসহ কয়েকজন শিক্ষকের নেতৃত্বে চলছে মুখোশ ও অন্যান্য সরঞ্জাম তৈরির কাজ। প্রণব মিত্র চৌধুরী জানান, এবারের মূল প্রতিমূর্তি হবে প্যাঁচার। অন্ধকার ছেড়ে আলোতে আসার আহ্বান জানিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রায় আরও থাকবে বিভিন্ন রকমের মুখোশ, বাঘ, পাখি, হাতপাখা ও ছাতা।চারুকলা ইনস্টিটিউটের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী মুজিবুল হক প্রথম আলোকে বলেন, ‘আগে থেকেই প্রস্তুতি শুরু হয়েছিল। কিন্তু হরতালসহ নানা কারণে কাজ কাঙ্ক্ষিত গতিতে হয়নি। এখন শেষ মুহূর্তে একটু বেশি পরিশ্রম হচ্ছে। আশা করি, নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি শেষ হবে।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকছে পঞ্চকবির গান, বাউল, লোক ও আধুনিক গান, নৃত্য, আদিবাসী ঐতিহ্য উপস্থাপন, ফ্যাশন শো ও মূকাভিনয়। এ ছাড়া রয়েছে এনটিভির কমেডি শো ‘হাসু’র সেরা দশে থাকা কৌতুক অভিনেতা ইয়াকুব রাসেলের কৌতুক। এরই ফাঁকে ফাঁকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, বুদ্ধিজীবী চত্বর, শহীদ মিনার প্রাঙ্গণ, মুক্তমঞ্চ ও জাদুঘর চত্বরে অনুষ্ঠিত হবে বলীখেলা, লাঠি খেলা, সাপ খেলা, কাবাডি, বউছি খেলা, পুতুলনাচ ও লোকজ মেলা। সব শেষে পড়ন্ত বিকেলে মঞ্চে উঠবেন লোকসংগীতশিল্পী ফকির শাহাবউদ্দিন ও আধুনিক গানের জনপ্রিয় শিল্পী ন্যান্সি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজদৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আইনশৃঙ্খলার বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’