নববর্ষ বরণে ফেনীতে নানা আয়োজন
বাংলা নববর্ষ বরণে ফেনীতে চলছে নানা আয়োজন। জেলা প্রশাসনের উদ্যোগে সকাল আটটায় ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ থেকে বের করা হবে মঙ্গল শোভাযাত্রা। সকাল নয়টায় পিটিআই মাঠে শুরু হবে আলোচনা সভা। সভা শেষে একই মাঠে তিন দিনের বৈশাখী মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান। মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন হবে। এতে অংশ নেবে অনুরণ আবৃত্তিচর্চা কেন্দ্র, শ্রুতি আবৃতি অঙ্গন, পোয়েট সোসাইটি, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, আবৃত্তি সংসদ, লালন একাডেমি, নজরুল একাডেমি, উদয়ন সাংস্কৃতিক কেন্দ্র, পূবালী সাংস্কৃতিক কেন্দ্র, আর্য সাংস্কৃতিক কেন্দ্র, আমন্ত্রণ সাংস্কৃতিক গোষ্ঠী, ফেনী থিয়েটার, কিশোর থিয়েটার ও ফেনী নাট্যগোষ্ঠী। ১১ এপ্রিল জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম শওকত ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তাদের সমন্বয়ে পয়লা বৈশাখ উদ্যাপনে কর্মসূচি নেওয়া হয়।জেলা সদরের বাইরে পরশুরাম উপজেলা পরিষদের আয়োজনে পরশুরাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে শুরু হবে সাত দিনের বৈশাখী মেলা। এ ছাড়া সোনাগাজীতে আনন্দ শোভাযাত্রা, উপজেলা পরিষদ চত্বরে একদিনের বৈশাখী মেলা ও দাসেরহাটের চরসাহাভিখারী গ্রামে চৈত্রসংক্রান্তি উপলক্ষে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।