নববর্ষের কার্ড, পঞ্জিকা ও হালখাতা
আসছে বাংলা নতুন বছর ১৪১৭। পুরোনো দিনের দুঃখ-স্মৃতি মুছে ফেলে প্রতিটি বাঙালি যেন নতুন স্বপ্ন ও আশা নিয়ে নববর্ষের সঙ্গে যাত্রা শুরু করে। নববর্ষ এলেই তাকে স্বাগত জানাতে আমরা প্রথম দিনটিতে পান্তা-ইলিশ খাই। মেতে উঠি দেশীয় আরও নানা খাবার এবং বাদ্যবাজনায়। তেমনি প্রিয়জনকে নববর্ষের শুভেচ্ছা জানাতে দিই নানা উপহার, কার্ড।’ ব্যবসায়ীরাও তাঁদের পুরোনো হিসাব-নিকাশ বন্ধ করে আবার নতুন হিসাবের খাতা খোলেন। যাঁরা দিনের শুরুতে জানতে চান, আজ দিনটি আপনার জন্য শুভ কি না, তাঁরাও নববর্ষে কিনে নেবেন নতুন পঞ্জিকা। কার্ডবাংলা সংস্কৃতিতে নববর্ষে প্রিয়জনকে কার্ড দেওয়ার আবেদন চিরায়ত। আধুনিক প্রযুক্তি, ই-মেইল, ফেসবুক অথবা মুঠোফোনের খুদে বার্তা (এসএমএস) কিছুই যেন নববর্ষের কার্ডের আবেদন কমাতে পারেনি। বিশেষ করে তরুণ-তরুণীদের কাছে এর চাহিদা অনেক। নিউমার্কেটে কার্ড কিনতে আসা লিমা বলেন, ‘উপহার হিসেবে কার্ডের গ্রহণযোগ্যতা অনেক। আর প্রিয়জন কাছে থাকুক আর দূরে থাকুক, নতুন বছর আসার আগেই আমি আমার প্রিয়জনকে কার্ডে মনের কথা লিখে পাঠিয়ে দিই তার ঠিকানায়।’ লিমার মতো অনেক ছেলেমেয়েই নববর্ষের শুভেচ্ছা হিসেবে কার্ড পছন্দ করে। আর তাই কার্ড তৈরি ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো প্রতিবছরের মতো এবারও নানা শুভেচ্ছা বার্তাসহ নানা বৈচিত্র্যের নকশা ছবি রাঙিয়ে নিয়ে এসেছে বাহারি নববর্ষ কার্ড। কার্ডের সবচেয়ে বড় বাজার হচ্ছে বাংলা বাজার, পুরানা পল্টন। আইডিয়াল প্রোডাক্টস, আজাদ প্রোডাক্টসসহ বড় সব প্রতিষ্ঠানই তৈরি করেছে নানা রকমের কার্ড। এ ছাড়া আর্চিস, হলমার্ক, আইসকুল, প্রবর্তনাসহ নামী সব বুটিক হাউসে পাবেন সুন্দর ও ব্যতিক্রমী কার্ড। কার্ডের বৈচিত্র্য ও ধরন এবং প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ওপর নির্ভর করবে এর দাম। তবে দাম তুলনামূলকভাবে আপনার হাতের নাগালে। সর্বনিম্ন ২০ থেকে ৪০০ টাকা দামের বিশেষ কার্ড পাবেন দোকানগুলোয়। এলাকার বই, স্টেশনারি ও উপহারসামগ্রীর দোকানগুলোয় পেতে পারেন নববর্ষের কার্ড। আপনার প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে বেছে নিতে পারেন পছন্দসই কার্ড। একটি কার্ডের মূল্য যা-ই হোক না কেন, নতুন বছরে প্রিয়জনের দেওয়া কার্ড হয়ে ওঠে এক অমূল্য প্রাপ্তি। পঞ্জিকাদিনের শুরুটা করার আগে আমরা অনেকেই একবার পঞ্জিকা দেখে নিই। আজ দিনটি কি শুভ? গ্রহ-নক্ষত্রের অনেকে কতটা প্রভাব আছে? আমার জন্য দূরের যাত্রা কতটা ভালো। নতুন বছরের শুরুতে অনেকেই পঞ্জিকা সংগ্রহ করবেন। পঞ্জিকায় দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অনেক তথ্যই দেওয়া থাকে। দিনপঞ্জি, বৃষ্টি গণনা, খনার বচন, রাশিফল , চন্দ্র ও সূর্যগ্রহণ থাকে পঞ্জিকায়। ১৪১৭ সনের নতুন পঞ্জিকা বাজারে এসেছে। নিউমার্কেটের গীতাঞ্জলি বুক সেন্টারের বিক্রেতা জানান, বাজারে তিন-চার রকমের পঞ্জিকা বেশি চলে। সেগুলো হচ্ছে লোকনাথ, নবযুগ, মোহাম্মদীয়া পঞ্জিকা। পঞ্জিকাগুলো আবার ছোট্ট, মাঝারি ও বড় আকারের হতে পারে। দামও নির্ভর করে আকারের ওপর। লোকনাথ পঞ্জিকা ১২, ২০, ৪০ ও ৯০ টাকা দামের পর্যন্ত আছে। নবযুগ পঞ্জিকার দাম পড়বে ২০, ৪০ ও ৯০ টাকা। আর মোহাম্মদীয়া পাবেন ১৫ টাকায়। বাংলাদেশের প্রায় সব বইয়ের দোকানেই পঞ্জিকা পাওয়া যায়। তাই যাঁরা পঞ্জিকা কিনতে চান, আশপাশের বইয়ের দোকানে খোঁজ নিতে পারেন। হালখাতারাজধানীর পুরান ঢাকার ব্যবসায়ীরা নববর্ষের প্রথম দিনে নতুন হিসাব খাতা খোলেন। নতুন এই হিসাব খাতাই হলো হালখাতা। এতে তাঁরা গ্রাহকদের দায়-দেনার যাবতীয় তথ্য লিপিবদ্ধ করেন। পুরোনো বছরের খাতার হিসাব বন্ধ করে দেন। হালখাতা খোলার রীতি শুধু পুরান ঢাকায়ই নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলেও এর প্রচলন আছে। হালখাতা খোলার জন্য বাজারে বহু ধরনের খাতা বা টালি পাওয়া যায়। ব্যবসার ধরন, পরিধি ও গ্রাহকের ওপর নির্ভর করে তাঁরা হালখাতা কিনে থাকেন। অনেকে আবার পরিবারের নানা হিসাব-নিকাশও লিখে রাখতে ব্যক্তিগতভাবে এই খাতা সংগ্রহ করেন। ছোট, মাঝারি ও বড় আকারের এই খাতাগুলো তিন-চার রকমের হয় বলে জানান নিউমার্কেটের চলন্তিকা স্টেশনারির মালিক। এগুলো তিন থেকে পাঁচ নম্বর হালখাতা হিসেবেও পরিচিত। তবে অধিকাংশ ব্যবসায়ী লাল রঙের খাতা ব্যবহার করেন। দাম খাতার ধরন অনুযায়ী হয়ে থাকে। বাজার ঘুরে দেখা যায়, এসব খাতার দাম ন্যূনতম ১২০ থেকে ৫০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে ১৫০, ২০০ কিংবা ২৫০ টাকার মধ্যে আপনি সুন্দর হালখাতা কিনে নিতে পারেন। এসব হালখাতা আপনি পাবেন বাংলাবাজার, চকবাজার ও নিউমার্কেট এলাকার কয়েকটি দোকানে। নতুন বছর, নতুন খাতায় হিসাব শুরু করবেন অনেকেই। এ যেন আমাদের দেশীয় রীতি।