নববর্ষের রঙে রঙিন নগর
সুরের মূর্ছনার সঙ্গে ডিজে পার্টি। ছিল নানা খাবারের আয়োজন। চোখধাঁধানো আলোকসজ্জা আর অনুষ্ঠানমালায় রঙিন হয়ে ওঠে নগর। নেচে-গেয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে নগরবাসী।নগরের চার তারকা হোটেল পেনিনসুলা জমে উঠেছিল বিদেশি সংগীত ও ডিজে নাচের তালে। রাত আটটায় শুরু হওয়া এই আয়োজনের প্রথমে সংগীত পরিবেশন করেন ঢাকা থেকে আসা মেটাল গানের ব্যান্ডদল ‘সাফিড ও সউ’। ‘নোটেড’ শিরোনামের গানটি দিয়ে শুরু করেন তাঁদের পরিবেশনা। তারা গেয়ে শোনায় ১০টি গান। এরপর ডিজে জেসেনের পর্ব। ডিজে নাচের তালে মধ্যরাত পর্যন্ত মেতে থাকেন দর্শকেরা। আরেক চার তারকা হোটেল আগ্রাবাদে নববর্ষ উদ্যাপনের আয়োজন শুরু হয় সন্ধ্যা সাতটায়। কর্ণফুলী ও ইছামতী হলে একসঙ্গে শুরু হয় অনুষ্ঠান। ইছামতী হলে আগত দর্শকদের নাচের তালে মাতিয়ে রাখেন ডিজে সোহেল ও রফিক। আর কর্ণফুলী হলে তখন দর্শকদের সুরের ভেলায় চড়িয়ে নতুন দিনের স্বপ্ন দেখান তরুণ প্রজন্মের কিছু শিল্পী। হোটেল পেনিনসুলা ও হোটেল আগ্রাবাদের এই আনন্দ আয়োজন চলে রাত একটা পর্যন্ত।নগরের খুলশী এলাকার তাবা রেস্তোরাঁয় আয়োজিত নববর্ষের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে ব্যান্ডদল ‘শূন্য’। রাত নয়টায় ‘খাঁচার ভিতর অচিন পাখি’ গানটি পরিবেশনের মাধ্যমে তাঁরা শুরু করে তাদের পরিবেশনা। একে একে গেয়ে শোনান ‘গোধূলির ওপারে’, ‘আমার আমি’, ‘স্মৃতির ছেঁড়া পাতা’ ও ‘রাজ্যহীন রাজা’। এরপর চলে ডিজে পার্টি। আগ্রাবাদের সিলভার স্পুন রেস্তোরাঁ রাত সাড়ে নয়টা থেকে দুইটা পর্যন্ত মাতিয়ে রাখেন ডিজে রাজীব ও দোলা। চিটাগাং ক্লাবে ইংরেজি বর্ষবরণের আয়োজন শুরু হয় শিল্পী ফুয়াদের গান দিয়ে। ‘কে বাঁশি বাজায় রে’ গানটি দিয়ে। গেয়ে শোনান ‘বন্য’, ‘নিটোল পায়ে’, ‘ডাক দিয়েছেন’, ‘চল সবাই’, ‘গঙ্গা’ প্রভৃতি গান। ওয়েলপার্ক রেসিডেন্সে হোটেল ও রেস্তোরাঁয় সন্ধ্যা সাতটায় শুরু হয় বর্ষবরণের আয়োজন। মধ্যরাত পর্যন্ত চলা এ আয়োজনে সংগীত পরিবেশন করেন মৌসুমি, মোস্তাফিজুর রহমান ও রনি।