নবরূপে রবীন্দ্রনাথ
অমিত-লাবণ্য, চিত্রাঙ্গদা কিংবা ক্যামেলিয়া। চরিত্রগুলো চেনা। অনুপ্রেরণা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তবে তাতে যোগ হয়েছিল এ সময়ের ফ্যাশন ডিজাইনারদের কল্পনা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা আর সংগীত যেন আচ্ছন্ন করেছিল পুরো পরিবেশ। দেশের নয়জন ডিজাইনারের পোশাকে রং, নকশা ও বুননে এভাবেই নতুনভাবে তুলে ধরা হলো রবীন্দ্রনাথ ঠাকুরকে। ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ‘রিডিসকভারিং টেগোর’ বা নবরূপে রবীন্দ্রনাথ শীর্ষক এ ফ্যাশন শো ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ৩ মে অনুষ্ঠিত হয়। কবিগুরুর সার্ধশত জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এ আয়োজন করা হয়। তাঁতে বোনা রেশমি ও সুতি পোশাকে প্রাকৃতিক রঙের শোভা নিয়ে প্রথমে মঞ্চে আসে চন্দ্রশেখর সাহার নকশা করা পোশাক। ‘যুগে যুগে রবীন্দ্রনাথ’ থিমে তিনি সে সময়ের খাটো পাঞ্জাবি, ফতুয়া, ওপরে কোটি, চাদরের ফ্যাশন তুলে ধরেন।‘জীবনে ও সৃজনে নারী’ থিমে লিপি খন্দকার তাঁর পোশাকের নকশা করেন। ওভারকোট, ঘেরওয়ালা কামিজ, হাতে বটুয়া ছিল এ অংশে। এমদাদ হক বিভিন্ন ঋতুভিত্তিক পোশাক ও রংকে নতুন আঙ্গিকে সাজিয়েছেন। ‘রংরেখায় রবি’ থিমে সব্যসাচী হাজরার ডিজাইন করা পোশাকে সাদা, লাল আর কালো—এই তিনটি রঙের বিশেষত্ব চোখে পড়ে। অমিত-লাবণ্য, গোরা-সুচরিতা আর নিখিলেশ-বিমলা—এই তিন যুগলকে নিয়ে সমসাময়িক সাজ-পোশাকে মঞ্চে আনেন বিজলি হক। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের ক্যামেলিয়া কবিতার চমৎকার চিত্রায়ণ হলো। এক দিকে আভিজাত্যের পরশ, অন্য দিকে সাঁওতাল মেয়ের বুনো সৌন্দর্য। এখানকার প্রেক্ষাপটে কুহু প্লামন্দন ক্যামেলিয়ার ফ্যাশনকে তাঁর পোশাকের ক্যানভাসে তুলে এনেছেন। কবিগুরু গানের মধ্য দিয়ে সেই প্রেমের সন্ধান করতেন। শৈবাল সাহা তাঁর পোশাকে প্রেমের সেই প্রকাশকে তুলে ধরেন। চণ্ডালিকা, শ্যামা, চিত্রাঙ্গদা নৃত্যনাট্য এবং তিন গীতিনাট্য কালমৃগয়া, বাল্মিকী প্রতিভা ও মায়ার খেলার কেন্দ্রীয় চরিত্রগুলো নিয়েই পোশাক তৈরি করেন তাহসীনা শাহীন। সবশেষে মঞ্চে আসে ফারাহ আনজুম বারীর পোশাকে ‘পশ্চিমের প্রভাব’। রবীন্দ্রনাথের নিজের কিংবা ঠাকুরবাড়ির ফ্যাশনে এর প্রভাব দেখা গেছে। সে সময় যে জোব্বা পরা হতো, তা দার্জিলিংয়ের বাকু আর জাপানের কিমানোর সংমিশ্রণ। এমনকি তাঁর কাজেও পশ্চিমা বিশ্বের প্রভাব ছিল। নয় রকমের থিমের এই পোশাকের পাশাপাশি আনুষঙ্গিক জিনিস ও সাজের কথা না বললেই নয়। প্রতিটি পোশাক ও চরিত্রের সঙ্গে সাজটাও ছিল মানানসই। তার দায়িত্বে ছিলেন কানিজ আলমাস খান। পুরো অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিল গ্রামীণফোন।