রাউজান উপজেলা আওয়ামী লীগে নবাগত ব্যক্তিদের নিয়ে উৎকণ্ঠার মধ্যে আছেন দলের দায়িত্বশীল নেতারা। নবাগত ব্যক্তিদের দাপটে দলের ত্যাগী নেতা-কর্মীরা কোণঠাসা হয়ে পড়েছে। এ অবস্থায় দলের ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত অনেকে। তবে স্থানীয় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী বলেছেন, ‘কেউ কূটকৌশল করে দল ও ত্যাগী নেতাদের ক্ষতি করতে পারবে না।’ সংশ্লিষ্ট নেতাদের অভিযোগ, গত কয়েক বছরে বিরোধীদলীয় রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়া অনেক সুবিধাবাদী লোকজন রাতারাতি আওয়ামী লীগ নেতা-কর্মী সেজেছেন। তাঁরা এলাকায় প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় নেমেছেন। তাঁদের দাপটে দলের ত্যাগী ও প্রবীণ নেতা-কর্মীরা এখন কোণঠাসা। নবাগত ব্যক্তিদের ভূমিকা আগামী নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন। এ নিয়ে ক্ষোভ ও হতাশায় ভুগলেও প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চান না তাঁরা। তবে সম্প্রতি জাতীয় শোক দিবসের এক অনুষ্ঠানে সাংসদ ফজলে করিমের উপস্থিতিতে এ রকম ক্ষোভ ও হতাশার কথা প্রকাশ পায় কয়েকজন নেতা-কর্মীর মুখে। গত ২৬ আগস্ট রাউজান পাবলিক হলে ওই অনুষ্ঠানে সাংসদ প্রধান অতিথি ছিলেন। এতে স্থানীয় প্রবীণ নেতা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাউজান পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী দলে নবাগত ব্যক্তিদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি সাংসদ ফজলে করিম চৌধুরীকে ‘দলের সেনাপতি’ উল্লেখ করে বলেন, আপনার নেতৃত্বে দলের সকল পর্যায়ের নেতা-কর্মী ঐক্যবদ্ধ। আপনার অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। তবে যাঁরা দুঃসময়ে দলের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন এবং অন্য দল থেকে সুবিধা আদায়ের উদ্দেশে দলে ভিড়ে অতিমাত্রায় আওয়ামী লীগার হিসেবে নিজেদের জাহির করছেন তাঁদের ব্যাপারে সজাগ থাকা জরুরি। স্থানীয় নেতৃত্বকে পাশ কাটিয়ে আওয়ামী লীগ নেতা পরিচয়দানকারীরা দলের জন্য মঙ্গলজনক কিছু করতে পারবেন না বলে তিনি মন্তব্য করেন। শফিকুল ইসলামের এই বক্তব্য সময়োপযোগী উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন খান বলেন, কতিপয় সুবিধাবাদী ব্যক্তি দলের নীতিনির্ধারক ফজলে করিম চৌধুরীকে ঘিরে রেখে তাঁকে বিভ্রান্ত করছেন। এতে ক্ষতি হচ্ছে দলের। নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্তিপদ বৈদ্য বলেন, ১৯৯৬ সালের নির্বাচনে যাঁরা দলের মনোনীত প্রার্থীর পোস্টার খুঁজে খুঁজে ছিঁড়ে ফেলেছে, তাঁরাই আজ আওয়ামী লীগ নেতার পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। তাঁদের কারণে এখন দুঃসময়ের ত্যাগী নেতা-কর্মীরা কোণঠাসা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানান, এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়-প্রশ্রয়ে যেসব অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল, তাদের অনেকে এখন ক্ষমতাসীন দলের কর্মী পরিচয়ে ঘুরে বেড়াচ্ছে। এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ফজল হক, আজিজুল হক, হারুনসহ কিছু সন্ত্রাসী নিজেদের রাজনৈতিক অবস্থানের কারণে এলাকার বাইরে আছেন। তবে এনডিপির (ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি) ক্যাডার দুর্ধর্ষ সন্ত্রাসী ইলিয়াছদের মতো অনেকেই এখন আওয়ামী লীগ নেতার পরিচয়ে এলাকায় বিচরণ করছেন। জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী বলেন, ‘রাউজান এখন সন্ত্রাসমুক্ত আধুনিক উপজেলা। এই পরিবর্তন দেখে অনেকেই দল ও নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তবে তাঁদের অনেককেই পর্যবেক্ষণে রেখে তাঁদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। কিন্তু কেউ কূটকৌশল করে দল ও ত্যাগী নেতাদের ক্ষতি করতে পারবে না।’