আমাকে তখন নিশিতে পেয়েছে। অগ্রহায়ণের রাতটা কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। এটা ঢাকা নয়, এটা তপ্ত কোনো শহর নয়। আমি এখন উত্তরের একটা গ্রামে। হেমন্ত এখনো এখানে বাংলার সেই দিনগুলোর কথা মনে করিয়ে দেয়।
বছরের এই সময়টায় সূর্য ক্লান্ত হতে থাকে। কমতে থাকে তেজ। আর আমরা যারা নাগরিক ‘ঘানি টানি’, ইচ্ছে করে গ্রামে যেতে, শিকড়ে ফিরে যেতে, উৎসব করতে, নবান্ন উৎসব পালন করতে। বনভোজন এখনো খুব আশ্চর্যজনকভাবে আমাদের মাটির সঙ্গে মিশিয়ে দেয়।
গ্রামের বাড়িতে একটা চাপা উৎসব-উৎসবভাব জাঁকিয়ে বসেছে। মাঠে মাঠে হলুদ আগুন। কাস্তে দিয়ে ধান কাটার দিন এখন নেই। ধান মাড়ানোর পদ্ধতিও পাল্টে গেছে। ছোটবেলার সেই হেমন্তের জটলার কথা মনে পড়ে খুব। ধান মাড়ানোর জন্য লোকজন জড়ো হতো উঠানে। কাঠের একটা চেয়ারে বসে দাদু করতেন দর-কষাকষি। ‘না না, রোজে হবে না, চুক্তিতে কাজ করতে হবে মিয়া।’ তখন বুঝতাম না, ওই লোকগুলো কেন আসত। কারণ ওদের নিজেদের জমি ছিল না। তবু ওদের ঘরেও ‘নবান্ন’ আসত। এই উৎসবের অধিকার বাঙালি মাত্রের জন্মগত। আজ আবার ডিজেলে চলা মাড়াই করার যন্ত্রগুলো দেখে বুকটায় একটা যন্ত্রণা হলো।
সেই দিনগুলোতে রাতে দাদুর সঙ্গে যেতাম টংয়ে। খেতের পাশে ছিল বাঁশের খুঁটির ওপর বানানো এসব টং। সুপারি আর নারকেলের পাতা ছিঁড়ে ছিঁড়ে কামড়ে দিত হেমন্তের রাতের ঠান্ডা বাতাস। দাদু তখন হুঁকায় টান দিতেন। কাজের ছেলেটা নিয়ে আসত মুড়ি, নারকেল, খেজুরের গুড়। নবান্ন নামের উৎসবটার আগে এ রকম একটার পর একটা ‘চাঁদরাত’ নামত ছোট গ্রামটায়।
সেদ্ধ ধানের একটা গন্ধ আছে। বড় বড় মাটির পাতিল যখন মাটির উনুনে জ্বলত, নাকে ভেসে আসত স্বর্গের সুবাস। রাতগুলো তখন দিনের চেয়ে বেশি উজ্জ্বল। আমাদের ঘুম কোথায় উধাও। আকাশে তারার মিছিল, মেঘ আর কুয়াশার সঙ্গে যুদ্ধ করছে। বাতাসে সুরের মূর্ছনা। বাঁশঝাড়ে সরসর শব্দ। জঙ্গলের পোকাদের ঝিনঝিন।
আজ আবার নিশি নেমেছে গ্রামে। শহরের যান্ত্রিকতার অত্যাচারে নাক, কান, চোখে তালা লেগেছে। হেমন্তের এই রাতে ধানখেত ছুঁয়ে আসা বাতাস একটা করে তালা খুলছে। আমি মুক্ত হচ্ছি। চলে যাচ্ছি শৈশবে। চিরদিনের হেমন্তের নবান্নের আমন্ত্রণে আমি বারবার ছুটে আসি।
একসময় রাত শেষ হয়। ভোর আসে। ভোরের কাকেরা হেমন্তের কুয়াশায় অবগাহন করে। এই নবান্নের দেশে আমাদের আবার ফিরতে হয়।