বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতকে অগ্রাধিকার দেওয়া উচিত। নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সোলার প্যানেল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা থাকা উচিত। বাজেটে এ বিষয়ে সুস্পষ্ট ঘোষণা চাই। গ্রামাঞ্চলে সেচসহ কৃষিকাজে সোলার প্যানেল স্থাপনে ভর্তুকি দেওয়ার বিষয় বিবেচনা করা উচিত। তাহলে নবায়নযোগ্য জ্বালানি খাত প্রসারিত হবে। সিলিন্ডার বা সিলিন্ডারের কাঁচামাল আমদানিতেও সুযোগ-সুবিধা দেওয়া উচিত। সিলিন্ডার-ভর্তি গ্যাসের ক্ষেত্রে একই রকম ঘোষণা চাই। এসব সুযোগ-সুবিধার উদ্দেশ্য হচ্ছে—সিলিন্ডার ও সিলিন্ডার গ্যাসের দাম যাতে কমে আসে। কারণ পাইপলাইনে গ্যাস সরবরাহ অর্থনৈতিকভাবে যুক্তিযুক্ত নয়। দেখা গেছে, পাইপলাইনে গ্যাস সরবরাহের ক্ষেত্রে উচ্চবিত্ত শ্রেণীর লোকজনই সুবিধা পাচ্ছে বেশি। বিপরীতে সিলিন্ডার গ্যাস অর্থনৈতিকভাবে অনেক বেশি যুক্তিযুক্ত। শিক্ষা খাতে প্রতিবারই বরাদ্দ খুব বেশি নয়। দেখা গেছে, জিডিপির মাত্র আড়াই শতাংশ শিক্ষা খাতে ব্যয় করছি আমরা। আমি মনে করি, এই হার অন্তত ৪ শতাংশে উন্নীত করার সাহসী ভূমিকা রাখা দরকার। বাজেটে এ বিষয়ে প্রতিফলন থাকা উচিত।