>

যে উদ্যোগ বদলে দিতে পারে পৃথিবী
আজ ইমপ্যাক্ট জার্নালিজম ডে।বিশ্বের সামনের সারির ৫৫টি সংবাদপত্র একযোগে পরিবর্তনের কারিগরদের কথা বলছে এই দিনে। এবারও এই উদ্যোগের সঙ্গে আছে প্রথম আলো। পৃথিবী বদলে দিতে পারে এমন অনন্য কিছু উদ্যোগের গল্প নিয়ে আমাদের এই আয়োজন। সারা বিশ্ব থেকে বেছে নেওয়া নানামুখী উদ্যোগের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুটি উদ্যোগও। আপনি এবং বিশ্বের ১২ কোটি পাঠক একযোগে জানতে পারছেন এই সব অনন্য উদ্যোগের গল্প।
২০১৩ সালে একটা প্রাযুক্তিক ধাঁধার সমাধান যখন হুট করেই ধরা দেয় মিজানুর রহমানের মাথায়, তিনি জানতেন সেটা এক দীর্ঘ পদযাত্রার প্রথম ধাপ মাত্র। একটা প্রাযুক্তিক উদ্ভাবন সম্পন্ন করা, আর সেটা ছড়িয়ে দেওয়ার মাঝখানে যে দুস্তর পথ পাড়ির শ্রম আর অধ্যবসায় থাকে, সেটা তাঁর মতো ভালো করে কেই-বা আর জানবে! তিনি নিজে যে পেশায় একজন জনস্বাস্থ্য প্রকৌশলী।

মিজানুর রহমানের উদ্ভাবন প্রযুক্তি হিসেবে জটিল কিছু নয়, কিন্তু বাংলাদেশের জনস্বাস্থ্য আর স্যানিটেশন ব্যবস্থাপনার চিত্রটাকে অনেকখানি বদলে দেওয়ার সম্ভাবনা লুকিয়ে আছে এর মধ্যে।
কোনো আনুষ্ঠানিক নাম রাখা হয়নি বলে মিজানুর রহমান এখনো তাঁর প্রযুক্তিটিকে তাঁর কেজো নামেই ডাকছেন—দুই কূপবিশিষ্ট শৌচাগার। এটা এমন এক অভিনব কৌশল, যা শৌচাগারকে নবায়নযোগ্য করে তুলবে এবং দুই ট্যাংক বা ধারকবিশিষ্ট একটি শৌচাগারকে অনন্তকাল চালু রাখা যাবে। এটির ট্যাংক পরিষ্কারের এলাহি ঝক্কি আর পোহাতে হবে না। একটা পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা যাবে।
যে বছর এই প্রযুক্তি উদ্ভাবন করেছিলেন মিজানুর রহমান, সেই বছরই এটির একটি ডামি তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় একটি কৃষি উদ্ভাবনী মেলায় প্রদর্শন করেন। ওই উপজেলা তখন তাঁর কর্মস্থল।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্যমতে, বাংলাদেশ ৯৭ ভাগ স্যানিটেশন নিশ্চিত করেছে। এটা বিপ্লব, সন্দেহ নেই। কিন্তু মিজানুর রহমান মনে করেন, এটা একটা বিপ্লবের অর্ধেক মাত্র। একটি প্রথাগত স্বাস্থ্যসম্মত শৌচাগারের ট্যাংক কিছুদিন পর ভরে যায়। তখন সেটা পরিষ্কার করতে মল ও আবর্জনা ফেলা হয় খোলা জলাশয়, পুকুর, নালা কিংবা নদীতে। এতে পরিবেশ দূষিত হয়। তাঁর উদ্ভাবিত পদ্ধতিতে ট্যাংকে থাকা মল বাইরে না ফেলে তা ট্যাংকেই জমা হয়ে জৈব সারে রূপান্তরিত হবে।
এক ঢিলে দুই পাখি: নবায়নযোগ্য শৌচাগার ও জৈব সার।
প্রযুক্তিটি সরল। শৌচাগারের বর্জ্য বা মল নিষ্কাশনের জন্য পাঁচ বা তিন রিংবিশিষ্ট পৃথক দুটি ট্যাংক (আধার) থাকবে। দুটি ট্যাংকের মাঝখানের পাইপে একটি স্লুইস ভাল্ব ব্যবহার করা হবে। ভাল্বটি এমনভাবে আটকানো থাকবে যাতে শৌচাগারের মল শুধু একটি ট্যাংকে জমা হয়। দেড় থেকে দুই বছর পর যখন একটি ট্যাংক ভরে যাবে, তখন স্লুইস ভাল্ব প্রথম ট্যাংক বন্ধ করে দ্বিতীয় খালি ট্যাংকটি চালু করে দেবে। পরবর্তী দেড় থেকে দুই বছরে যখন দ্বিতীয় ট্যাংক পূর্ণ হবে, তত দিনে প্রথম ট্যাংকের বর্জ্য বা মল শুকিয়ে গেছে। ওতে কোনো দুর্গন্ধ নেই এবং ওই ট্যাংকের মল উৎকৃষ্ট জৈব সারে পরিণত হবে।