যাঁরা সদ্য স্নাতকোত্তর পাস করেছেন এবং যাঁদের রয়েছে গবেষণার আগ্রহ, তাঁদের জন্য সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদ প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনার জন্য আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এটি বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের একটি শাখা প্রতিষ্ঠান। স্নাতকোত্তর যেকোনো তরুণ এই প্রতিষ্ঠানে গবেষণা পরিচালনার হাতেখড়ি নিতে পারেন। এ দেশের তরুণদের সামাজিক গবেষণায় দক্ষ করে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি ‘প্রমোশনাল গবেষণা মঞ্জুরি স্কিম’ পরিচালনা করে আসছে। গবেষণাকাজে যুক্ত হওয়ার উপায়: প্রতিষ্ঠানটি প্রতিবছর বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিদ্যমান এবং সমসাময়িক সমস্যা ও সম্ভাবনার ক্ষেত্রসমূহ চিহ্নিত করে জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে অগ্রাধিকার বিষয়বস্তুর ওপর গবেষণা প্রস্তাব আহ্বান করে। যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স উত্তীর্ণ হলেই প্রমোশনাল গবেষণার জন্য প্রস্তাব উপস্থাপন করতে পারে। কলা, মানবিক, সামাজিক, বিজ্ঞান সব অনুষদের স্নাতকোত্তরাই প্রমোশনাল গবেষণা স্কিমের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য।গবেষণা প্রস্তাব উপস্থাপনের নিয়ম: সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের নিজস্ব গাইডলাইন অনুযায়ী গবেষণা প্রস্তাব উপস্থাপন করতে হয়। এ জন্য বিজ্ঞাপনে নির্দেশিত তারিখের মধ্যে আবেদন করতে হয়। দেড় মাসের সন্ধ্যাকালীন এ প্রশিক্ষণে দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শীর্ষপদস্থ সরকারি কর্মকর্তাদের অত্যাধুনিক শিখন পদ্ধতি অংশগ্রহণকারীকে সামাজিক গবেষণার খুঁটিনাটি সম্পর্কে দক্ষ করে তোলে। কাজেই কলা, মানবিক বা বিজ্ঞান—যেকোনো অনুষদের শিক্ষার্থীর প্রমোশনাল গবেষণা মঞ্জুরি লাভ করে দক্ষ গবেষক হয়ে ওঠার পথে কোনো বাধা থাকে না।মঞ্জুরির পরিমাণ ও গবেষণার সময়সীমা: বিষয়বস্তুর গুরুত্ব অনুযায়ী নবীন গবেষকদের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক মঞ্জুরি প্রদান করা হয়। এ ছাড়া তথ্য সংগ্রহ কাজে সুবিধার্থে সরকারি সহযোগিতা নিশ্চিত করা হয়। প্রমোশনাল গবেষণা সমাপ্তির সর্বোচ্চ সময়সীমা ছয় মাস। একজন গবেষক দুবার পর্যন্ত প্রমোশনাল গবেষণা মঞ্জুরি পেতে পারেন।নবীন গবেষকদের জন্য উদ্যোগ: দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণারত পিএইচডি ও এমফিল শিক্ষার্থীদের আর্থিক অনুদানসহ নানা ধরনের প্রণোদনা প্রদান করে সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদ। যার মধ্যে উল্লেখযোগ্য হলো জাতীয় পর্যায়ে সেমিনার আয়োজনে সহযোগিতা। প্রতিবছর অনুষ্ঠেয় এ সেমিনারে জাতীয় নীতিনির্ধারণী মহল, স্বনামধন্য গবেষক, সর্বজন শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী, বিশেষজ্ঞ ও বিদগ্ধজনের সামনে নবীন গবেষকদের গবেষণা ফলাফল উপস্থাপন করা হয়, যা একদিকে গবেষক পরিমণ্ডলে নবীনদের অভিষেক ঘটিয়ে গবেষণাকর্মে নবীনদের উৎসাহ সৃষ্টি এবং গবেষণাভিত্তিক পেশা সৃষ্টির ক্ষেত্র তৈরি করে। অন্যদিকে দেশের আর্থসামাজিক উন্নয়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনার ক্ষেত্রসংশ্লিষ্ট জাতীয় নীতিমালা প্রণয়ন বা স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নবীনদের প্রগতিশীল চিন্তার সন্নিবেশ ঘটায়।