নবীন ডিজাইনারদের আয়োজন
৪ আগস্ট ঢাকার জাতীয় সংসদ সদস্য ক্লাবে অনুষ্ঠিত হলো রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের সমাবর্তন এবং এখানকার শিক্ষার্থীদের তৈরি পোশাক নিয়ে ঈদ ফ্যাশন শো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে পোশাকশিল্প খাতকে আরও উন্নত হতে হবে। এটি সম্ভব এই তরুণদের প্রতিভা বিকাশের মাধ্যমে।সমাবর্তন অনুষ্ঠানে একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম উপস্থিত ছিলেন।রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের চেয়ারপারসন গুলশান নাসরিন চৌধুরী অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন। এরপর সমাবর্তনে আসা শিক্ষার্থীদের মধ্যে সনদ ও উত্তরীয় দেওয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ২১টি ব্যাচের ৫০ জন শিক্ষার্থীর নকশা করা পোশাক নিয়ে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এখানে দেখানো শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ ও ফতুয়া কিনতে পাওয়া যাবে আট থেকে ১০ আগস্ট পর্যন্ত ধানমন্ডির দৃক গ্যালারিতে।